স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, মানুষ সভ্যতার জন্ম দেয়। আর সেই সভ্যতার অন্যতম স্তম্ভ হলো আইনের শাসন। বিচারবহির্ভূত হত্যা কোনো সভ্য সমাজের মানদণ্ড হতে পারে না। গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা আদালত চত্বরে এক আইনজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ এ কথা বলেন।শহীদ অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলামের নামে জেলা আইনজীবী সমিতির সাততলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এই সমাবেশের আয়োজন করা হয়।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আরও বলেন, ‘আমরা যে জীবনের জন্ম দিতে পারি না, সেই জীবনের মৃত্যু দেওয়ারও আমাদের কারও অধিকার নেই। একটি মানুষ যত অন্যায়ই করুক, আরেকটি মানুষ তার বিচার করে মৃত্যুদণ্ড দেওয়ার অধিকার রাখে না।’ তিনি বলেন, ‘এ দেশেও হয়তো একদিন মৃত্যুদণ্ড থাকবে না। অনেকে মনে করেন মৃত্যুদণ্ড না থাকলে সভ্যতা থাকবে না, এটা ঠিক নয়। অনেকে র্যাবের বিচারবহির্ভূত হত্যা নিয়ে সমালোচনা করেন। কিন্তু বিচার বিভাগীয় হত্যার কথা কেউ বলেন না। আপনারা বিবেচনা করুন মৃত্যুদণ্ডের বিষয়টি নিয়ে। কেননা, আইনের শাসন প্রতিষ্ঠায় এটি কোনো মাধ্যম নয়।’জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, সাংসদ মতিউর রহমান, ময়মনসিংহের জেলা ও দায়রা জজ বিপ্লব গোস্বামী, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম মুহাম্মদ আজাদ প্রমুখ।