বিচারপতিরাও জনগণের মনোনীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেছেন, রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে বিচারপতি নিয়োগ দেন। তিনি সংসদ থেকে নির্বাচিত। মানে জনগণ দ্বারা নির্বাচিত। এ জন্য বিচারপতিদের মনে করতে হবে তাঁরাও জনগণ দ্বারা মনোনীত। আজ শনিবার সন্ধ্যায় সংসদ ভবনের এলডি হলে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, ঢাকা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।আবদুল হামিদ বলেন, ‘আমি বলেছিলাম স্পিকার যদি সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে জনস্বার্থের পরিপন্থী আইন করে, তবে জনগণ সংসদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। একইভাবে বলেছিলাম, বিচার বিভাগ যদি বিচারের নামে অবিচার করে, তবে জনগণ বিচার বিভাগের বিরুদ্ধেও রুখে দাঁড়াবে। সরকার নিয়েও একই কথা বলেছিলাম। ক্ষমতা পেয়ে গেলাম, আর ভাবলাম হাম কি হনুরে, এটা ভাবলে সমস্যা।’স্পিকার বলেন, ‘আমি কারও নাম উল্লেখ করে কিছু বলিনি। ব্যক্তিগতভাবেও কাউকে কিছু বলিনি। অথচ আমাকে রাষ্ট্রদ্রোহী বলেছে। কিন্তু কিছু করার নেই। আমি বহুবার জেলে গেছি। আই টেক ইট ইজি। প্রধান বিচারপতি আমার বন্ধু। তাঁকেও মানুষের কথা ভেবে বিচার করতে হবে। এটা ম্যান্ডেটরি। রাষ্ট্রের প্রধান তিনটি স্তম্ভ একে অপরের শত্রু না। বিচারক যখন ওয়ারেন্ট দেন, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশের সহায়তা লাগে। তিন বিভাগের মধ্যে ধাক্কাধাক্কি লেগে গেলে সমস্যা।’স্পিকার আরও বলেন, ‘আমি ন্যায্য কথা বলতে পিছ-পা হই না। তেল দিয়ে রাজনীতি করি না। আজ এ দলে তো কাল আরেক দলে, এটা আমার নীতি না। যা ভালো মনে করি তাই বলি। দলের সঙ্গে সুবিধা না হলে অবসর নেব।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক চুন্নু, আওয়ামী লীগের আফজাল হোসেন, বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।