বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা দূর করতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা দূর করতে উদ্যোগ নেওয়ার জন্য প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। একই সঙ্গে মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত আসামিদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। প্রধান বিচারপতি তাঁকে বলেছেন, ইতিমধ্যেই এসব বিষয়ে তিনি উদ্যোগ নিয়েছেন এবং এ-প্রক্রিয়া অব্যাহত থাকবে। আজ রোববার দুপুরে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাত্ করতে তাঁর কার্যালয়ে যান। সেখানে দুজন বেশ কিছু সময় কথা বলেন। বৈঠক শেষে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সাংবাদিকদের উপরিউক্ত কথাগুলো জানান।প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার বিষয় উল্লেখ করে মিজানুর রহমান বলেন, দ্রুত বিচার পাওয়ার অধিকার মানবাধিকারের অংশ। অনেক সময় ছোটখাটো অপরাধে আটক ব্যক্তিদের বিচার শুরু করতেই ছয় মাস থেকে এক বছর লেগে যায়। এটা মানবাধিকারের লঙ্ঘন। এ ক্ষেত্রে বিচারক ও বিচার প্রশাসনকে এগিয়ে আসতে হবে। এ বিষয়ে তিনি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন।মিজানুর রহমান জানান, মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত অনেক আসামি রায় নিষ্পত্তির জন্য দীর্ঘদিন অপেক্ষা করে আছেন। কীভাবে এই প্রক্রিয়া তরান্বিত করা যায়, সে বিষয়েও তিনি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রধান বিচারপতি কী বলেছেন? জানতে চাইলে মিজানুর রহমান বলেন, পেপারবুক তৈরি হতে বিলম্ব হওয়ায় মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্তদের বিচার দ্রুত নিষ্পত্তিতে সমস্যা হয়। এই পেপার বুক তৈরি করে বিজি প্রেস। বিজি প্রেসের একটি বিশেষ শাখাকে যেন এই দায়িত্ব দেওয়া হয়, এ বিষয়ে তিনি সরকারের সঙ্গে কথা বলবেন।এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবে বিপিকেএস আয়োজিত প্রতিবন্ধী নারীদের অধিকার শীর্ষক জাতীয় সংলাপে মিজানুর রহমান বলেন, ‘আমরা এমন দেশে বাস করি, যেখানে সুবিধাবঞ্চিত ও দরিদ্র ব্যক্তিদের রাষ্ট্র চোখে দেখে না। নীতি নির্ধারণের সময় দরিদ্র মানুষ চোখে পড়ে না।’ মিজানুর রহমান আরও বলেন, ‘মানুষ হিসেবে আমাদের মানুষের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি হয়নি। প্রতিবন্ধীদের প্রতি শ্রদ্ধাবোধ তো সুদূর পরাহত। যেখানে পশুকে আঘাত করা যায় না, সেখানে প্রকাশ্যে লাঠিপেটা করে মানুষ হত্যা করে উল্লাস প্রকাশ করা হয়। আমাদের শিক্ষা ও মানবিক মূল্যবোধ তৈরির ক্ষেত্রে ঘাটতি রয়ে গেছে। মানুষের মর্যাদার প্রতি এতটুকুও শ্রদ্ধা দেখাই না, যদি তিনি আমার ধর্ম ও মত থেকে আলাদা হন।’