নওগাঁয় গৃহবধূকে দোররা
বিচারবহির্ভূত শাস্তির বিরুদ্ধে পদক্ষেপ নিতে পরিপত্র জারির নির্দেশ
সালিস ও ফতোয়ার নামে বিচারবহির্ভূত শাস্তি প্রদানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সব ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় পরিপত্র (বিজ্ঞপ্তি) জারি করতে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।আজ রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।সালিস ও ফতোয়ার নামে বিচারবহির্ভূত শাস্তি প্রদানের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ এবং এ ধরনের ঘটনায় কোনো ইউনিয়ন পরিষদের প্রতিনিধি (চেয়ারম্যান, কাউন্সিলর) সম্পৃক্ততা পাওয়া গেলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর অধীনে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে ওই পরিপত্র জারি করতে বলা হয়েছে।একই সঙ্গে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে লিখিত আবেদনের জন্য অপেক্ষা না করে অবহিত হওয়ামাত্র মামলা রুজু করা এবং সালিসের নামে বিচারবহির্ভূত শাস্তির ঘটনায় প্রতিটি থানাকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে পুলিশের মহাপরিদর্শককে পরিপত্র জারি করতে বলা হয়েছে।গত ২২ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘গৃহবধূ ও তাঁর স্বামীর বন্ধুকে ১০১ দোররা’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ও আইন ও সালিস কেন্দ্র (আসক)। প্রাথমিক শুনানির পর আদালত ওইদিন স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। এতে ব্যাখ্যাদানকারী হিসেবে আসক পক্ষভুক্ত হয়। রুল জারির পাশাপাশি আদালত ওই ঘটনার ব্যাখ্যা জানাতে নওগাঁর ওসিসহ সালিসে সংশ্লিষ্টদের ১ মার্চ আদালতে হাজির হতে নির্দেশ দেন। নির্ধারিত তারিখে আদালত আসামিদের জামিন বাতিলের জন্য আবেদন করতে ওসিকে নির্দেশ দেন। আসামিদের জামিনের নথিও তলব করা হয়। নির্দেশনা অনুসারে আজ ওসি শাহারিয়ার খানসহ পুলিশের দুই কর্মকর্তা হাজির হন।আদালতে আসকের পক্ষে আইনজীবী আবু ওবায়দুর রহমান ও অবন্তী নূরুল মামলা পরিচালনা করেন। ওসির পক্ষে শুনানি করেন আইনজীবী শ ম রেজাউল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইয়াদিয়া জামান।শ ম রেজাউল করিম প্রথম আলোকে বলেন, আসামির জামিনের আবেদন বাতিলের জন্য আবেদন করা হয়েছে এবং জামিন বাতিল হয়েছে। আদালত দুজন পুলিশ কর্মকর্তাকে হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন।অবন্তী নূরুল প্রথম আলোকে বলেন, আদালত দোররা মারার ঘটনায় করা মামলায় তদন্তের অগ্রগতি প্রতিবেদন ২০ মার্চের মধ্যে আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছেন।