মার্কিন কংগ্রেসে শুনানি: শ্রম-পরিস্থিতি নিয়েও উদ্বেগ, বিশেষ শুল্ক সুবিধার ওপর প্রভাব পড়তে পারে
বিচারবহির্ভূত হত্যা গুমে র্যাব জড়িত
বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অব্যাহত নির্যাতন, হয়রানিমূলক গ্রেপ্তার ও গুমের অভিযোগের পরিপ্রেক্ষিতে আবারও র্যাবের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে মার্কিন কংগ্রেসের মানবাধিকার কমিশনের শুনানিতে। র্যাবের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের যেসব অভিযোগ আছে, সে সম্পর্কে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক গত বৃহস্পতিবার ওই শুনানিতে কথা বলেছেন।‘মার্কিন কংগ্রেসের টম ল্যান্টোস মানবাধিকার কমিশনের শুনানি’তে হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করেছে, শ্রমিক নির্যাতন, বিডিআর বিদ্রোহে মানবাধিকার লঙ্ঘনসহ বাংলাদেশে নানাভাবে মানবাধিকার লঙ্ঘন ঘটে চলেছে। এ পরিস্থিতিতে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠনটি বাংলাদেশের ওপর নিয়মিত নজরদারি জারি রাখতে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের পাশাপাশি অন্যান্য সংস্থার উচ্চপর্যায়ের প্রতি আহ্বান জানিয়েছে।মার্কিন কংগ্রেসের টম ল্যান্টোস মানবাধিকার কমিশনের ওয়েবসাইটে আরও বলা হয়, শুনানিতে উঠে এসেছে, র্যাবের নির্যাতনকে দায়মুক্তি দেওয়ার সংস্কৃতি অব্যাহত রয়েছে। সেই সঙ্গে গুমের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এ ছাড়া শ্রমিকনেতাদের ওপর নির্যাতনও বেড়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের শ্রম মান নিয়ে প্রশ্ন থাকায় তা যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য প্রবেশে শুল্ক ছাড়ের বিশেষ সুবিধা (জিএসপি) পেয়ে থাকে, তার ওপর প্রভাব পড়তে পারে। কী গুরুত্ব আছে মার্কিন কংগ্রেসের মানবাধিকারবিষয়ক এ শুনানির, এ প্রসঙ্গে জানতে চাইলে ওয়াশিংটনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ূন কবীর গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘মার্কিন কংগ্রেসে একটি দেশের সুনির্দিষ্ট কোনো প্রসঙ্গ আলোচিত হলে, বিষয়টি যে যুক্তরাষ্ট্রের আইনসভায় গুরুত্ব পাচ্ছে, সেটি স্পষ্ট। তাই দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের পাশাপাশি নিজেদের ভাবমূর্তির স্বার্থেই কোনো সমস্যা থাকলে তা দূর করতে আমাদের সচেষ্ট হওয়া জরুরি।’গত বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের ওই শুনানিতে রবার্ট ব্লেক ছাড়াও মার্কিন শ্রম দপ্তরের আন্তর্জাতিক শ্রম বিভাগের সহকারী উপপরিচালক রবার্ট বিয়েল, হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এশিয়া বিভাগের পরামর্শক পরিচালক জন শিফটন এবং আমেরিকান সেন্টার ফর ইন্টারন্যাশনাল লেবার সলিডারিটির (এসিআইএলএস) এশিয়া অঞ্চলের পরিচালক টিমোথি রিয়ান বক্তব্য দেন।থেমে নেই র্যাব: রবার্ট ব্লেক তাঁর বক্তৃতার একটি বড় অংশজুড়ে উল্লেখ করেন সম্প্রতি বাংলাদেশ সফরের সময় মানবাধিকার-পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের উদ্বেগের বিষয়গুলো। এর মধ্যে উঠে এসেছে র্যাব প্রসঙ্গ।