বিচারে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে আইন সংস্কার প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ অনুসারে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আইনটিতে কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে। আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতি রাখতে হলে এই পরিবর্তন জরুরি।যুদ্ধাপরাধবিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিফেন জে র‌্যাপ আজ বৃহস্পতিবার ঢাকায় এ মন্তব্য করেছেন। মার্কিন এই আইনজ্ঞের মতে, এই বিচার-প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে। একাত্তরের যুদ্ধাপরাধের বিচার শেষ হলে বিশ্ববাসীর কাছে এই বার্তা যাবে যে গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটতরাজসহ মানবতাবিরোধী অপরাধ করে কেউ কখনো রেহাই পাবে না।চার দিনের বাংলাদেশ সফর শেষে ঢাকা ছাড়ার আগে বিশেষ দূত র‌্যাপ রাজধানীর আমেরিকান ক্লাবে যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপ, অন্য দেশের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁর মত তুলে ধরেন।স্টিফেন আফ্রিকার গৃহযুদ্ধবিধ্বস্ত দেশ সিয়েরা লিওন ও রুয়ান্ডার যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। র‌্যাপ বলেন, বাংলাদেশ মৌলিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক কনভেনশন ও আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) বিষয়ক চুক্তি অনুসমর্থন করেছে। আন্তর্জাতিক ওই দুই আইনের আলোকেই গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটতরাজসহ মানবতাবিরোধী অপরাধে যুক্ত ব্যক্তিদের বিচার পরিচালনা করা সম্ভব।মার্কিন দূত বলেন, গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের পরিধি কী হবে, সেটি আইসিসি এবং সাবেক যুগোশ্লাভিয়া, রুয়ান্ডা ও কম্বোডিয়ার যুদ্ধাপরাধবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কাজেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরিধির আলোকে ১৯৭৩ সালে প্রণীত ও ১৯৯২ সালে সংশোধিত আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধন করা উচিত।বিচারের প্রক্রিয়াটি আন্তর্জাতিক অপরাধের—এই যুক্তি দিয়ে র্যাপ বলেন, এ কারণে আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতি রেখেই আইনের সংস্কার করতে হবে।বাংলাদেশ সফরকালে আইনমন্ত্রী ও অভিযুক্তদের আইনজীবীদের সঙ্গে আলোচনা করে তাঁর কিছু অভিজ্ঞতা হয়েছে বলে জানান র‌্যাপ। তিনি বলেন, দেশে ফিরে যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়ার বিষয়ে তাঁর মতামত বাংলাদেশে পাঠাবেন।আইন সংশোধনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে মার্কিন দূত বলেন, প্রক্রিয়ায় যদি পরিবর্তন না আনা হয়, তবে ভূতাপেক্ষ আইনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধের বিচার-প্রক্রিয়া চালানো যায় না। এক প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, অতীতে কী বর্তমানে, কোন ব্যক্তি কী অপরাধ করেছে সেটি নয়; অপকর্মের যে প্রমাণ পাওয়া গেছে, তার ভিত্তিতেই বিচার হওয়া উচিত। অভিযুক্ত ব্যক্তিকে তার আইনজীবীর সামনে জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করতে হবে। এ ছাড়া বিচার-প্রক্রিয়ার প্রতিটি পদক্ষেপেই আসামিপক্ষের আপিলের নিশ্চয়তার বিধান করতে হবে।বিচার-প্রক্রিয়া শুরুর আগে অনেককে গ্রেপ্তার করার বিষয়টিকে তিনি কীভাবে দেখছেন, জানতে চাইলে স্টিফেন বলেন, বিভিন্ন দেশ আলাদা আলাদা প্রক্রিয়া অনুসরণ করে। ট্রাইব্যুনাল-ভেদেও প্রক্রিয়া হয় আলাদা। তিনি উদাহরণ দিয়ে বলেন, অভিযোগ গঠনের আগে শুনানি চলার সময় কোনো ব্যক্তি তিন বছরও আটক থাকতে পারেন।পাকিস্তানের ১৯৫ জন যুদ্ধাপরাধীকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে যুদ্ধাপরাধের দায়ে তাদের স্থানীয় দোসরদের বিচার করলে পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে কি না—এমন প্রশ্নের উত্তরে র্যাপ বলেন, ‘তাদেরকে গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হয়েছে। এরপর তারা পাকিস্তানে ফিরে গেছে। এটি ট্রাইব্যুনালের বিষয়। তবে প্রত্যেক ব্যক্তিকে তার কৃতকর্মের জন্য বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত।’অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী বিচারের উদ্যোগ গ্রহণকারী বর্তমান সরকার এই প্রক্রিয়াকে একাত্তরের মুক্তিযুদ্ধকালে সংঘটিত ‘মানবতাবিরোধী অপরাধের বিচার’ হিসেবে উল্লেখ করছে।