বিচারিক ক্ষমতা ফেরত চেয়েছেন ডিসিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা প্রশাসকেরা (ডিসি) সংক্ষিপ্ত বিচারিক আদালতে তাঁদের বিচারের ক্ষমতা ফেরত চেয়েছেন। ডিসিরা বলছেন, সংক্ষিপ্ত বিচারিক ক্ষমতা না থাকায় ভ্রাম্যমাণ আদালতে বিচারে তাঁদের সমস্যা হচ্ছে। বিচারব্যবস্থা পৃথক্করণের পর তাঁদের এ ক্ষমতা রহিত করা হয়। ডিসিদের বক্তব্য হচ্ছে, জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেটদের হাতে এখন শুধু ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা রয়েছে। এই আদালতে অভিযুক্ত ব্যক্তি যদি দোষ স্বীকার না করে, তাহলে তার বিচার করার এখতিয়ার ওই আদালতের থাকে না। তখন অভিযুক্তকে মামলার মাধ্যমে বিচারিক আদালতে সোপর্দ করতে হয়। ডিসিরা মনে করেন, তাঁদের সংক্ষিপ্ত বিচারিক ক্ষমতা থাকলে অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার না করলেও উপস্থিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা তাঁরা নিতে পারেন। ডিসিদের দাবি, এই সংক্ষিপ্ত বিচারিক ক্ষমতাটা না থাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তাঁদের সমস্যা হচ্ছে। ডিসিদের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত আইনের তফসিলে ফৌজদারি কার্যবিধির ১৬০ ও ১৬২ ধারা সংযুক্ত করার প্রস্তাব করা হয়। প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। ডিসি সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনায় ডিসিদের পক্ষ থেকে এসব প্রস্তাব করা হয়। এ ছাড়া ডিসিরা আদালত অবমাননা আইন কার্যকর করা, মন্ত্রিপরিষদ বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস গঠনেরও সুপারিশ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনের ডিসি সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সব সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকেরা এতে যোগ দিচ্ছেন। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আবদুল আজিজ সম্মেলনে সূচনা বক্তব্য দেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণের পর ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহমেদ ও রাজবাড়ীর জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী আনুষ্ঠানিক বক্তব্য দেন। চট্টগ্রামের জেলা প্রশাসক ভ্রাম্যমাণ আদালতের পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করে বলেন, অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের না থাকায় অনেক ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত কাজ করতে পারেন না। তিনি ভ্রাম্যমাণ আদালতকে সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা দেওয়ার সুপারিশ করেন। যশোরের জেলা প্রশাসক মাদকের গ্রাস থেকে রক্ষার জন্য ভ্রাম্যমাণ আদালতকে হেরোইন ও ফেনসিডিল আমদানি এবং ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরির সুপারিশ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসিদের এসব বক্তব্য শুনে মুখ্য সচিব ও মন্ত্রিপরিষদ সচিবকে লিখিতভাবে সরকারের কাছে সারসংক্ষেপ উত্থাপনের নির্দেশ দেন।সূত্র জানায়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নানা ক্ষেত্রে অনিয়ম-অব্যবস্থাপনা দেখা দিচ্ছে বলেও ডিসিরা অভিযোগ করেন। তাঁরা জানান, ক্ষেত্রবিশেষে পরিচালনা পরিষদ অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। শিক্ষক নিয়োগেও জটিলতা তৈরি হচ্ছে। নিয়োগ দিতে না পারায় বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠান ভারপ্রাপ্ত শিক্ষক দিয়ে চালাতে হচ্ছে। প্রয়োজনে কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগের বিষয়টি নিশ্চিত করার সুপারিশ করেন তাঁরা। ডিসিদের পক্ষ থেকে পরিচালনা পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহি আনতে প্রশাসনকে সম্পৃক্ত করে পরিচালনা পরিষদ নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে ডিসিদের খোলামেলা আলোচনার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় জেলা প্রশাসকদের মধ্যে বক্তব্য দেন সাতক্ষীরার আবদুস সামাদ, চুয়াডাঙ্গার ভোলানাথ দে, রাজশাহীর আবদুল হান্নান, চাঁপাইনবাবগঞ্জের কে এম আলী আজম, মৌলভীবাজারের মোস্তাফিজুর রহমান, রাঙামাটির সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, জয়পুরহাটের অশোক কুমার বিশ্বাস, রংপুরের এনামুল হক, লালমনিরহাটের মোখলেসুর রহমান সরকার, নারায়ণগঞ্জের শামসুর রহমান, গাজীপুরের কামাল উদ্দিন তালুকদার, যশোরের আমিনুল ইসলাম ও কক্সবাজারের জয়নুল বারী।