বিচারের দাবিতে ২৫ কিলোমিটার মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী পৌর মেয়র লোকমান হোসেন হত্যার পরিকল্পনাকারী ও খুনিদের বিচারের দাবিতে গতকাল বুধবার ২৫ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদী সদর উপজেলার মাধবদী থেকে শিবপুর উপজেলার ইটাখোলা পর্যন্ত এ মানববন্ধনে অংশ নেয় সর্বস্তরের মানুষ।জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আয়োজনে এ মানববন্ধন চলে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত। এ সময় লোকমান হত্যা মামলার অগ্রগতি নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেন। মানববন্ধন থেকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর অপসারণের দাবি জানানো হয়।গত ১ নভেম্বর রাত আটটার দিকে সন্ত্রাসীদের গুলিতে পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান খুন হন। এ ঘটনায় মন্ত্রী রাজিউদ্দিনের ছোট ভাই সালাউদ্দিন আহমেদকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত-আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। মানববন্ধনে অংশ নেওয়া নরসিংদী শহরের বাসাইল এলাকার বৃদ্ধা হনুফা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমরা কোন দেশে বাস করতাছি, যেখানে খুনের বিচার এমনি হওয়ার কথা, সে জায়গায় কি না আমাগো মেয়রের হত্যার বিচারের লাইগা রাস্তায় নামতে হইছে। আর মামলার যে হাল রাজুরে মন্ত্রী থেইকা না নামাইলে এ বিচার হইব না। আগে রাজুরে নামাইতে হইব। তার পর সুষ্ঠু বিচার করা যাইব।’মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে নিহত লোকমানের স্ত্রী তামান্না নুসরাত বলেন, ‘ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীকে অপসারণ না করা হলে মেয়র লোকমান হত্যার নিরপেক্ষ বিচার বাধাগ্রস্ত হবে। এর প্রমাণ হলো পুলিশ একজন এজাহারভুক্ত আসামিসহ সাতজনকে ছাড়া কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আমাদের ধৈর্যের বাঁধ আর মানছে না। প্রধানমন্ত্রী, আপনি দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার করুন।’তামান্না মন্ত্রী রাজিউদ্দিনের অপসারণ এবং লোকমান হত্যার পরিকল্পনাকারী ও খুনিদের গ্রেপ্তার করে ফাঁসি দেওয়ার দাবি জানান। দাবি না মানলে কাফনের কাপড় পরে নরসিংদীর সাধারণ জনগণকে নিয়ে রাস্তায় আমরণ অনশন করার ঘোষণা দেন তিনি।নিহত লোকমানের মা মাজেদা বেগম বলেন, ‘আমার বুকের মানিককে যারা হত্যা করেছে তাদের তোমরা দ্রুত ফাঁসিতে ঝোলাও। নইলে আমার লোকমানের আত্মা শান্তি পাবে না।’ এই বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।একই দাবি জানান লোকমান হত্যা মামলার বাদী ও তাঁর ছোট ভাই কামরুজ্জামান। মানববন্ধনে নরসিংদী-১ (সদর) আসনের সাংসদ নজরুল ইসলাম বলেন, ‘লোকমান হত্যার বিচার নরসিংদীর মাটিতে হবে; হতেই হবে। আজ দলমত-নির্বিশেষে নরসিংদীর জনগণ রাজপথে নেমে মানববন্ধনের মাধ্যমে তারই জানান দিচ্ছে।’মানববন্ধনে অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঞা ও প্রচার সম্পাদক সামসুল আলম, জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম, মাধবদী পৌর মেয়র ইলিয়াস মিয়া, জেলা ছাত্রলীগের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক ও নিহতের ছোট ভাই শামীম নেওয়াজ, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. ফজলুল হক।এ ছাড়া মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শ্রমিক পেশাজীবী, প্রথম আলো বন্ধুসভা নরসিংদীর সদস্যসহ কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেয়। তারা এ সময় মেয়র লোকমান হত্যার বিচারের দাবিতে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড বহন করে এবং মন্ত্রী রাজিউদ্দিনের অপসারণ দাবি করে তাঁর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।