বিচারব্যবস্থা ধ্বংস করা মানে রাষ্ট্রদ্রোহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশে বর্তমান বিচারব্যবস্থা ত্রুটিপূর্ণ । আমাদের এই ত্রুটিপূর্ণ বিচারব্যবস্থার কারণে মামলাজটের সংখ্যা ও মামলার দীর্ঘসূত্রতা বৃদ্ধি পাচ্ছে। ত্রুটিপূর্ণ বিচারব্যবস্থার কারণেই অনেক মামলা জমে থাকে দিনের পর দিন। এ থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে হবে আমাদের আর এর জন্য প্রয়োজন এডিআর বা বিকল্প বিচারপদ্ধতি প্রবর্তন করা। এডিআর হচ্ছে একটি ভিন্ন পদ্ধতি, যার মাধ্যমে দ্রুত বিরোধ নিষ্পত্তি সম্ভব। এ ক্ষেত্রে বিচারকদের পাশাপাশি আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আইনজীবীদের বিচারকদের সহায়ক হতে হবে কিন্তু বাস্তবতা হচ্ছে, আইনজীবীরা মক্কেলের লাঠিয়াল, তাঁরা মক্কেলের কাছ থেকে মোট অঙ্কের টাকা নিয়ে কাজ করে থাকেন ঠিকই, কিন্তু তাঁদের এ ক্ষেত্রেই কাজের সীমাবদ্ধ থাকলে হবে না। তাঁদের বিচারকদেরও সহায়তা করা উচিত। বিচারকদেরও এখানে ভূমিকা রাখতে হবে । এ দেশে আদালত থেকে এখন একটি সমন জারি করতে দুই থেকে তিন বছর লেগে যায়। মামলা চালু হতেই যদি দু-তিন বছর লাগে, তাহলে মানুষ যাবে কোথায়? এ সমন জারির বিলম্ব থেকে পরিত্রাণ পেতে হবে।আমাদের দেশে ভূমি-প্রশাসনে ভূমি রেজিস্ট্রাররা ভুয়া বা জাল দলিল করে থাকেন এবং অনেক ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা উভয়ই ভুয়া পাওয়া যায়। এ কারণেও মামলার সংখ্যা অনেক বাড়ছে। ভুয়া মামলা দায়ের করে ভুয়া রায় নিয়ে যাচ্ছে অনেকে। এ বিষয়গুলো থেকে নিষ্কৃতি পেতে হবে।রিট এখতিয়ার এবং অর্থঋণ আদালতের বিষয়ে ব্যাপক বিরোধ হচ্ছে, এর থেকেও আমাদের বেরিয়ে আসা উচিত। মিথ্যা হলফনামা দিয়ে মামলা দায়েরের ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। মিথ্যা হলফনামার মধ্যে যদি কোনো মামলার ফলের ওপর প্রভাব পড়ে, তাহলে এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কঠোর শাস্তির বিধান করা উচিত।আইনজীবী ও বিচারকদের একত্র হয়ে বিচরব্যবস্থার উন্নয়নে এগিয়ে আসতে হবে। আইনজীবী ও বিচারকের মধ্যে সমন্বয়হীনতার কারণে দুর্নীতির সুযোগ সৃষ্টি হয় এবং বিচারব্যবস্থা ধ্বংসের দিকে যায়।বিচারব্যবস্থা ধ্বংস করা মানে রাষ্ট্রদ্রোহ। এডিআর হচ্ছে বৈধভাবে দ্রুত বিচারের পথ, অবৈধভাবে বিরোধ নিষ্পত্তি নয়।(অনুলিখিত )(২৫ সেপ্টেম্বর বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত আইন কমিশন ও সেইলস আয়োজিত ‘আদালতে এডিআর বাস্তবায়নে চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে দেওয়া বক্তব্য )