বিচারপতির গাড়ি আটক করায় এক টোলকর্মী গ্রেপ্তার
বঙ্গবন্ধু সেতু পার হওয়ার সময় হাইকোর্টের বিচারপতির গাড়ি আটক করায় আসাদুজ্জামান নামের সেতুর টোল প্লাজার এক সুপারভাইজারকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।জানতে চাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব টোল প্লাজার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (শিফট ইনচার্জ) ইলিয়াস আকন্দ প্রথম আলোকে বলেন, গতকাল বিচারপতি রেজাউল হাসান ও তাঁর সফরসঙ্গীরা ঢাকা থেকে দুটি গাড়িযোগে পাবনায় যাচ্ছিলেন। বেলা ১১টা ৫৫ মিনিটে দুটি গাড়ি বঙ্গবন্ধু সেতুর পূর্ব টোল প্লাজায় পৌঁছায়। গাড়ি দুটির মধ্যে বিচারপতিকে বহনকারী গাড়িটি ছিল পেছনে। টোল প্লাজায় আসার পর সামনে থাকা গাড়িটির কাছে টোল চাইলে বলা হয়, পেছনের গাড়ি থেকে টোল পরিশোধ করা হবে। এ সময় টোল প্লাজার কর্মকর্তারা প্রতিরোধক তুলে দেন। এরপর সামনের গাড়িটির সঙ্গে সঙ্গে পেছনের গাড়িও অগ্রসর হয়। বেতারযোগে খবর পেয়ে পশ্চিম টোল প্লাজার সুপারভাইজার আসাদুজ্জামান গাড়ি দুটি থামিয়ে টোলের টাকা দাবি করেন। তখন গাড়ি দুটির নির্ধারিত টোল পরিশোধ করা হয়।এ ঘটনায় আদালত অবমাননার অভিযোগে বিচারপতির নির্দেশে ওই সুপারভাইজারকে গ্রেপ্তার করে পুলিশ। এ ব্যাপারে বঙ্গবন্ধু পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশ। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুল হালিম বলেন, বিচারপতির নির্দেশক্রমে জিডি করার পর ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আসাদুজ্জামানকে গ্রেপ্তার করে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। ওসি বলেন, জিডিতে বলা হয়, বিচারপতির গাড়ি টোল প্লাজার প্রতিরোধক পার হয়ে সেতুর ওপর থামে এবং কিছুক্ষণ তাঁরা সেতু দেখেন। এ সময় বিচারপতির কাছে কেউ টোল বা টাকা চাননি। তাই তিনি ভেবেছিলেন, হয়তো বিচারপতিদের টোল দিতে হয় না। এরপর গাড়ি নিয়ে অগ্রসর হয়ে পশ্চিম টোল প্লাজার কাছে এলে ওই সুপারভাইজার বিচারপতির পতাকাযুক্ত গাড়ি আটক করেন। এভাবে গাড়ি আটক করায় বিচারপতি ক্ষুব্ধ হন এবং আদালত অবমাননার অভিযোগে আসাদুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন। সন্ধ্যায় যোগাযোগ করা হলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বঙ্গবন্ধু সেতু দিয়ে বিচারপতির দুটি গাড়ি প্রবেশের সময় টোল চাওয়া হয়নি। পরে পতাকা থাকা সত্ত্বেও পশ্চিম পাশে গাড়ি আটকে দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ একটি জিডি ও একজনকে আটক করেছে বলে শুনেছি।’বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মো. খায়রুজ্জামান বলেন, ‘সকল ভিআইপির টোল দিয়ে সেতু পার হওয়ার নিয়ম রয়েছে। কেবল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, এসএসএফ এবং সেনাবাহিনীর যানবাহন সেতু পারাপারের সময় ক্রেডিট বইতে নাম এন্ট্রি করে নগদ টোল না দিয়েও সেতু পার হতে পারেন। সে ক্ষেত্রে টোল প্লাজায় রক্ষিত ফরম পূরণ করে যেতে হয়। পরবর্তীকালে সংশ্লিষ্ট দপ্তর টোল পরিশোধ করে থাকে।’ তিনি বলেন, অনেক সময় ভিআইপিরা এলে আগে থেকে সেতু কর্তৃপক্ষকে অবগত করা হয়। গতকাল তাঁদের সেভাবে অবগত করা হয়নি।