বিচারিক এখতিয়ার বৈষম্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফৌজদারি কার্যবিধি অনুযায়ী একজন সদ্য নিয়োগপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা কগনিজেন্স কোর্টের প্রিজাইডিং অফিসারের প্রায় সব বিচারিক কাজের অসংগতির বিরুদ্ধে আপিল, রিভিশন বা জামিন আদেশের বিরুদ্ধে আনীত কোনো ফৌজদারি বিবিধ মোকদ্দমা জেলা ও দায়রা জজকেই শুনতে হয়। কিন্তু দায়রা জজের অবস্থা বিচার বিভাগ পৃথককরণের আগের অবস্থানেই রয়েছে। এখনো বিচারের ত্রুটি শোনেন, দেখেন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের আদেশ বাতিল বা বহাল রাখার বিষয়ে তিনিই অধিকর্তা কিন্তু জেলা জজের কাছ থেকে চিফ জুডিশিয়াল, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের অংশবিশেষ অনুবেদন নিলেও অপর সব জুডিশিয়াল বা নির্বাহী ম্যাজিস্ট্রেট, যাঁরা বিচারের সঙ্গে যুক্ত তাঁদের বার্ষিক গোপনীয় অনুবেদন নেওয়া হয় না। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মূল্যায়ন প্রতিবেদনে দায়রা জজ নম্বর দেন ৪০ শতাংশ আর হাইকোর্ট দেন ৬০ শতাংশ। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের বিচারের ত্রুটির শুনানি গ্রহণ করেন দায়রা জজ। অথচ দায়রা জজ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাজের কোনো মূল্যায়ন প্রতিবেদন দেন না বা বিদ্যমান আইনে তাঁর মতামত গ্রহণের কোনো সুযোগ সংরক্ষণ করা হয়নি। এ পদ্ধতির ফলে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভালো এসিআর প্রাপ্তির জন্য তাঁর রির্পোটিং অফিসার হিসেবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রতি যত অনুগত ও যত্নবান থাকেন, অনুরূপ আনুগত্য জেলা জজের প্রতি তাঁর থাকে না। একজন সহকারী জজ মামলারনিস্পত্তি, রায়ের গুনাগুনের জন্য জেলা জজের কাছে দায়বদ্ধ থাকেন একই কারণে কিন্তু একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের জেলা জজের কাছে দায়বদ্ধ থাকার কথা কিন্তু সে সুযোগ এখানে সংরক্ষণ করা হয়নি। যদি এ রকম হতো সব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের প্রদত্ত বিচারের মান বিবেচনা করে দায়রা জজ এসিআর দেবেন এবং প্রশাসনিক বিষয়াদির জন্য প্রশাসনিক প্রধান হিসেবে পৃথক একটি প্রতিবেদন দেবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তবে তা হতো বিচার বিভাগের জন্য নিরাপদ। এ রূপ পদ্ধতি না থাকায় দায়রা জজের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধস্তন কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ওপর নিয়ন্ত্রণ পরিলক্ষিত হচ্ছে না অথচ ফৌজদারি কার্যবিধির ১৭ (৪) উপধারায় বলা আছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ সব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়রা জজের অধীন হবেন এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসহ সব মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন দায়রা জজের অধীন হবেন। কাগজে-কলমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা দায়রা জজের অধীন হলেও বাস্তবে এসিআরের কারণে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীন। উত্তম নিরাপদ বিচারব্যবস্থার জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট যাঁরাই বিচারিক কাজের সঙ্গে যুক্ত থাকুন, তাঁদের বিচারিক কাজের জন্য মূল্যায়ন রির্পোট দায়রা জজের থেকে নেওয়ার বিধান থাকা উচিত। এর ফলে অধস্তন আদালতের (জুডিশিয়াল কোর্ট বা নির্বাহী ও মোবাইল কোর্ট) বিচারক তাঁর ওপর ন্যস্ত বিচারিক দায়িত্বের প্রতি যত্নবান হবেন।অধস্তন আদালতের পৃথককরণের পর আরেকটি সমস্যা লক্ষণীয়, তা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারিক ক্ষমতা ও পদমর্যাদা নিয়ে। বিচার বিভাগ পৃথককরণের পর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেওয়া হচ্ছে একজন অতিরিক্ত জেলা ও দায়রা জজকে। আমরা যদি পদের বিচারের এখতিয়ার হিসাব করি, প্রশাসনিক ক্ষমতা ছাড়া একজন অতিরিক্ত দায়রা জজ জেলা ও দায়রা জজের অনুরূপ বিচারিক ক্ষমতার অধিকারী। সংবিধানের ১৫২ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘জেলা জজ বলিতে অতিরিক্ত জেলা জজগণকেও বুঝাইবে।’ কাজেই অতিরিক্ত জেলা জজদের দ্বারা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কর্ম করিয়ে রাষ্ট্র মূলত তাঁদের মধ্যে ‘বৈষম্যই’ সৃষ্টি করেছে। দায়রা অধিক্ষেত্রে একজন অতিরিক্ত দায়রা জজ মৃত্যুদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারেন। তাঁর রায় ও আদেশের বিরুদ্ধে আপিল করতে হয় হাইকোর্ট বিভাগে কিন্তু যখন তাঁকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসিতে চিফ করে পদায়ন করা হচ্ছে, তখন কিন্তু একজন অতিরিক্ত দায়রা জজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তথা প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়রা জজের অধীন হন, যা সংবিধানের ১৫২ অনুচ্চ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যেকোনো বিচারিক সিদ্ধান্তের বিরুদ্ধে দায়রা জজের কাছে প্রার্থনা করতে হয়। এখানে আপিল কতৃপক্ষ দায়রা জজ। দায়রা জজ যদি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সিদ্ধান্তের বিরুদ্ধে আনীত কোনো আপিল নিষ্পত্তির জন্য অতিরিক্ত জেলা জজের কাছে প্রেরণ করেন, তবে সে ক্ষেত্রে বিষয়টি বিব্রতকর । পদ হিসেবে অতিরিক্ত দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একই ব্যক্তি (সম-মর্যাদাসম্পন্ন) হলেও একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসির প্রধান হওয়া ছাড়া সব ক্ষেত্রেই দায়রা জজ তো বটে, অতিরিক্ত দায়রা জজেরও নিচে। অথচ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একজন অতিরিক্ত জেলা জজ থেকে পদায়িত ব্যক্তি, যা একজন বিচারকের জন্য যন্ত্রণাদায়ক ও বিচারব্যবস্থার জন্য লেজে-গোবরে।আমার ধারণা, যাঁরা ফৌজদারি কার্যবিধি সংশোধন করেছেন, তাঁরা এসব বিষয় বিবেচনায় নিতে পারেননি । এখানে মূলত জুডিশিয়াল সার্ভিসের স্বার্থে অতিরিক্ত জেলা জজ থেকেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের বিধান করা হয়। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, আপাতত এভাবে চলবে, পরে অনুকূল সুযোগ বুঝে পদটিকে উন্নত করা যাবে। অর্থাৎ জুডিশিয়াল সার্ভিসের প্রাপ্তির কথা বিবেচনা করেই কাজটা করা হয়। তবে বিষয়টি যেমন জনস্বার্থে ছিল না, অনুরূপ কোনোভাবেই বিচারব্যবস্থার জন্য মানসম্মত নয়। এটির পরিবর্তন হওয়া জরুরি। প্রকৃত অর্থেই যদি আমরা জনস্বার্থ সংরক্ষণ করতে চাই বা বিদ্যমান অসংগতি বা দ্বন্দ্ব নিরসন চাই, তবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদটি জেলা জজ হিসেবে পদোন্নতি প্রাপ্ত নবীনদের জন্য (Session Judge entry post) সংরক্ষিত করে এর মানোন্নয়ন করা। সেই সঙ্গে তাঁকে ফৌজদারি রিভিশন এবং সব ধরনের ম্যাজিস্ট্রেটদের যাবতীয় আপিল ও মিস আপিল শোনার এখতিয়ার প্রদান করা। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সব আদেশই হাইকোর্টকে আপিল বা রিভিশন যোগ্য করা। দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজরা কেবল দায়রা মামলার বিচারকাজই করবেন। এ ব্যবস্থার ফলে জনগণের ভোগান্তি খানিকটা হলেও কমবে। যদি পদটির ক্ষমতা বৃদ্ধি করে মানোন্নয়ন করা না যায়, সে ক্ষেত্রে বিকল্প হিসেবে বিবেচনায় নিতে হবে তা হলো যেহেতু শাস্তির দিক থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাজা প্রদানের ক্ষমতা যুগ্ম জেলা জজের চেয়েও কম বা অনুরূপ সে কারণে সামঞ্জস্য বিধানের জন্য যুগ্ম জেলা জজদের থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নবীন যুগ্ম জেলা জজদের থেকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদটি পূরণ করা যেতে পারে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদ দুটি যুগ্ম দায়রা জজের মর্যাদা দিলে তাঁর আপিল কতৃপক্ষ হিসেবে জেলা জজ হওয়া সংগতিপূর্ণ এবং একই সঙ্গে অতিরিক্ত জেলা জজদের ম্যাজিস্ট্রেসির প্রধান করার নামে যেভাবে ছোট করা হয়েছে তারও অবসান হবে। লেখক  আইনজীবী।