জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, বিচারব্যবস্থায় দরিদ্রদের কোনো স্থান নেই; আইনগুলোও দরিদ্রবান্ধব নয়। ধনীবান্ধব বিচারব্যবস্থায় চরম বৈষম্য বিরাজ করছে।গতকাল শনিবার সাভারে শেখ হাসিনা জাতীয় যুবকেন্দ্রে তিন দিনব্যাপী মানবাধিকারবিষয়ক সম্মেলনের সমাপনী দিনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান এসব কথা বলেন।মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এই মানবাধিকার সম্মেলনের আয়োজন করে। সভাপতিত্ব করেন আসকের জেন্ডার অ্যান্ড সোশ্যাল জাস্টিস ইউনিটের উপপরিচালক সানাইয়া ফাহিম আনসারী। সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় ২০০ জন মানবাধিকারকর্মী অংশ নেন।মিজানুর রহমান বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন। একজনের ক্ষেত্রেও এ ঘটনা ঘটলে তা পুরো জাতিকে আতঙ্কিত করে, সংক্রমিত করে। সভ্য সমাজে এ ধরনের হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, মঙ্গার কারণে হাজার হাজার মানুষ শ্রম থেকে ছিটকে পড়ছে, আত্মহত্যা করছে, তাতে দরিদ্রদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এ নিয়ে মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার হয় না। তিনি নাগরিক ও রাজনৈতিক অধিকারের পাশাপাশি সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মানবাধিকার রক্ষায় সোচ্চার হতে আহ্বান জানান।মিজানুর রহমান বলেন, ‘১৯৭২ সালের সংবিধানে ফিরে গেছি বলে সবাই উল্লাস প্রকাশ করছি। কিন্তু সেই সংবিধানে বৈষম্যহীন যে সমাজকাঠামোর কথা বলা হয়েছিল, তা অনুসরণ করা হচ্ছে না। তাই গোঁজামিল দিয়ে বলছি, বাহাত্তরের সংবিধানে ফিরে গেছি।’মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরও বলেছেন, পর্যাপ্ত লোকবল নিয়োগ পেলে যদি কোনো হরতাল হয়, সেই হরতাল পর্যবেক্ষণ করবে কমিশন। হরতালে কোন পক্ষ থেকে শক্তি প্রয়োগ করা হচ্ছে বা সাধারণ মানুষের অধিকার বিঘ্নিত হচ্ছে কি না, তার সবই পর্যবেক্ষণের আওতায় আনা হবে।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, চলতি বছর প্রকাশিত আইন ও সালিশ কেন্দ্রের মানবাধিকার প্রতিবেদন অনুযায়ী, শুধু গণপিটুনিতেই ৯০ জনের বেশি মানুষ মারা গেছে। তার মানে, ন্যায়বিচার পাওয়ার ব্যাপারে সাধারণ মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণ প্রয়োজন।স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার বলেন, সংবিধানে দেওয়া অধিকারের সঙ্গে সরকারের নীতি, উদ্যোগ ও আইনগুলো বৈষম্যপূর্ণ। তিনি বৈষম্যমূলক আইনের সংশোধন ও জাতীয় নারী উন্নয়ন নীতি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বক্তব্য দেন ও মানবাধিকারকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।