সাক্ষাৎকার নিয়েছেন : উত্তম কুমার দাস মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে আপনার লক্ষ্য কী? প্রথম কাজ হচ্ছে মানবাধিকার কমিশন যে একটি প্রতিষ্ঠান, নিছক একটি দপ্তর নয়, সেই ভাবমূর্তি প্রতিষ্ঠা করা। আর তা হবে আন্তর্জাতিক ও জাতীয় আইনে স্বীকৃত জাতীয় মানবাধিকার কমিশনের যে ভাবমূর্তির কথা বলা হয়েছে তার ভিত্তিতে। সরকার ও জাতীয় মানবাধিকার কমিশন পরস্পরের প্রতিপক্ষ নয়। বরং পরস্পরের সহযোগী প্রতিষ্ঠান।সরকারের উদ্দেশ্য জনকল্যাণসাধন ও আইনের শাসন নিশ্চিত করা। মানবাধিকার সুরক্ষার নিশ্চয়তা আইনের শাসনেরই অংশ।অনেক ক্ষেত্রে ব্যক্তিবিশেষের বিশেষ স্বার্থে মানবাধিকার লঙ্ঘনজনিত ঘটনায় সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের কাছে ভুল কিংবা বানোয়াট তথ্য উপস্থাপন করে বিভ্রান্তি সৃষ্টি করা হয়। মানবাধিকার লঙ্ঘনজনিত ঘটনার স্বপক্ষে বানোয়াট যুক্তি উপস্থাপন করে বিষয়টিকে ধামাচাপা দেওয়া কিংবা এর জন্য অনুমোদন নেওয়ারও অপচেষ্টা করা হয়। বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতন বন্ধে সরকারের ভূমিকা কি যথেষ্ট মনে করেন? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব ও কর্তব্য তাদের সংশ্লিষ্ট আইনে বর্ণিত রয়েছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষার নামে যাতে ব্যক্তিবিশেষের অধিকার ক্ষুণ্ন না হয় তার দায়িত্ব সংশ্লিষ্ট বাহিনীর। কেউ বলছে না যে অভিযুক্ত কিংবা দোষীকে ধরা যাবে না। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বাহিনীর কর্তব্য হলো, আটক ব্যক্তিকে যথাসম্ভব দ্রুত উপযুক্ত আদালতে সোপর্দ করা। আর কোনো বিশেষ অপরাধের ক্ষেত্রে কোনো প্রচলিত আইন কিংবা বিচারব্যবস্থা কাজ না করলে তা দেখার দায়িত্ব সরকারের। আইনের শাসন না থাকলে কোনো ব্যবস্থাই কাজ করে না। সরকারকে নিশ্চিত করতে হবে, আইনের শাসন বহাল রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা মানবাধিকার লঙ্ঘনের প্রতিকার কি? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কোনো ব্যক্তিবিশেষের বাড়াবাড়িতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট সংস্থাটি তা ধামাচাপা দেওয়ার চেষ্টা না করে দায়ী ব্যক্তিকে সংশ্লিষ্ট আইনে বিচারের মুখোমুখি করা উচিত। এ ক্ষেত্রে অভিযুক্ত কিংবা দায়ী ব্যক্তিকে অবিলম্বে সংশ্লিষ্ট দায়িত্ব থেকে অব্যাহতি (যাতে ক্ষমতার অপব্যবহার করে ঘটনা ধামাচাপা দেওয়ার তাৎপরতা না হয়) এবং উপযুক্ত তদন্ত ও প্রমাণসাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশি তদন্তের প্রতি হাইকোর্ট বিভাগের পর্যবেক্ষণকে কীভাবে মূল্যায়ন করেন ? যাঁরা এ কাজ করবেন তাঁদের দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করার যোগ্যতা ও স্বাধীনতা থাকতে হবে। তাঁদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে তাঁরা নিরপেক্ষ। তাহলে জনগণের আস্থা আসবে। এ জন্য সংশ্লিষ্ট বাহিনীর উপযুক্ত প্রশিক্ষণ দরকার। এটি একটি কঠিন ও সময়সাপেক্ষ কাজ। কমিশন এ বিষয়ে সহায়তা করবে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্ত জাতীয় মানবাধিকার কমিশন করতে পারে কি না? আইনগতভাবে ক্ষমতা থাকলেও বর্তমানে কমিশনের সেই জনবল, প্রযুক্তি