বিচারবহির্ভূত হত্যায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হেফাজতে অস্বাভাবিক মৃত্যুর ঘটনাসহ নিরাপত্তা বাহিনীর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তদন্তে সরকারের ব্যর্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মানবাধিকার চর্চা-সংক্রান্ত যুক্তরাষ্ট্রের কান্ট্রি প্রতিবেদনের বাংলাদেশ অধ্যায়ে এ উদ্বেগ প্রকাশ করা হয়। পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গতকাল শুক্রবার ওয়াশিংটনে এ প্রতিবেদন প্রকাশ করেন। এতে ২০১০ সালের ১৯০টির বেশি দেশ ও অঞ্চলের মানবাধিকার পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়। খবর ইউএনবির।প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী বহু বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে। হেফাজতে মৃত্যু, বন্দী নির্যাতন এবং হয়রানিমূূলক গ্রেপ্তার ও আটক রাখার জন্যও এসব বাহিনী দায়ী বলে এতে উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য আইনের ঊর্ধ্বে উঠে এসব ঘটনা ঘটিয়েছে। এ সময়ে কারাগারের পরিবেশ কয়েদিদের জন্য ছিল হুমকিস্বরূপ। বিচার না করে দীর্ঘদিন আটক রাখা এবং জনগণের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার লঙ্ঘনও ছিল এ সময়ের একটি বড় সমস্যা। বিচারব্যবস্থা সম্পর্কে ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিচারব্যবস্থা আগে থেকেই তার নিরপেক্ষতা হারিয়েছিল। বিচার বিভাগকে অধিকতর রাজনৈতিকীকরণের ফলে পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। প্রতিবেদনে বলা হয়, সরকার মত প্রকাশের ও সংবাদমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করেছে। নিরাপত্তা বাহিনীর হাতে বহু সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, দুর্নীতি ও অনিয়মের দায় থেকে সরকারের দায়মুক্তির প্রক্রিয়া আগের মতোই চলমান ছিল। নারীর প্রতি বৈষম্য এবং নারী ও শিশুর প্রতি সহিংসতাও অব্যাহত ছিল। ধর্মীয় ও আদিবাসী সংখ্যালঘুদের ওপর নির্যাতন বরাবরের মতো অব্যাহত ছিল বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।