বিচারিক ক্ষমতা পাচ্ছেন না নির্বাহী ম্যাজিস্ট্রেটরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের জন্য অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার করার যে ক্ষমতা জেলা প্রশাসকরা চেয়েছেন, তা দেওয়া যুক্তিসংগত হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা জানান।এ প্রসঙ্গে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, ‘২০০৭ সাল থেকে বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ আলাদা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী ফৌজদারি কার্যবিধি সংশোধন করা হয়। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিচারিক ক্ষমতা দেওয়ার বিধান নেই। এ জন্য এটা করা যুক্তিসংগত (আইনসংগত অর্থে) হবে না।’বিচার বিভাগ পৃথক হওয়ার পর থেকে দীর্ঘদিন ধরে জেলা প্রশাসকেরা সংক্ষিপ্ত বিচার করার ক্ষমতা চেয়ে আসছিলেন। এবারের জেলা প্রশাসক সম্মেলনেও তাঁরা এই প্রস্তাব করেন।তবে জেলা প্রশাসকদের দাবি অনুযায়ী, আদালত অবমাননা আইন যুগোপযোগী করা হচ্ছে। আগামী সংসদ অধিবেশনে এটা পাস হওয়ার সম্ভাবনা আছে বলে আইনমন্ত্রী জানিয়েছেন। এতে নির্দিষ্ট করে বলা আছে, কোন বিষয়ে আদালত অবমাননা হবে, আর কোন ক্ষেত্রে তা হবে না। এতে জেলা প্রশাসকদের কাজ করতে সুবিধা হবে।আজকের আলোচনায় জেলা প্রশাসকেরা অভিযোগ করেন, বিভিন্ন কাজ করতে গিয়ে তাঁদের যখন-তখন আদালত অবমাননার সম্মুখীন হতে হয়। এতে কাজ-কর্মে সমস্যার সৃষ্টি হয়।