বিচারপতিদের সম্পদের হিসাব দেওয়ার অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের বিচারপতিদের সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। গতকাল সোমবার বিকেলে সুপ্রিম কোর্টের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ফুল কোর্ট সভায় প্রধান বিচারপতি এই অনুরোধ জানান।এর আগে গত ৩০ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে নিজের সম্পদের হিসাব জমা দেন প্রধান বিচারপতি। সভার সূত্র জানায়, প্রধান বিচারপতি স্বচ্ছতার স্বার্থে সম্পদের হিসাব দেওয়ার জন্য সভায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের অনুরোধ জানিয়েছেন।সূত্র জানায়, চট্টগ্রামে সার্কিট বেঞ্চ গঠনে সরকারের প্রস্তাব নিয়ে ফুল কোর্ট সভায় আলোচনা হলেও এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত হয়নি। তবে সুপ্রিম কোর্ট চাইলে সার্কিট বেঞ্চ গঠনের সিদ্ধান্ত নিতে পারেন। আইন মন্ত্রণালয় থেকে সার্কিট বেঞ্চ গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বরাবর চিঠি পাঠানো হয়। চিঠিতে চট্টগ্রামে সার্কিট সেশন বেঞ্চ স্থাপনে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সংবিধানের ১০০ অনুচ্ছেদের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।সূত্র জানায়, ফুল কোর্ট সভায় তিনটি আলোচ্য বিষয় ছিল। এক, চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের প্রস্তাব। দুই, সাম্প্রতিক বিষয় পর্যালোচনা ও বিবিধ।সভার সূত্র জানায়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠকে সুপ্রিম কোর্টের প্রতিনিধিকে ডেকে পাঠানোর বিষয়টিও আলোচনায় আসে। গত ২০ ডিসেম্বর সুপ্রিম কোর্টের প্রতিনিধি হিসেবে রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম সংসদীয় কমিটিতে যান। বিচারপতিরা অভিমত দেন যে সংসদের কাছে বিচার বিভাগের জবাবদিহির সুযোগ নেই। কারণ বাংলাদেশের সংসদ সার্বভৌম নয়। এ ছাড়া টিআইবির জরিপ প্রতিবেদন নিয়েও আলোচনা হয় এবং এ নিয়ে উষ্মা প্রকাশ করা হয়।বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত সভা চলে। এতে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেন।সম্পদের হিসাব: সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধান বিচারপতির কাছে সম্পদের বিবরণী জমা দিতে অনুরোধ করা হয়েছে। এর আগে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের ২১তম বার্ষিক সাধারণ সম্মেলনে আপিল বিভাগের বিচারপতি এস কে সিনহা প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের বিচারপতিদের সম্পদের হিসাব দেওয়ার আহ্বান জানান। শপথ গ্রহণের পরপরই গত বছরের ৭ ফেব্রুয়ারি তৎকালীন প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম বলেছিলেন, বিচারপতিদের সম্পদের হিসাব দেওয়া উচিত।