বিচারবহির্ভূত হত্যা নিয়ে আমরা উদ্বিগ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জার্মানি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এসব হত্যা ঘটনায় দায়ী ব্যক্তিদের শাস্তি দেওয়া হবে আশা করে ইউরোপের অন্যতম প্রধান এই অর্থনৈতিক শক্তি। আজ শনিবার সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী গুইডো ভেস্টারভেল। রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গুইডো ভেস্টারভেল। তিনি বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, নাগরিক সমাজের সক্রিয় ভূমিকা, মত প্রকাশের ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুত্ব দেন। এ প্রসঙ্গে ভেস্টারভেলের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে কি না। গুইডো ভেস্টারভেল বলেন, ‘খুব সংগত কারণেই বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। অন্যদের মতো আমি সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন স্তরের কর্মীদের হত্যায় উদ্বিগ্ন। আমাদের প্রত্যাশা থাকবে, এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়া হবে।’গণতন্ত্র সম্পর্কে মন্তব্য করতে গিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। তাই গণতন্ত্র বিকশিত করতে মানবাধিকার, আইনের শাসন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে বাংলাদেশের সব রাজনৈতিক শক্তিগুলোকে আহ্বান জানাই। বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের ব্যাপারে প্রশ্ন করা হলে ভেস্টারভেল বলেন, ‘এ ব্যাপারে কোনো শিক্ষা দেওয়াটা আমার কাজ নয়। তা ছাড়া শুধু এ বিষয়ে কথা বলতেও আমি আসিনি। আমি যেমন শুধু রাজনৈতিক প্রতিনিধি নিয়ে আসিনি, তেমনি শুধু কূটনৈতিক প্রতিনিধি নিয়েও আসিনি। আমার সঙ্গে একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে। দুই দেশের বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনাকে আমরা কাজে লাগাতে আগ্রহী।’ইউরোপের অর্থনৈতিক সংকটের প্রভাব সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ইউরোপে অর্থনৈতিক সংকট সৃষ্টি হলে এর প্রভাব বিশ্বের অন্য অঞ্চলেও পড়ে। খুব স্বাভাবিকভাবেই এ নিয়ে আমাদের উদ্বেগের কারণ রয়েছে।এ বিষয়ে গুইডো ভেস্টারভেল বলেন, ইউরোপের অর্থনৈতিক মন্দার কারণে যে সংকট তৈরি হয়েছে, এ ব্যাপারে নিজেদের দায়িত্ববোধ সম্পর্কে জার্মানি সচেতন রয়েছে। এ দায়িত্ববোধ শুধু ইউরোপের জন্য নয়, বিশ্বের নানা প্রান্তে আমাদের অংশীদারদের জন্য। বাংলাদেশের মতো দেশের সঙ্গে বিভিন্ন খাতের পাশাপাশি জ্বালানি নিরাপত্তা, সুশাসন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। সম্প্রতি বাংলাদেশের পশ্চিমাঞ্চলে বিদ্যুত্ সরবরাহের জন্য আমরা সহজ শর্তে ৬০ মিলিয়ন ইউরো দিয়েছি। যৌথ সংবাদ সম্মেলনের শুরুতে দেওয়া পৃথক বক্তৃতায় দুই পররাষ্ট্রমন্ত্রী তাঁদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করেন। দীপু মনি দাবি করেন, বৈঠকটি দুই দেশের চলমান সম্পর্কের ‘এক মাইলফলক’।দুই দিনের সফরে গুইডো ভেস্টারভেল আজ দুপুরে ঢাকায় আসেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বাংলাদেশ সফর শেষে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর কাল রোববার সকালে ঢাকা ছাড়ার কথা রয়েছে।