আমাদের দেশে মামলা দায়ের, বিচার ও নিষ্পত্তিতে নিয়োজিত আইনজীবী বা কৌঁসুলির ফি নির্ধারণ করাবিষয়ক কোনো বিধিবদ্ধ বিধান নেই
বিচারপ্রার্থীদের কান্না
গৃহবধূ রাবেয়া বেগম (ছদ্মনাম) দুই সন্তানের জননী। রাবেয়ার স্বামী দবির উদ্দিন একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ছোট পরিবারের সংসারটি ছিল সুখ-শান্তিতে ভরপুর। গত বছর বৈশাখ মাসের শেষ দিকে রাবেয়ার সুখের সংসারে হঠাৎ করেই অমাবশ্যার অন্ধকার নেমে আসে। জনৈক প্রতিবেশী রাবেয়ার বসতবাড়ির ৪৪ শতক সম্পত্তির মালিকানা দাবি করে বসে। এরপর আসে কোর্টের নোটিশ। ইতিমধ্যে ওই মামলায় রাবেয়া হারান তাঁর বসতবাড়ি। ঠাঁই হয় ফুটপাতে। সেখানে একটি ছাপরা ঘর তুলে দুই সন্তান ও সামান্য বেতনভোগী স্বামীকে নিয়ে দুশ্চিন্তার অতল তলে তলিয়ে যেতে থাকেন রাবেয়া।এমনিভাবে কৃষিপ্রধান বাংলাদেশের অধিকাংশ সরল মানুষ, যারা জমিজমা-সংক্রান্ত আইনি জটিলতা, ভূমিদস্যুদের নখর থাবা এবং ফৌজদারিবিষয়ক মামলা-মোকদ্দমার গোলক ধাঁধায় পথ হারিয়ে ফেলেন। মামলার বোঝা টানতে গিয়ে জটিল পথ পেরুতে নানা ভোগান্তির শিকার হন অনেক শিক্ষিত, অর্ধশিক্ষিত মানুষ।একটি ‘কল্যাণকর রাষ্ট্রের’ জনগণের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। জনসাধারণের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন তথা মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে সবচেয়ে ক্ষমতাসম্পন্ন অঙ্গ হলো সংসদ বা আইনসভা। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সংসদ বা আইনসভা জনসাধারণের আশা-আকাঙ্খা পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সমর্থ হয়নি। শত বছরের পুরোনো ব্রিটিশ প্রণিত অধিকাংশ আইন ও বিধি-বিধানের ওপরই আমাদের বিচারব্যবস্থা দণ্ডায়মান। অত্যন্ত জটিল, সময়সাধ্য ও ব্যয়বহুল বিচারব্যবস্থার কারণে অধিকাংশ বিচারপ্রার্থী প্রতিকারের পরিবর্তে প্রতিনিয়ত অবিচার আর হয়রানির শিকার হয়ে থাকেন।একটি মামলায় বাদী বা বিবাদীপক্ষের করণীয়, পালনীয়, বাধ্যবাধকতা, মামলার খরচ তথা কোর্ট ফি, উকিলের ফি, মামলা নিষ্পত্তির সময়সীমা ইত্যাদি বিষয়ে সুনির্দিষ্ট, সহজলভ্য ও সহজবোধ্য কোনো বিধি-বিধান নেই। এই বিষয়গুলো প্রকৃতপক্ষে জটিল এবং অস্পষ্ট-অস্বচ্ছও বটে। এ কারণে অনেক ক্ষেত্রেই আইন-আদালত থেকে বিচারপ্রার্থী যে প্রতিকার প্রাপ্ত হন, তা প্রার্থিত প্রতিকারের চেয়ে তাঁর প্রাপ্তির ক্ষেত্রে যে শ্রম, সময় আর অর্থ ব্যয় হয়, তার পরিমাণ অনেক গুণ বেশি।