বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তদন্ত হবে: আইনমন্ত্রী
বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। আজ সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘আমাদের অধিকার ও গণতান্ত্রিক সমাজে পুলিশের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও পুলিশ সম্পর্কে ১০১টি প্রশ্নোত্তর বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আইনমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), নাগরিক উদ্যোগ ও কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ যৌথভাবে এই বইটি প্রকাশ করে।ব্লাস্টের চেয়ারম্যান ড. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান, বিচারপতি আওলাদ আলী, সাবেক উপদেষ্টা ও আইজিপি এএসএম শাহজাহান, সাবেক আইজিপি নুরুল হুদা, মোহসীন আলী খান, উত্তম কুমার দত্ত প্রমুখ।প্রসঙ্গ ক্রসফায়ার: আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, ‘আইনের কোনো বিধানেই বিচার ছাড়া কারও প্রাণ নেওয়ার অধিকার নেই। আইনশৃঙ্খলা বাহিনীর কেউ এ ধরনের হত্যাকাণ্ডে জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, পুলিশ কোনো অবস্থাতেই আইনের ঊর্ধ্বে গিয়ে কাজ করবে না, এটাই আমরা আশা করি।’ ক্রসফায়ার বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ডই কখনো সমর্থনযোগ্য হতে পারে না। পুলিশ-র্যাব বলে যে অনেক সময় নিজেদের অত্মরক্ষার্থে তারা মানুষকে হত্যা করতে পারে। বিষয়গুলো বিচার বিভাগ খতিয়ে দেখতে পারে।’সভাপতির বক্তব্যে কামাল হোসেন বলেন, পুলিশ জনগণের বন্ধু, এটা পুলিশকেই প্রমাণ করতে হবে। পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমাতে হবে। পুলিশের কথা শুনলে মানুষের মধ্যে ভয় চলে আসে, এটা দূর করতে হবে।