বিচারবহির্ভূত হত্যায় জার্মানি উদ্বিগ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জার্মানি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এসব হত্যার জন্য দোষীদের শাস্তি দেওয়া হবে বলে আশা করেছে ইউরোপের অন্যতম প্রধান এই অর্থনৈতিক শক্তি।গতকাল শনিবার সাংবাদিকদের কাছে এই মনোভাব প্রকাশ করেছেন সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রী গুইডো ভেস্টারভেল। রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।এদিকে বাসস জানায়, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে সহযোগিতার জন্য জার্মানির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জার্মান পররাষ্ট্রমন্ত্রী গুইডো ভেস্টারভেল গতকাল রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এই আহ্বান জানান।যৌথ সংবাদ সম্মেলনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বাংলা-দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, নাগরিক সমাজের সক্রিয় ভূমিকা এবং মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুত্ব দেন।বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে কি না—এই প্রশ্নের জবাবে গুইডো ভেস্টারভেল বলেন, ‘খুব সংগত কারণেই বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। অন্যদের মতো আমিও সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন স্তরের কর্মীদের হত্যায় উদ্বিগ্ন। আমাদের প্রত্যাশা, এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়া হবে।’জার্মান পররাষ্ট্রমন্ত্রী মানবাধিকার, আইনের শাসন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে বাংলাদেশের সব রাজনৈতিক শক্তিকে আহ্বান জানান।চলমান রাজনৈতিক সংকটের ব্যাপারে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে কোনো শিক্ষা দেওয়াটা আমার কাজ নয়। তা ছাড়া, শুধু এ বিষয়ে কথা বলতেও আমি আসিনি। আমি যেমন শুধু রাজনৈতিক প্রতিনিধি নিয়ে আসিনি, তেমনি শুধু কূটনৈতিক প্রতিনিধি নিয়েও আসিনি।’জার্মান মন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে। মন্ত্রী বলেছেন, দুই দেশের বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনাকে কাজে লাগাতে তাঁরা আগ্রহী।ইউরোপে চলমান অর্থনৈতিক সংকটের প্রভাব সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ‘ইউরোপে অর্থনৈতিক সংকট সৃষ্টি হলে এর প্রভাব বিশ্বের অন্য অঞ্চলেও পড়ে। খুব স্বাভাবিকভাবেই এ নিয়ে আমাদের উদ্বেগের কারণ রয়েছে।’এ বিষয়ে গুইডো ভেস্টারভেল বলেন, ইউরোপের অর্থনৈতিক মন্দার কারণে যে সংকট তৈরি হয়েছে, সে ব্যাপারে নিজেদের দায়িত্ববোধ সম্পর্কে জার্মানি সচেতন রয়েছে। আর এই দায়িত্ববোধ শুধু ইউরোপের জন্যই নয়, বিশ্বের নানা প্রান্তে তাদের অংশীদারদের জন্যও।সংবাদ সম্মেলনের শুরুতে দেওয়া বক্তব্যে দুই পররাষ্ট্রমন্ত্রী তাঁদের বৈঠককে ‘অত্যন্ত ফলপ্রসূ’ আখ্যায়িত করেন। দীপু মনি মন্তব্য করেন, এই বৈঠক দুই দেশের চলমান সম্পর্কের ‘এক মাইলফলক’।দুই দিনের সফরে গুইডো ভেস্টারভেল গতকাল শনিবার দুপুরে ঢাকায় আসেন। সফর শেষে তাঁর আজ রোববার সকালে ঢাকা ছাড়ার কথা রয়েছে।বৈঠক সূত্রে জানা গেছে, জার্মান পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মানবাধিকার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে উদ্বেগ প্রকাশ করলেও বৈঠকে এই বিষয়গুলো জোরালোভাবে উত্থাপন করা হয়নি। সাম্প্রতিক গুম কিংবা বিচারবহির্ভূত হত্যার বিষয়ে সরাসরি জানতে চাননি জার্মান পররাষ্ট্রমন্ত্রী। দক্ষিণ এশিয়ার সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে মিয়ানমারে সাম্প্রদায়িক সংঘাতের পর বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের চেষ্টার বিষয়টিও আলোচনায় আসেনি। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নাবিকদের সনদের স্বীকৃতি দিতে জার্মান পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানানো হয়। এ ছাড়া বাংলাদেশের পক্ষ থেকে দুই দেশের মধ্যে একটি অংশীদারি সংলাপের রূপরেখা তৈরির প্রস্তাব দেওয়া হয় বৈঠকে। এই রূপরেখা চুক্তির আওতায় বাংলাদেশ ভবিষ্যতে জাহাজ নির্মাণশিল্প ও তথ্য-প্রযুক্তি খাতে সহযোগিতার বিষয়ে অগ্রাধিকার দিতে চায়।বৈঠক সূত্রে আরও জানা গেছে, জার্মানির সাতটি বিশ্ববিদ্যালয় মিলে বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় স্থাপন করতে যাচ্ছে। এটি প্রতিষ্ঠিত হবে গাজীপুরে। এখানে বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি প্রকৌশলবিদ্যায় আন্তর্জাতিক মানের ডিগ্রি দেওয়া হবে।জার্মান মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে শেখ হাসিনা বলেন, ‘আমাদের কম খরচের সৌরশক্তির প্রযুক্তি প্রয়োজন, যাতে বিদ্যুৎ নেই এমন এলাকার মানুষ সরকারি সংস্থাগুলোর দেওয়া ইন্টারনেট ও অন্যান্য সুবিধা ভোগ করতে পারে।’ তিনি বর্তমান সরকারের সময় বিদ্যুৎ খাতে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন।জার্মানিকে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু অভিহিত করে শেখ হাসিনা বলেন, বিগত দিনগুলোতে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় হয়েছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, জার্মানি বাংলাদেশের উন্নয়ন অংশীদার। তিনি বিভিন্ন ক্ষেত্রে জার্মানির সহযোগিতার কথা উল্লেখ করেন।