নেই। নেই কোনো গবেষণা বিভাগ। কখন হবে? এ জন্য দরকার সরকার ও দাতা সংস্থার সহায়তা। এ ক্ষেত্রে জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপি একটি প্রকল্পের আওতায় কিছু কার্যক্রম বাস্তবায়ন করছে। তবে মানবাধিকার কমিশন দাতা সংস্থার অগ্রাধিকার ও শর্তের চেয়ে জাতীয় প্রয়োজনকে প্রাধান্য দেবে। জাতীয় মানবাধিকার কমিশনকে ঢেলে সাজনোর জন্য আপনার পরিকল্পনা কি ? সংস্থার প্রধান কার্যক্রম দুই ধরনের—মানবাধিকার সম্পর্কে প্রচার-প্রচারণা (প্রমোশন) এবং এর সুরক্ষা (প্রটেকশন)। মানবাধিকার লঙ্ঘন কিংবা লঙ্ঘনের আশঙ্কা দেখা দিলে সুরক্ষার প্রশ্ন আসে। কমিশন এই দুই ধরনের কাজের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখবে। মানবাধিকার শিক্ষা প্রসারে শুরু থেকে কমিশনকে শক্তিশালী ভূমিকায় দেখা যায়নি । এর কি কারন ? দেশে মানবাধিকার-সংস্কৃতি গড়ে না ওঠার কারণ হলো, এ বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগের অভাব। বর্তমানে যেসব কার্যক্রম চলছে, তার নানা সীমাবদ্ধতা রয়েছে। অধিকাংশ স্বল্পমেয়াদিও।মানবাধিকার ও নাগরিক অধিকার-সংক্রান্ত বিষয় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির উদ্যোগ নেবে কমিশন। এ জন্য শিগগির শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলব। আইনের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সংক্রান্ত শিক্ষাদানের কাজ করতে পারে। এ ক্ষেত্রে ‘পথের আইন’ (স্ট্রিট ল) ধারণার ব্যবহার করা হবে। এ ছাড়া মানসম্পন্ন আইন ও মানবাধিকার শিক্ষার সুযোগ সম্প্রসারণের বিষয়টিও খতিয়ে দেখবে কমিশন। অন্য দেশের অভিজ্ঞতা বিবেচনায় নেওয়া হবে।মানবাধিকার কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মানবাধিকার বিষয়েও প্রশিক্ষণের উদ্যোগ নেবে। এ জন্য কমিশন সারদা পুলিশ একাডেমি, পুলিশ স্টাফ কলেজ এবং মহানগর পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবে। শুরু থেকে কমিশন এ কাজগুলো করতে পারেনি এ সত্য । কমিশনের বিধিমালা কবে প্রনয়ন হবে ? কমিশন এখন এর সাংগঠনিক কাঠামো এবং বিধিমালা খসড়ার কাজ করছে। মাস খানেকের মধ্যে তা চূড়ান্ত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য দাখিল করা হবে। প্রথমে কেন্দ্রীয়ভাবে কমিশনকে শক্তিশালী ও কার্যকর করা হবে। পরবর্তীকালে বিভাগীয় পর্যায়ে শাখা অফিস খোলার বিষয় বিবেচনা করা হবে। তবে প্রয়োজনে কমিশন স্থানীয় পর্যায়ে মানবাধিকারের প্রসার ও সুরক্ষায় নিবেদিত কোনো প্রতিষ্ঠান, এমনকি ব্যক্তিকে কমিশনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয় ভেবে দেখবে। এ ক্ষেত্রে ভৌগোলিক অবস্থান, মানবাধিকার-সংক্রান্ত সমস্যা এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয় বিবেচনায় নেওয়া হতে পারে। তবে বিষয়টি এই মুহূর্তের প্রাধান্যের তালিকায় নেই ।পুনর্গঠিত মানবাধিকার কমিশন মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখবে। দেশে এখন ব্যক্তির নাগরিক ও রাজনৈতিক অধিকার নিয়ে বেশি হইচই হয়। অথচ দারিদ্র্য থেকে মুক্তি কিংবা সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের মতো বিষয়গুলো কম গুরুত্ব পায়। একই প্রবণতা সংবাদপত্র ও অন্যান্য প্রচার মাধ্যমেও।