বিচারবহির্ভূত হত্যা বন্ধ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ফেব্রুয়ারি ও অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি দিয়েছেলেন, সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করবে। কিন্তু তার পরও সরকারের প্রথম নয় মাসে তথাকথিত ‘ক্রসফায়ারে’ ৭০ জন মারা গেছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডগুলোকে সাধারণত ‘ক্রসফায়ার’ বা ‘বন্দুকযুদ্ধ’ বলে চালিয়ে দেয় পুলিশ কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টির ২০১০ সালের প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। সংস্থাটি এসব হত্যাকাণ্ডের সমালোচনা করেছে।বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ছাড়াও অ্যামনেস্টি ২০০৯ সালের ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহের পর গ্রেপ্তার হওয়া বিডিআর সদস্যদের বিষয়েও বলেছে। সংস্থাটি বলেছে, এ ক্ষেত্রে তারা নির্যাতনের অভিযোগ পেয়েছে। বিডিআর বিদ্রোহের বিচারের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে সংস্থাটি।সংস্থাটির ২০১০ সালের প্রতিবেদনে ২০০৯ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ঘটনাবলি বিশ্লেষণ করা হয়েছে। ৪৩০ পৃষ্ঠার এই প্রতিবেদনে বাংলাদেশসহ ১৫৯টি দেশের মানবাধিকারের চিত্র তুলে ধরা হয়েছে।বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের একটি ঘটনা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের মে মাসে ঢাকায় ছাত্রলীগের দুজন নেতা মোহসিন শেখ ও মোহাম্মদ আলী জিন্নাহ নিহত হন। তাঁদের পরিবারের দাবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা তাঁদের গুলি করে হত্যা করেছেন। তবে র‌্যাব দাবি করেছে, তাঁদের দুজনকে একটি চেক পয়েন্টে থামতে বলা হলেও তাঁরা থামেননি। এরপর বন্দুকযুদ্ধে তাঁরা নিহত হন। কিন্তু ময়নাতদন্ত প্রতিবেদনে দেখা গেছে, ঘটনা বন্দুকযুদ্ধ নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় র্যাবের ১০ জন সদস্যের বিরুদ্ধে পুলিশ তদন্ত শুরু করলেও শেষ পর্যন্ত কাউকে বিচারের সম্মুখীন করা হয়নি।বিডিআর বিদ্রোহের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে বিদ্রোহের পরপরই কয়েক হাজার বিডিআর সদস্যকে ব্যারাকে বন্দী করা হয় এবং বাইরের সঙ্গে তাঁদের সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এর কিছুদিনের মধ্যে জানা যায়, তাঁদের ওপর নির্যাতন করা হচ্ছে। মার্চ থেকে মে পর্যন্ত তিন মাসেই বন্দী অবস্থায় মারা যান কমপক্ষে ২০ জন। তবে কর্তৃপক্ষের দাবি, তাঁদের মধ্যে চারজন আত্মহত্যা করেছেন এবং বাকি ১৬ জনের স্বাভাবিক মৃত্যু হয়েছে। ওই বছরের ১০ অক্টোবরের মধ্যে বন্দী অবস্থায় মারা যান বিডিআরের ৪৮ জন সদস্য। তাঁদের অনেকের ওপরই নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ আছে।বিডিআর বিদ্রোহের বিচার সম্পর্কে বলা হয়েছে, গত সেপ্টেম্বরে সরকার ঘোষণা দেয়, বেসামরিক আদালতে বিদ্রোহের বিচার হবে। কিন্তু এই অসংখ্য অভিযুক্তের ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে কি না, সে সম্পর্কে পরিষ্কার কিছু জানা যায়নি।নারীদের ওপর নির্যাতন বিষয়েও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের নারীরা এখনো এসিড-সন্ত্রাস, ধর্ষণ, নির্যাতন ও হামলার শিকার হচ্ছে। কিন্তু এর প্রতিকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। পত্রিকার প্রতিবেদন অনুযায়ী যৌতুকের জন্য স্বামীর নির্যাতনে মারা গেছেন কমপক্ষে ২১ জন নারী। এ ছাড়া যৌতুকের দাবিতে মারধর বা নির্যাতন নিয়ে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত কমপক্ষে তিন হাজার ৪১৩টি অভিযোগ পেয়েছে পুলিশ। পুনরায় হামলা বা নিরাপত্তার অভাবে অনেক ক্ষেত্রে নির্যাতিত ব্যক্তিরা ঘটনা প্রকাশ করে না বলে নারী অধিকার সংস্থাগুলো জানিয়েছে।এ ছাড়া বাংলাদেশে ভিন্নমতাবলম্বীদের ওপর সরকার দমন-পীড়ন চালাচ্ছে বলে প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে। এতে বলা হয়, গত সেপ্টেম্বরে ঢাকায় জাতীয় তেল, গ্যাস ও বন্দর রক্ষা কমিটির একটি শান্তিপূর্ণ শোভাযাত্রায় হামলা চালায় পুলিশ। এতে কমিটির নেতা অধ্যাপক আনু মুহাম্মদসহ কমপক্ষে ২০ জন আহত হন। তবে এ ঘটনার কোনো নিরপেক্ষ তদন্ত হয়নি। আদিবাসীদের অধিকার সম্পর্কেও প্রতিবেদনে বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকার পার্বত্য এলাকা থেকে সেনাক্যাম্প প্রত্যাহার শুরু করেছে গত আগস্ট থেকে। কিন্ত ভূমির মালিকানা নিয়ে বিরোধসহ চুক্তির অন্যান্য বিষয় বাস্তবায়নে সরকার কোনো পদক্ষেপ নেয়নি।স্বরাষ্ট্রসচিবের প্রতিক্রিয়া: বিবিসি জানায়, অ্যামনেস্টির প্রতিবেদনের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার বলেন, ‘পিলখানার ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ সময় কিছু কিছু লোকের আত্মহত্যা এবং অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে তদন্ত কমিটি হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনে অতিরিক্ত মানসিক চাপ ও হূদরোগের কারণে তাঁদের মৃত্যু ঘটেছে বলা হয়েছে। টিএফআই সেলে জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের ওপর অত্যাচার করা হয়েছে—এমন কোনো বিষয় তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। এতে আমরা বুঝতে পারি, যাঁদের আসামি করা হয়েছে বা দোষী সাব্যস্ত করা হয়েছে, হয়তোবা অতিরিক্ত মানসিক চাপের কারণেই তাঁদের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে, অথবা কেউ কেউ আত্মহত্যার মতো ঘটনাও ঘটিয়েছেন।’ক্রসফায়ার সম্পর্কে স্বরাষ্ট্রসচিব বলেন, বর্তমান সরকার ক্রসফায়ারের বিষয়টি কোনোভাবেই সমর্থন করে না। তারা ক্ষমতা আসার পর এ ধরনের দু-একটি ঘটনা ঘটেছে। এটা ঠিক, ক্রসফায়ার নয়, কোনো কোনো ক্ষেত্রে আত্মরক্ষার জন্যও ঘটে থাকে। তিনি বলেন, ‘তার পরও যে অবস্থাতেই হোক, বিনা বিচারে যাতে হত্যাকাণ্ড না ঘটে, সে ব্যাপারে আমরা বেশ সচেতন এবং র্যাবের সঙ্গেও এ নিয়ে আলাপ হচ্ছে।’