আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বাংলাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশ বাহিনী আগের মতোই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে এসব বাহিনীর সদস্যরা বিভিন্ন বিক্ষোভে অংশ নেওয়া আন্দোলনকারীদের নিজেদের মর্জিমাফিক আটক করে নির্যাতন চালাচ্ছেন। সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত আদিবাসী জুম্ম সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংস্থাটি আজ শুক্রবার বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করেছে, বাংলাদেশ অধ্যায়ে এসব কথা বলা হয়েছে। প্রতিবেদনে ২০১০ সালের পৃথিবীর বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরা হয়। এর বাংলাদেশ অংশে বলা হয়, এ বছরের প্রথম ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) ৬০ জনেরও বেশি লোক র্যাব ও পুলিশ সদস্যদের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০১০ সালে সরকারের বিরুদ্ধে আন্দোলনরত দেড় হাজারের বেশি বিরোধীদলীয় কর্মীকে আটক করা হয়। তাঁদের এক সপ্তাহ থেকে দুই মাস পর্যন্ত হাজতে রাখা হয়। প্রতিবেদনে বলা হয়, ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে পুলিশ ছাত্রশিবিরের প্রায় ৩০০ কর্মীকে আটক করে এবং তাঁদের বিনা বিচারে প্রায় দুই মাস আটক রাখে। জুন মাসে বিএনপির আন্দোলন কর্মসূচির সময় বিএনপির শীর্ষ ২০ নেতাসহ দুই শতাধিক কর্মীকে আটক করা হয়। বিএনপির আন্দোলন চলাকালে ২৭ জুন ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাসের বাড়িতে র্যাব হামলা চালায়। তারা বাড়ির প্রায় ২০ সদস্যকে বেধড়ক পেটায়, যাঁদের বেশির ভাগই ছিলেন নারী। পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে থাকাকালে নির্যাতনের শিকার হয়ে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। থানা হেফাজতে নির্যাতন করে আসামি মেরে ফেলার অভিযোগে ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত হলেও তাঁদের একজনকেও বিচারের কাঠগড়ায় আনা হয়নি। লাইসেন্স ছাড়া আমার দেশ পত্রিকা প্রকাশের অভিযোগে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গত বছরের ২ জুন আটক করা হয়। মাহমুদুর রহমান আদালতে অভিযোগ করেছেন, তাঁকে পুলিশের হেফাজতে নির্যাতন করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার করতে মার্চ মাসে সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। আগস্ট থেকে নভেম্বরের মধ্যে জামায়াতের পাঁচ শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হলেও প্রথমে তাঁদের যেসব অভিযোগে আটক করা হয়েছে, সেসব অভিযোগের সঙ্গে মানবতাবিরোধী অপরাধের কোনো সম্পর্ক নেই। প্রতিবেদনে আরও বলা হয়, ১৯ ফেব্রুয়ারি রাঙামাটির বাঘাইছড়িতে বাঙালিরা জুম্ম সম্প্রদায়ের প্রায় ৪০টি ঘরবাড়ি পুড়িয়ে দেয়। ২০ ফেব্রুয়ারি আদিবাসীরা এর বিরুদ্ধে বিক্ষোভ করলে তাদের ওপর সেনাবাহিনী গুলি ছোড়ে। এতে দুই আদিবাসী নিহত হন। ওই ঘটনায় এখনো কারও বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে খবর পাওয়া যায়নি।