বিচারবহির্ভূত হত্যার মতো বিষয় নিয়ে আলোচনা হয়নি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক মানবাধিকার পরিস্থিতি ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী গুইডো ভেস্টারভেলের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। কারণ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিচারবহির্ভূত হত্যার মতো বিষয় নিয়ে আলোচনা হয়নি।ঢাকায় সে দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত রলফ্ রয়েশকে গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এই প্রতিবাদ জানানো হয়। দুই দিনের সফর শেষে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই সে দেশের শীর্ষ কূটনীতিককে ডেকে পাঠানো হয়।গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত শনিবার দুই দেশের আনুষ্ঠানিক বৈঠক শেষে জার্মান পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা আগে থেকে তৈরি করা। ওই বিবৃতি পড়ে শুনিয়ে আলোচনার যে উদ্ধৃতি তিনি দিয়েছেন, তাতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিস্মিত। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জার্মান পররাষ্ট্রমন্ত্রী ‘স্বাধীন নাগরিক সমাজ’, ‘মত প্রকাশের স্বাধীনতা’, ‘বাংলাদেশের সাম্প্রতিক মানবাধিকার পরিস্থিতি’, ‘সাম্প্রতিক হত্যাকাণ্ড ও খুনিদের শাস্তি দেওয়া’ ইত্যাদি যেসব বিষয় উল্লেখ করেছেন, বাস্তবে এসব বিষয়ে বৈঠকে কোনো আলোচনাই হয়নি।পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই দেশের আনুষ্ঠানিক বৈঠকে বাংলাদেশের আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বাংলাদেশের গণমাধ্যম নিয়েও জানতে চান। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি নির্বাচনের প্রক্রিয়া ও নির্বাচন কমিশন শক্তিশালী করা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে গুইডো ভেস্টারভেলকে অবহিত করেন। এসব বিষয়ে হালনাগাদ পরিস্থিতি জেনে সন্তোষ প্রকাশ করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রণালয় মনে করে, জার্মানির জ্যেষ্ঠ কর্মকর্তারা আলোচনার মূল প্রসঙ্গ তুলে ধরতে ব্যর্থ হয়েছেন। কারণ বৈঠকে মানবাধিকার ও সাম্প্রতিক হত্যাকাণ্ডের মতো বিষয়গুলো আলোচনায় আসেনি।এই পরিস্থিতিতে বাংলাদেশের অসন্তোষ ও হতাশা জানাতে গতকাল সকালে জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্সকে (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) তলব করা হয়। জানা গেছে, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস। তিনি জার্মানির শীর্ষ ওই কূটনীতিককে বলেন, বাংলাদেশ যেকোনো বিষয় নিয়ে পুরোপুরি স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে আলোচনায় রাজি আছে। তবে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়নি, তা নিয়ে জনসমক্ষে মন্তব্য করা শুধু বাস্তবতার অপব্যাখ্যাই নয়, বরং তা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্টতার ভিত্তিতে গড়ে ওঠা দীর্ঘদিনের সম্পর্ক নষ্ট করার কারণ হয়ে দেখা দিতে পারে।চার দশক ধরে যে বাংলাদেশ ও জার্মানির মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে, তার ওপর পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ গুরুত্ব দিতে চায়। তা ছাড়া, ইউরোপের দেশগুলোর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার ও উন্নয়ন সহযোগী দেশ হচ্ছে জার্মানি (যেটি জার্মান পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন)।পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, এসব প্রতিবেদনে বাস্তবের ভুল ব্যাখ্যার ওপর নির্ভর করে নিজস্ব মতামতের প্রতিফলনও ঘটানো হয়েছে।