বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে অঙ্গীকারের প্রতি বাংলাদেশ সরকারের সম্মান প্রদর্শন করা উচিত। একই সঙ্গে এমন হত্যাকাণ্ড বন্ধে এখনই কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। গতকাল মঙ্গলবার বাংলাদেশ প্রসঙ্গে নতুন এক প্রতিবেদনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ মন্তব্য করেছে । বাংলাদেশে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ প্রসঙ্গে ‘ক্রাইমস আনসিন: এক্সট্রা জুডিশিয়াল এক্সিকিউশনস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে এসব হত্যাকাণ্ডকে র্যাব কীভাবে দুর্ঘটনাবশত এবং তাদের আত্মরক্ষার জন্য ঘটেছে বলে জায়েজ করার চেষ্টা করেছে, তা-ও তুলে ধরা হয়। যদিও নিহত অনেকেই পুলিশ বা র্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বাংলাদেশবিষয়ক গবেষক আব্বাস ফয়েজ বলেন, ‘বাংলাদেশে এমন একটি সপ্তাহ পাওয়া কঠিন, যে সপ্তাহে একজন ব্যক্তিও র্যাবের গুলিতে আহত বা নিহত হননি। কর্তৃপক্ষ একে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধে হতাহত বলে উল্লেখ করছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হলেও কর্তৃপক্ষ এ ঘটনাগুলোকে এভাবেই বর্ণনা করতে পছন্দ করে।’২০০৪ সালে র্যাবের কার্যক্রম শুরু হয়। এরপর থেকে এ পর্যন্ত ৭০০ ব্যক্তিকে বিচারবহির্ভূতভাবে হত্যার অভিযোগ উঠেছে র্যাবের বিরুদ্ধে। এসব ঘটনায় কোনো তদন্ত করা হলে তা-ও হয় র্যাব কিংবা সরকারের নিয়োগ দেওয়া বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে। তারা কোন পদ্ধতিতে তদন্ত করে বা তথ্য সংগ্রহ করে, তা এখনো গোপন রয়েছে। র্যাবের পক্ষ থেকে সব সময় বিচারবহির্ভূত এসব হত্যাকাণ্ডের দায় অস্বীকার করা হয়। সরকারও র্যাবের এ দাবি মেনে নেয়।অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বাংলাদেশবিষয়ক গবেষক আব্বাস ফয়েজ বলেন, এটা আতঙ্কিত হওয়ার মতো বিষয় যে র্যাবের এসব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কোনো শাস্তি হয় না। র্যাবের কোনো ভুলের তদন্ত করতে যদি র্যাবেরই কাউকে প্রধান তদন্তকারী নিয়োগ দেওয়া হয়, তাহলে ন্যায়বিচার হবে না। এমন তদন্ত কখনোই নিরপেক্ষ হয় না। এ ছাড়া হত্যাকাণ্ডের তথ্য-প্রমাণ বা আলামত ধ্বংস করা এবং পরিবর্তন করা থেকে র্যাবকে বিরত রাখার কোনো ব্যবস্থাও নেই।র্যাব বা পুলিশের হেফাজতে নির্যাতনের শিকার অনেকের সঙ্গেই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কথা হয়েছে। তাঁরা জানিয়েছেন, কীভাবে তাঁদের ওপর নিয়মিত নির্যাতন চালানো হতো। প্রহার করা, খাবার ও ঘুমাতে না দেওয়া এবং বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন চলত।২০০৯ সালের শুরুতে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ২০০ ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে র্যাবের বিরুদ্ধে। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের অঙ্গীকার করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবি করছে, বর্তমান সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি।এ ছাড়া গত বছরের শুরু থেকে এ পর্যন্ত পুলিশের অভিযানে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। পুলিশ এসব ঘটনাকে ‘গুলিবিনিময়’ বা ‘বন্দুকযুদ্ধ’ বলে উল্লেখ করেছে।আব্বাস ফয়েজ বলেন, বাংলাদেশের সরকারগুলো র্যাবের বিরুদ্ধে যথাযথ বিচার বিভাগীয় ব্যবস্থা নিতে ব্যর্থতা হয়েছে। তারা বন্দুকযুদ্ধ বা আত্মরক্ষা করতে গিয়ে চালানো গুলিতে নিহত হয় বলে র্যাবের দাবিকে সত্যায়নও করে এবং র্যাবকে নিরঙ্কুুশ ক্ষমতা দেয়। তিনি বলেন, ‘আমরা দেখছি বর্তমান সরকারও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে তার অঙ্গীকার ভঙ্গ করছে। অঙ্গীকারের কথা প্রত্যাখ্যান করছে।’অনেক ক্ষেত্রেই তদন্তের সময় হতাহতের শিকার ব্যক্তিদের অপরাধী সাজানো এবং তাঁদের হত্যাকাণ্ডকে জায়েজ করার চেষ্টা করা হয়। যদিও স্থানীয় তথ্য-প্রমাণে তদন্তের তথ্যগুলোকে অমূলক বলে মনে হয়। আব্বাস ফয়েজ বলেন, বাংলাদেশকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে এখন কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে সরকারকে সন্দেহভাজন সব হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। এর জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।বাংলাদেশের পুলিশ ও র্যাব এখন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, বেলজিয়ামসহ বিভিন্ন দেশ থেকে অস্ত্র পেয়ে থাকে। ২০১০ সালের ডিসেম্বরে উইকিলিকস প্রকাশিত এক তারবার্তায় বলা হয়, র্যাবের কর্মকর্তারা ব্রিটিশ পুলিশের কাছ থেকে প্রশিক্ষণ নেন।