বিচারবহির্ভূত হত্যাকাণ্ড লুকানোর চেষ্টা নেই সরকারের: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা গোপন করা কিংবা লুকিয়ে রাখার কোনো চেষ্টা সরকারের নেই। তিনি বলেন, ‘কোনো মৃত্যু নিয়ে, হত্যা নিয়ে প্রশ্ন বা অভিযোগ উঠলে সে ব্যাপারে তদন্ত করা হবে। এরপর প্রকৃত ঘটনা খুঁজে বের করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ আজ রোববার নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের অভিজ্ঞতা নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশীয় বিষয়ক গবেষক আব্বাস ফয়েজের এক লেখার ব্যাপারে দীপু মনি এই মন্তব্য করেন।প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ব্রিটিশ লর্ডসভার লর্ড এরিক এভেবারি, হিউম্যান রাইটস ওয়াচের নির্বাহী পরিচালক ব্র্যাড অ্যাডামস ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আব্বাস ফয়েজ বৈঠক করেন। তাঁরা বাংলাদেশের বিচারবহির্ভূত হত্যাসহ মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওই বৈঠকে জানানো হয়, বর্তমান সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে। সরকার বিষয়টিকে উপেক্ষা করছে কিংবা লুকিয়ে রাখছে, এটা একেবারেই নয়। প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রক্রিয়ার অংশ হয়ে গেছে। কাজেই সরকার চাইলেই রাতারাতি তা বন্ধ করা সম্ভব নয়। সংবাদ সম্মেলনে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে নিজের মত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে যেসব মৃত্যুর ঘটনা ঘটে, তার সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ড না-ও হতে পারে। কারণ সন্ত্রাসীদের হাতে ভয়ংকর অস্ত্র থাকে। তাদের ধরতে গেলে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চুপ করে বসে থাকতে পারে না।