সম্মেলনে পঞ্চগড়ের জেলা প্রশাসক তোফাজ্জেল হোসেন মিয়া বলেন, এশিয়ান ইউনিভার্সিটি, দারুল ইহসান ইউনিভার্সিটি, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিসহ বিভিন্ন নামে বিভিন্ন প্রতিষ্ঠান আত্মপ্রকাশ করছে। এসব প্রতিষ্ঠান শিক্ষার নামে সনদ ব্যবসায় জড়িত। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।মন্ত্রিপরিষদ সভাকক্ষে ডিসিদের দ্বিতীয় অধিবেশনে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অর্থ, ভূমি, মুক্তিযুদ্ধবিষয়ক, গৃহায়ণ ও গণপূর্ত এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা হয়। শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, ইয়াফেস ওসমান, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অধিবেশনে খুলনার বিভাগীয় কমিশনার মশিউর রহমান এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে সরকারি শৃঙ্খলা ও আপিল বিধিমালা কার্যকর করার সুপারিশ করেন। এ ছাড়া কমিটির পরিবর্তে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতনভাতাদি জেলা প্রশাসনের ওপর দেওয়ার কথা বলেন। জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ডিসিদের বক্তব্য তিনি শুনেছেন। বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অধিবেশনে খুলনার কমিশনার আরও অভিযোগ করেন, বিদ্যালয় ভবন নির্মাণ ও সংস্কারের জন্য জেলা প্রশাসন থেকে অগ্রাধিকার তালিকা নেওয়া হয়। কিন্তু দেখা যায়, যেগুলো অগ্রাধিকারপ্রাপ্ত নয়, সেগুলোতেই নির্মাণ বা সংস্কার হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়: স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, প্রতিমন্ত্রী শামসুল হক, সচিব আবদুস সোবহান সিকদার এবং পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার উপস্থিত ছিলেন। কক্সবাজার জেলা প্রশাসক প্রতি মাসে ক্রোকি ও গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং জমাকৃত মামলার অবস্থান সম্পর্কিত তথ্যাদি জেলা প্রশাসক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো বাধ্যতামূলক করার দাবি করেন। ঢাকার জেলা প্রশাসক মহিবুল হক ১৮৭৮ সালের অস্ত্র আইন সংশোধন করে পিস্তল, রাইফেল ও রিভলবারের লাইসেন্স ফি ১০ হাজার টাকা, শটগান পাঁচ হাজার টাকা, আগ্নেয়াস্ত্রের ডিলিং ও মেরামতি লাইসেন্স ফি ১০ হাজার টাকা এবং অবিকল নকল লাইসেন্স ফি পাঁচ হাজার টাকায় নির্ধারণের প্রস্তাব করেন। এ ছাড়া রংপুর, ঢাকা, মৌলভীবাজার, কুমিল্লা ও রাঙামাটির জেলা প্রশাসক বেসামরিক কর্মকর্তাদের লাইসেন্স ও নবায়ন ফি মওকুফ করার প্রস্তাব করেন। রাজবাড়ী, নারায়ণগঞ্জ ও কুমিল্লার জেলা প্রশাসক নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার স্বার্থে সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য পৃথক পুলিশ বাহিনী নিয়োগের প্রস্তাব করেন। ভূমি মন্ত্রণালয়: ভূমি মন্ত্রণালয়ের আলোচনায় অংশ নেন মন্ত্রী রেজাউল করিম, প্রতিমন্ত্রী মুস্তাফিজুর রহমান ও সচিব মোখলেসুর রহমান। এ সময় খুলনার বিভাগীয় কমিশনার বলেন, বর্তমানে ২৫ বিঘা পর্যন্ত জমির মালিকের খাজনা মাফ করা আছে। এতে এসব জমির মালিকদের সঙ্গে প্রশাসনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাঁর প্রস্তাব ২৫ বিঘা পর্যন্ত জমির মালিকদের বছরে ২৫ টাকা খাজনা ধার্য করে আদায়ের ব্যবস্থা করা। অর্থ মন্ত্রণালয়: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থিতিতে এই অধিবেশনে ডিসিরা অর্থছাড় দ্রুত করার তাগিদ দেন। সরকারি ও বেসরকারি পর্যায়ে বাড়ি ভাড়ার বৈষম্য দূর করার প্রস্তাবও দেন তাঁরা। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আলোচনায় অংশ নেন মন্ত্রী এ বি তাজুল ইসলাম ও সচিব মিজানুর রহমান। বধ্যভূমি সংরক্ষণ, স্মৃতিসৌধ ও মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার বিষয়টি প্রাধান্য পায় এতে।