একজন বিচারপ্রার্থী জানেন না, তাঁর দেওয়ানি অথবা ফৌজদারি মামলায় প্রার্থিত প্রতিকার পাওয়ার ক্ষেত্রে কী কী করণীয় এবং এ ক্ষেত্রে সরকারকে প্রদেয় কোর্ট ফি বা আদালতের খরচের পরিমাণ কী। মামলা দায়েরের ক্ষেত্রে একটি আরজি কিংবা এজাহার বা দরখাস্ত লেখা, অভিযোগ বা মামলা দায়ের করার প্রয়োজনীয় পদ্ধতি-ই বা কী। তিনি আরও জানেন না, তাঁর মামলা নিষ্পত্তি হতে কত সময় লাগবে। আমাদের দেশে মামলা দায়ের, বিচার ও নিষ্পত্তিতে নিয়োজিত আইনজীবী বা কৌঁসুলির ফি নির্ধারণ করাবিষয়ক কোনো বিধিবদ্ধ বিধান নেই। অথচ উন্নত বিশ্বে এরকম লাগামহীন শূন্যতা বিদ্যমান নেই। অনেক ক্ষেত্রে আইনজীবী বিচারপ্রার্থীর আর্থিক সঙ্গতি বা অবস্থা মানবিকভাবে বিবেচনা করে নিজেদের ফি গ্রহণ করে থাকেন। তবে এও সত্য যে, আইনজীবীর সুখ্যাতি ও দক্ষতার কারণে এই ফির পরিমাণ নির্ধারণে বিশাল তারতম্য হয়। রাষ্ট্র কর্তৃক আইনজীবীদের সর্বনিম্ন বা সর্বোচ্চ ফি নির্ধারণ না করায় একজন বিচারপ্রার্থী মামলার কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার আগেই মানসিক ও আর্থিক যন্ত্রণার দুঃসহ বেড়াজালে আবদ্ধ হয়ে পড়েন।আমাদের বিচারব্যবস্থায় মামলা নিষ্পত্তির কোনো সময়সীমা না থাকায় বছরের পর বছর মামলা ঝুলে থাকে। পুরুষানুক্রমে যুগ যুগ ধরে চলমান মামলার সংখ্যাও সীমাহীন। বিচারকের স্বল্পতা, মামলা নিষ্পত্তির ক্ষেত্রে মামলার বয়স ও গুণাগুণ বিবেচনার বাধ্যতামূলক কোনো বিধান না থাকায় প্রচলিত বিচারব্যবস্থায় বিচারপ্রার্থী হয়রানির শিকার হন।আধুনিক বিশ্বে জীবনযাত্রার সব ক্ষেত্রেই মানোন্নয়নে নানা পদ্ধতি ও বিধি-বিধান প্রবর্তন করা হয়েছে। ফলে সমাজ জীবনের সব ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ও উন্নয়ন পরিলক্ষিত হলেও আমাদের বিচারাঙ্গন এই সুফলের তথা পরিবর্তনের বাইরেই অবস্থান করছে। বাংলাদেশের সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুযায়ী দেশের সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয়লাভের অধিকারী হওয়ায় তাঁদের জীবন ও সম্পত্তির অধিকার তথা মৌলিক অধিকার সংরক্ষণের স্বার্থে স্বল্প খরচে স্বল্পতম সময়ে ও সহজলভ্য উপায়ে বিচার প্রদানের জন্য রাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে। জরুরিভিত্তিতে প্রয়োজনীয় আইন-কানুন ও বিধি-বিধান যুগোপযোগী করে বিচারপ্রার্থীদের প্রার্থিত সেবা প্রদান করতে হবে। অন্যথায় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। সামাজিক শান্তি বিঘ্নিত হবে এবং গণতান্ত্রিক ধারা তথা জনসাধারণের মৌলিক অধিকার অনিশ্চিত হয়ে পড়বে, যা আমাদের কারোরই কাম্য নয়।লেখক: আইনের শিক্ষার্থী