এ নিয়ে ব্লেক বলেন, ‘পুলিশ ও সেনাসদস্যদের নিয়ে গঠিত আধাসামরিক বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের ঘটনায় জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রতিবেদন প্রচার অব্যাহত রয়েছে। উদ্ভূত পরিস্থিতির কারণে মানবাধিকার ছাড়া র্যাবকে যেকোনো ধরনের প্রশিক্ষণ দেওয়া থেকে আমরা বিরত রয়েছি। এ প্রেক্ষাপটে একজন সাবেক মার্কিন সেনা গত বছর চার মাসের জন্য র্যাবের অভ্যন্তরে কাজ করেছেন। এর লক্ষ্য ছিল, র্যাবের অভ্যন্তরে একটি ইউনিট গড়ে তোলা, যেটির কাজ সংস্থার যেসব সদস্যের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে, তাঁদের জবাবদিহির আওতায় আনা।’অন্যদিকে হিউম্যান রাইটস ওয়াচের জন শিফটন শুনানিতে দেওয়া বক্তৃতায় র্যাবকে ‘ডেথ স্কোয়াড’ হিসেবে অভিহিত করেন। তিনি মন্তব্য করেন, ২০০৮ সালের নির্বাচনের আগে র্যাব ভেঙে দিয়ে এর বিরুদ্ধে আনা সব অভিযোগের তদন্তের অঙ্গীকার করেছিল আওয়ামী লীগ। ক্ষমতায় এসে এখন উল্টো পথে হাঁটছে দলটি। আর হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন দাবি করেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর র্যাব অন্যায়ভাবে কোনো হত্যায় যুক্ত হয়নি।মার্কিন সিনেটের বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে র্যাবের আইন ও জনসংযোগ শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল প্রথম আলোকে বলেন, বিচারবহির্ভূত হত্যার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। র্যাবের অভ্যন্তরীণ তদন্তে আমেরিকানদের মাধ্যমে প্রশিক্ষণ পাওয়া লোকজন আছে, প্রয়োজনে তাঁরা তদন্ত করতে পারেন। তবে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কোনো অভিযোগ গ্রহণযোগ্য হতে পারে না। শ্রমিক-পরিস্থিতি নিয়েও উদ্বেগ: হিলারির বাংলাদেশ সফরের প্রসঙ্গ টেনে রবার্ট ব্লেক বলেন, ‘শ্রমিকনেতা আমিনুল ইসলাম ও বিএনপির নেতার নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তাই বাংলাদেশ সরকারের প্রতি আমাদের আহ্বান, শ্রমিকদের স্বাধীনভাবে সংগঠিত হওয়ার সুযোগ করে দিন, যাতে করে শ্রমিক সংগঠনগুলো তাদের কর্মীদের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার চর্চা নিশ্চিত করতে পারে।’রবার্ট বিয়েলও শুনানিতে তাঁর বক্তৃতায় আমিনুল ইসলাম হত্যাকাণ্ড যে তাদের বিচলিত করেছে, সেটি উল্লেখ করেছেন। শুনানিতে এসিআইএলএসের এশিয়া অঞ্চলের পরিচালক টিমোথি রায়ান বলেন, বাংলাদেশে শ্রম অধিকার লঙ্ঘন, বিশেষ করে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের হত্যা ও নির্যাতনের ঘটনা গত তিন বছরে আরও বেড়েছে। তিনি বলেন, গত তিন বছরে বাংলাদেশে পুলিশের সঙ্গে শ্রমিকদের বিক্ষোভের সময় সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। এ সময় অনেক শ্রমিকনেতাকে আটক করা হয়েছে এবং বানোয়াট অভিযোগ দাঁড় করিয়ে তাঁদের বিচারের মুখোমুখি করা হয়েছে।