২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার বিচারকাজ পরিচালনার জন্য বিশেষ এজলাস গঠন করা হয়েছে। ঢাকার কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক-সংলগ্ন পুরোনো কারারক্ষী ব্যারাক ভবনে এই বিশেষ এজলাস বসবে। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাতে বলা হয়, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ধারা ৪-এর উপধারা (৪)-এর ক্ষমতাবলে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ ২১ আগস্ট গ্রেনেড হামলা-সংক্রান্ত মামলা দুটির বিচার চলছে।এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, সাবেক কয়েকজন মন্ত্রী, রাজনৈতিক, সামরিক-বেসামরিক কর্মকর্তা ছাড়াও বেশ কয়েকজন জঙ্গি এই মামলার আসামি। তাই চাঞ্চল্যকর এই মামলা চলাকালে আদালতের নিরাপত্তা এবং স্থানসংকুলানের কথা বিবেচনায় নিয়ে বিশেষ এজলাস গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল এই মামলার অভিযোগ গঠনের বিরুদ্ধে আসামি পক্ষের শুনানি শুরু হয়েছে। মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) খোদা বক্স চৌধুরীর করা আবেদনের ওপর তাঁর আইনজীবী আবদুর রশিদ শুনানি করেন। এ ছাড়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১২ জনের পক্ষে অব্যাহতির আবেদন করা হয়। বিচারক শাহেদ নূর উদ্দিন এসব আবেদনের ওপর ১৭ অক্টোবর শুনানির তারিখ ধার্য করেন। গতকাল রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমানকে শুনানিতে সহযোগিতা করেন মহানগর পিপি আব্দুল্লাহ আবু, আকরাম উদ্দিন প্রমুখ আইনজীবী।৯ অক্টোবর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৩০ জন আসামির বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় রাষ্ট্রপক্ষে অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষ হয়।গত ৩ জুলাই তারেক রহমান, হারিছ চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, জামায়াতের আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ ৩০ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেয়। এর আগে ২০০৮ সালের ১১ জুন সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, জঙ্গি নেতা মুফতি হান্নানসহ ২২ জনকে আসামি করে প্রথম অভিযোগপত্র দেয় সিআইডি। উভয় অভিযোগপত্র মিলে এখন মোট আসামি ৫২ জন। এর মধ্যে ৩২ জন কারাগারে, একজন জামিনে এবং তারেক রহমানসহ ১৯ জন পলাতক।