বিচারাধীন মামলার সংখ্যা ১১ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের কোহিনূর স্পিনিং মিলের কর্মচারী ইদ্রিস আলীকে ১৯৮৮ সালে চাকরিচ্যুত করা হয়। তিনি অন্যায়ভাবে চাকরিচ্যুতির অভিযোগ তুলে সে বছরই শ্রম আদালতে মামলা করেন। ১৯৮৯ সালের নভেম্বরে ওই মামলার রায়ে ইদ্রিস আলীকে সব সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। তখন ইদ্রিসের বয়স ছিল ৫১।সেই থেকে এ পর্যন্ত কেটে গেছে ২১ বছর। ইদ্রিস আলীর বয়স এখন ৭২। তিনি এখনো চাকরি ফিরে পাননি। কারণ ওই রায়ের বিরুদ্ধে মিলের মালিক উচ্চ আদালতে আপিল করেছিলেন। আর জমে থাকা অসংখ্য মামলার ভিড়ে এত দিনে এর শুনানিই করা যায়নি। তা ছাড়া কখনো আদালতের বেঞ্চ ভেঙে যায়, আবার কখনো আদালতের ছুটি থাকে। ইদ্রিস আলী এখন অভাব-অনটন আর বয়সের ভারে মৃত্যুপথযাত্রী।১৯৯৫ সাল থেকে মামলাটি পরিচালনা করছে আইন ও মানবাধিকারবিষয়ক বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ আইনজীবী শাহনাজ বাবলী এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, মামলাজটের কারণেই অনেক চেষ্টা করে গত ১৬ বছরেও এটির শুনানি করা সম্ভব হয়নি। আদালতের যে অবস্থা, তাতে ইদ্রিস আলী তাঁর জীবদ্দশায় এ মামলার রায় দেখে যেতে পারবেন কি না, তা বলাও সম্ভব নয়।মামলাজটের শিকার আরেক হতভাগ্য রংপুরের পীরগঞ্জ উপজেলার উজিরপুরের কিশোর নূর আলম। সৎভাইকে কুয়ায় ফেলে হত্যার অভিযোগে তাঁর সৎমা আনোয়ারা খাতুন রংপুর জেলা দায়রা জজ আদালতে মামলা করেন। ১৫ বছরের কিশোর নূর আলমকে ১৯৯০ সালে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বয়স কম হওয়ায় কারা কর্তৃপক্ষ তাঁকে কিশোর সংশোধনী কেন্দ্রে পাঠিয়ে দেয়। বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার পর নূর আলমকে জেলে পাঠানো হয়। কিন্তু গত ২০ বছরেও তাঁর মুক্তি দূরের কথা, আপিলের শুনানিও করা যায়নি।অভিযোগ রয়েছে, মামলাটি করা হয়েছিল মিথ্যা অভিযোগের ভিত্তিতে। কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদের চেয়েও বেশি সময় জেলখানায় কাটিয়ে ফেললেও নূর আলমের মুক্তি মিলছে না। এ মামলাটিও এখন পরিচালনা করছে ব্লাস্ট।ব্লাস্টের উপপরিচালক ফরিদা ইয়াসমীন এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, তাঁদের কাছে দীর্ঘদিন ধরে আটকে থাকা এ ধরনের অনেক মামলা রয়েছে। ২০ থেকে ২৫ বছর ধরে অনেক চেষ্টা করেও মামলাগুলোর কোনো নিষ্পত্তি করা যাচ্ছে না। বিচারাধীন এ ধরনের মামলার সংখ্যা দিন দিন বাড়ছে।আইন মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, বর্তমানে দেশে বিচারাধীন মোট মামলার সংখ্যা ১১ লাখ ২৫ হাজার ৯০৪। পাঁচ বছর আগে এ সংখ্যা ছিল ছয় লাখ ৪৬ হাজার ৪৮৫। পুরোনো মামলা সময়মতো নিষ্পত্তি না হওয়ার সঙ্গে ব্যাপক হারে নতুন মামলা হওয়ায় মামলাজট বাড়ছে।গুরুতর এ মামলাজট থেকে পরিত্রাণ পেতে আইন মন্ত্রণালয় গত বছর একটি মনিটরিং সেল গঠন করেছে। কিন্তু এ পর্যন্ত কাজের কাজ তেমন কিছু হয়নি। মনিটরিং সেলের কাজ সীমাবদ্ধ মূলত সারা দেশের অনিষ্পন্ন মামলার হিসাব ও তথ্যাদি জমা করার মধ্যে।সর্বশেষ চলতি বছরের জানুয়ারি পর্যন্ত হিসাবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পাঁচ হাজার ২৬০টি এবং হাইকোর্টে তিন লাখ ২৫ হাজার ৫৭১টি মামলা বিচারাধীন। আর দেশের ৬৪টি জেলায় বিচারাধীন দেওয়ানি ও ফৌজদারি মামলার সংখ্যা সাত লাখ ৯৫ হাজার ৭৩টি। এর মধ্যে সবচেয়ে বেশি অনিষ্পন্ন্ন দেওয়ানি মামলার সংখ্যা হলো খুলনায় ৬৫ হাজার ৭৯২। চট্টগ্রামে এর সংখ্যা ৫৯ হাজার ৪৬৫। দেওয়ানি মামলার হিসাবে তৃতীয় অবস্থান ঢাকার। রাজধানীতে অনিষ্পন্ন দেওয়ানি মামলা ৩৯ হাজার ২৩৯টি। আর সবচেয়ে বেশি অনিষ্পন্ন ফৌজদারি মামলা নারায়ণগঞ্জে। সেখানে অনিষ্পন্ন ফৌজদারি মামলার সংখ্যা আট হাজার ৪৩৫টি।আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং হাইকোর্ট বিভাগের মামলার সংখ্যাসংক্রান্ত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, দীর্ঘদিনের অবহেলার কারণে এ বিপুল মামলাজটের সৃষ্টি হয়েছে।নিজে পেশাদার আইনজীবী এ মন্ত্রী বলেন, পর্যাপ্ত আদালত আর বিচারকের অভাব একটি বড় কারণ। মামলায় ঘন ঘন সময় নেওয়াকেও হয়রানির আরেকটি বড় কারণ হিসেবে চিহ্নিত করেন তিনি।মনিটরিং সেলের প্রতি ইঙ্গিত করে মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন থাকা মামলা দ্রুত নিষ্পত্তির উপায় বের করার লক্ষ্যে মন্ত্রণালয়ের একটি বিশেষ বিভাগ কাজ করছে।আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, বিচারাধীন মামলার সংখ্যা বাড়ার অর্থ হলো মানুষের হয়রানি বাড়া। তাই বিচারক বা আদালতের অভাব থাকলে তা দ্রুত মেটাতে হবে। এর পেছনে আরও কোনো কারণ আছে কি না, সেটাও মন্ত্রণালয় খতিয়ে দেখতে পারে।