পোশাকশিল্পে শ্রম অধিকার লঙ্ঘনের সবচেয়ে ভয়াবহ ঘটনা হিসেবে শ্রমিকনেতা আমিনুল ইসলামের হত্যাকাণ্ডকে উল্লেখ করেন টিমোথি রায়ান। তিনি বলেন, গত এপ্রিলে নিহত বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) এই নেতাকে দীর্ঘদিন ধরে হুমকি-ধমকি দিয়ে আসছিল তৈরি পোশাকশিল্প মালিকদের গুন্ডা-পান্ডারা। পুলিশও তাঁর ওপর নজরদারি করছিল। ২০১০ সালের জুনে তাঁকে আটক করে নির্যাতন করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা। বিভিন্ন বানোয়াট অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলাও করা হয়েছিল। কেননা, তিনি তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন সংঘবদ্ধ করছিলেন।টিমোথি রায়ান জানান, আমিনুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশি কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে এ ক্ষেত্রে স্বচ্ছ ও গ্রহণযোগ্য কোনো তদন্ত হবে কি না, তা নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা।এইচআরডব্লিউর পরামর্শক পরিচালক জন শিফটন বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তাঁর সাম্প্রতিক ঢাকা সফরের সময় শ্রমিকনেতা আমিনুল ইসলামের হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন। সেই সঙ্গে তিনি ওই হত্যার নিরপেক্ষ তদন্তেরও দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গেই আজ জানাচ্ছি, আমিনুল হত্যাকাণ্ডের ঘটনায় কোনো অগ্রগতি হয়নি।’জন শিফটন বলেন, শ্রমিকনেতাদের হয়রানির বিষয়টি বাংলাদেশের একটি অব্যাহত সমস্যা। তা ছাড়া আমিনুল ইসলামের সংগঠন বিসিডব্লিউএসের সদস্যদের মাঝে ভীতি ছড়াতে সরকার তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পথ থেকে সরেনি। শ্রম মানের প্রভাব জিএসপিতে: মার্কিন শ্রম দপ্তরের কর্মকর্তা রবার্ট বিয়েল বলেন, ‘বাংলাদেশের শ্রম মান এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এখনো অনেক সমস্যা রয়েছে। পাঁচ বছর আগে জিএসপি পর্যালোচনা শুরু হয়েছে, যা এখনো শেষ হয়নি। পোশাকশিল্প ও চিংড়ি উৎপাদনশিল্পে শ্রমিক নির্যাতন চলছে। আর এ সময় আমিনুল ইসলাম, যিনি শ্রমিকদের স্বার্থরক্ষায় কাজ করছেন, তাঁর মৃত্যু নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। কাজেই, মার্কিন শ্রম দপ্তরের আন্তর্জাতিক শাখা বাংলাদেশের শ্রমিকদের নির্যাতনের বিষয়ে উদ্বেগ জানানো অব্যাহত রাখবে। কারণ, সার্বিক পরিস্থিতিতে আমাদের উদ্বেগ রয়ে গেছে।’মার্কিন কংগ্রেসের শুনানির যথেষ্ট গুরুত্ব রয়েছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ূন কবীর। তিনি বলেন, ‘শুনানিতে যে প্রসঙ্গগুলো এসেছে, তা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তাঁর ঢাকা সফরে উল্লেখ করেছেন। তা ছাড়া ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনাও সম্প্রতি এসব উদ্বেগের কথা গণমাধ্যমে তুলে ধরেছেন। তাই দেশের ভাবমূর্তি ও দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতেই এ সমস্যা দূর করতে আমাদের মনোযোগী হওয়া উচিত।’হুমায়ূন কবীর বলেন, ‘মার্কিন কংগ্রেসে যখন বাংলাদেশের মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, তখন সমস্যা সমাধানে আমাদের মনোযোগী হওয়া উচিত। কারণ, সমস্যা দূর না হলে তা দ্বিপক্ষীয় বাণিজ্য কিংবা বিশেষায়িত শুল্ক সুবিধা ছাড়ের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।’