বিচারের দাবিতে মানববন্ধন ভাঙচুরের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র রেদোয়ানের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে মানববন্ধন করেছেন এফ রহমান হলের ছাত্ররা। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে এই মানববন্ধন হয়। এ ছাড়া রেদোয়ানের মৃত্যু এবং ক্যাম্পাসে ভাঙচুরের ঘটনায় মোট তিনটি মামলা হয়েছে।এর মধ্যে রোববার রাতে একটি মামলা করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শেখ মহসীন আলম। মামলায় ১০ জন ছাত্রের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা শতাধিক ছাত্রের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়।মামলার আসামিরা হলেন: বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র মোহাম্মদ রহমতউল্লাহ, আরবি বিভাগের শাহাবুদ্দীন, মোহাম্মদ হান্নান শরীফ মোহাম্মদ মমিনুর রহমান, সাইফুর রহমান, আবু জাফর, মোস্তাকিম বিল্লাহ, মাহবুবুর রহমান, মোহাম্মদ মামুন ও ওজায়ের হোসেন মনির। তাঁদের মধ্যে মোহাম্মদ রহমতউল্লাহকে রোববারই আটক করেছে পুলিশ। তিনি হাজী মুহম্মদ মুহসীন হলের ৪৩১ নম্বর কক্ষের ছাত্র। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার দুপুরে শাহবাগ এলাকায় গাড়িতে আগুন দেওয়ার সময় রহমতউল্লাকে আটক করা হয়। গতকাল কয়েক শ ছাত্র ভাঙচুরে অংশ নিয়ে এক কোটি টাকার সম্পদ নষ্ট এবং ১০-১৫ জন পুলিশ সদস্যকে আহত করেন। তাঁদের মধ্যে পুলিশ এই ১০ জনকে চিহ্নিত করে মামলা করেছে।আরও দুই মামলা: ক্যাম্পাসে ভাঙচুরের অভিযোগে শাহবাগ থানায় একটি এবং হত্যার অভিযোগে মতিঝিল থানায় আরেকটি মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মামলা দুটির বাদী বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা শেখ মো. কামরুল আহসান প্রথম আলোকে বলেন, প্রক্টরের কার্যালয়সহ কলাভবনের কয়েকটি বিভাগে ভাঙচুর ও বিশ্ববিদ্যালয়ের গাড়ি ভাঙচুরের অভিযোগে অজ্ঞাতনামা ৪০-৪৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। কামরুল আরও বলেন, মতিঝিল থানায় হিমালয় পরিবহনের চালক, সহযোগী, কন্ট্রাক্টর ও কাউন্টারে থাকা পরিবহন শ্রমিক এবং একটি অজ্ঞাতনামা ট্রাকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এজাহারে অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, বেপরোয়া গাড়ি চালানোর কারণে রেদোয়ানের মৃত্যু হয়েছে—এমন অভিযোগে একটি মামলা হয়েছে। ওই মামলায় হিমালয় পরিবহনের লোকজন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে মারধর করেছে বলেও উল্লেখ করা হয়েছে।শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন: গতকাল দুপুর ১২টার দিকে আরবি বিভাগের সেমিনারকক্ষে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেন। তাঁরা রেদোয়ানের মৃত্যুর ঘটনায় বিভাগের পক্ষ থেকে মামলা, খুনিদের অবিলম্বে বিচার, পৃথক তদন্ত কমিটি ও রেদোয়ানের পরিবারকে ৩৫ লাখ টাকা দেওয়ার দাবি জানান। এ ছাড়া তাঁরা আজ মঙ্গলবার বেলা ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন, আগামীকাল বুধবার একই সময় মৌন মিছিল এবং ১০ তারিখে বিক্ষোভ ও দোয়া মাহফিলের কর্মসূচি দিয়েছেন। আহত ছাত্রের অবস্থার উন্নতি: ঘটনায় অপর আহত ছাত্র জহিরুল হকের অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে। গত রোববার উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। এফ রহমান হলের প্রাধ্যক্ষ আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, আহত জহিরুল আশঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে স্বাভাবিক ওয়ার্ডে স্থানান্তরের চিন্তাভাবনা চলছে। তদন্ত কমিটি: রেদোয়ান হত্যার কারণ অনুসন্ধানে বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটি গতকাল থেকে কাজ শুরু করেছে। কমিটির সদস্য মো. আখতারুজ্জামন বলেন, দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের যেসব জায়গায় ভাঙচুর করা হয়েছে, সেসব জায়গা পরিদর্শন করা হয়েছে। কাল ৯ মার্চ কমিটি আবারও বৈঠকে বসবে। প্রসঙ্গত, গত শনিবার মতিঝিলে পরিবহন শ্রমিকদের হামলায় গুরুতর আহত হন রেদোয়ান। ওই দিন রাতেই ধানমন্ডির আনোয়ার খান মডার্ণ হাসপাতালে মারা যান।