বিচারপতির বিরুদ্ধে মাহমুদুর রহমানের অভিযোগ
বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ২৯টি অভিযোগ এনেছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত চেয়ে গতকাল মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে অভিযোগ জমা দেন তিনি।অভিযোগ জমা দেওয়ার পর সংবাদকর্মীদের কাছে তাঁর অনুলিপি সরবরাহ করা হয়। পরে রাষ্ট্রপতি বরাবরও একটি আবেদন পাঠানো হয় বলে জানা গেছে। তবে আইনমন্ত্রী শফিক আহমেদ বিচারপতির বিরুদ্ধে এ ধরনের অভিযোগের ভিত্তিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিষয়টি নাকচ করে দিয়েছেন।সুপ্রিম কোর্টে আবেদন জমা দেওয়ার পর মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্টের বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে কাউন্সিল গঠনের জন্য ২৯ দফা অভিযোগ দিয়ে এলাম। সেখানে তাঁর বিরুদ্ধে যে অভিযোগগুলো দিয়ে এসেছি, সেগুলোর মধ্যে মানি লন্ডারিং, সম্পদের তথ্য গোপন, কর ফাঁকি, জালিয়াতি ও কোড অব কনডাক্ট (আচরণবিধি) ভঙ্গ। আমার দেশ পত্রিকার পক্ষ থেকে যে তথ্য-প্রমাণ আমরা পেয়েছি, সেই তথ্য-প্রমাণের ভিত্তিতে সচেতন নাগরিক হিসেবে আমি এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ গঠনের অনুরোধ করে প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়ে এলাম। বিচার বিভাগের স্বার্থেই এসব অভিযোগের তদন্ত হওয়া প্রয়োজন।’ পরে আইনমন্ত্রী সচিবালয়ের দপ্তরে সাংবাদিকদের বলেন, ব্যক্তিবিশেষের সুবিধামতো, খুশিমতো একজন বিচারপতির বিরুদ্ধে অভিযোগ করলেই জুডিশিয়াল কাউন্সিল করা যায় না। তা হলে বিচারপতিরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন না। যিনি অভিযোগ উত্থাপন করেছেন, সুপ্রিম কোর্টের রায়ে তাঁর সাজা হয়েছে। তিনি দুরভিসন্ধিমূলক অভিযোগ উত্থাপন করেছেন, এটা কাম্য নয়।যোগাযোগ করা হলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম বলেন, ‘আমি আমার দেশ পত্রিকার একটি খামে সিলগালা অবস্থায় একটি প্যাকেট পেয়েছি। তবে এর বিষয়বস্তু কী, তা জানি না।’অভিযোগে বলা হয়, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী ২০১০-১১ সালের আয়কর হিসাবে দেখিয়েছেন, লন্ডনে তাঁর তিনটি বাড়ি রয়েছে। এই বাড়িগুলো কিনেছেন ৪০ লাখ টাকার বিনিময়ে। বাংলাদেশ থেকে এই টাকা পরিশোধের আগে তিনি বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেননি, যা ফরেন অ্যাক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৭-এর লঙ্ঘন।অভিযোগে বলা হয়, এ ধরনের অর্থ পরিশোধের মাধ্যমে তিনি মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০০৯ অনুসারেও অপরাধ করেছেন। এ ছাড়া ২০১০-১১ অর্থবছরের আয়কর রিটার্নে ভুল তথ্য দিয়ে তিনি ইনকাম ট্যাক্স অর্ডিনেন্স, ১৯৮৪-এর ১৬৫ ধারা লঙ্ঘন করেছেন। আয়কর বিবরণীতে লন্ডনে একটি বাড়ির ঠিকানা ভুল দেওয়ার অভিযোগও করা হয়।অভিযোগে আরও বলা হয়, বাড়ির নামে চাওয়া ঋণে নিজেকে অন্য পেশার লোক হিসেবে উল্লেখ করা হয়েছে দাবি করে অভিযোগে বলা হয়, এর মাধ্যমে তিনি কোড অব কন্ডাক্ট লঙ্ঘন করেছেন। ২০১০ সালে বঙ্গবন্ধু হত্যা মামলা নিয়ে একটি ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি বাকশালের প্রশংসা করেছেন উল্লেখ করে বলা হয়, এটা আচরণবিধির পরিপন্থি।এদিকে বিচারপতির ঘনিষ্ঠ সূত্র জানায়, তাঁর পক্ষে একটি আইনজীবী প্রতিষ্ঠান লন্ডন থেকে গত ২৩ আগস্ট আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক বরাবর আইনি নোটিশ পাঠায়। সূত্রমতে, নোটিশে বলা হয়, পত্রিকার ১৭ জুন ২০১২ সংখ্যায় প্রকাশিত একটি সংবাদ-প্রবন্ধ মানহানিকর উক্তিতে পরিপূর্ণ। সংবাদ-প্রবন্ধে বলা হয়েছে, মক্কেলের লন্ডনে চারটি বাড়ি রয়েছে, তার মধ্যে তিনি তিনটি কিনেছেন বাংলাদেশ হাইকোর্টে বিচারপতি থাকার সময়। মানহানিকর এই বক্তব্যের পেছনে সত্যের লেশমাত্র নেই। আইনি নোটিশে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি করা হয়।