বিচারব্যবস্থায় দরিদ্রদের কোন স্থান নেই: মিজানুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, বিচারব্যবস্থায় দরিদ্রদের কোন স্থান নেই। আইনগুলোও দরিদ্রবান্ধব নয়। ধনীবান্ধব বিচার ব্যবস্থায় চরম বৈষম্য বিরাজ করছে। ফলে কমিশনের চেয়ারম্যান হয়ে আইন উপেক্ষা করে হলেও দরিদ্র একজন মাছ বিক্রেতাকে থানা থেকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে অনুরোধ জানাতে হয়েছে।আজ শনিবার সাভারে শেখ হাসিনা জাতীয় যুবকেন্দ্রে আইন ও শালিস কেন্দ্রের জেন্ডার এন্ড সোস্যাল জাষ্টিস ইউনিট আয়োজিত তিন দিন ব্যাপি মানবাধিকার বিষয়ক সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মিজানুর রহমান আরও বলেছেন, পর্যাপ্ত লোকবল নিয়োগ পেলে, তখন যদি কোনো হরতাল হয় সেই হরতাল পর্যবেক্ষণ করবে কমিশন। হরতালে কোন তরফ থেকে শক্তি প্রয়োগ করা হচ্ছে বা সাধারণ মানুষের অধিকার বিঘ্নিত হচ্ছে কি-না তার সবই পর্যবেক্ষনের আওতায় আনা হবে।সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, চলতি বছর প্রকাশিত আইন ও শালিস কেন্দ্রের মানবাধিকার প্রতিবেদন অনুযায়ী শুধু গণপিটুনীতেই ৯০ জনের বেশি মানুষ মারা গেছেন। তার মানে, ন্যায় বিচার পাওয়ার ব্যাপারে সাধারণ মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে। এ অবস্থার উত্তরণ হওয়া প্রয়োজন।এ সময় আরও বক্তব্য রাখেন স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক নন্দন কর্মকার। এর পাশাপাশি আজ শনিবার সম্মেলনের সমাপনী দিনে সারা দেশের প্রায় ২০০ জন মানবাধিকার কর্মী উপস্থিত ছিলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার জেষ্ঠ্য উপ-পরিচালক সানাইয়া ফাহিম আনসারী।