বিচারের বিরুদ্ধে রাজপথে যাচ্ছে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক নেতাদের বিচারের বিরুদ্ধে রাজপথে নামতে চায় জামায়াতে ইসলামী।আন্দোলনের মাধ্যমে বিচার-প্রক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি করতে প্রস্তুতি নিচ্ছে বলেও দলটির একাধিক সূত্র জানিয়েছে। এ কারণে আনুষ্ঠানিক বিচার শুরু হওয়ার আগেই জামায়াতের নেতারা ট্রাইব্যুনালের চেয়ারম্যান, বিচারপতি, তদন্ত দল ও রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের বিতর্কিত করতে সভা-সমাবেশে নানা অভিযোগ আনছেন।দলটির একাধিক নেতা বলেছেন, তাঁরা বিচার কার্যক্রমে আশার আলো দেখছেন না। তাই আইনি লড়াইয়ের চেয়ে বিষয়টি দ্রুত রাজপথে ঠেলে দেওয়ার ব্যাপারে মনোযোগ দিচ্ছেন। একই সঙ্গে তাঁরা মনে করছেন, এই সরকারের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচার করা গেলেও শেষ পর্যন্ত সাজা কার্যকর করতে পারবে না।জানতে চাইলে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি এ টি এম আজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সরকার তো দেশি-বিদেশি আইনজ্ঞ, আন্তর্জাতিক সংস্থা কারও কথাই শুনছে না। গায়ের জোরে শাস্তি দিতে উঠেপড়ে লেগেছে। আমরা এর প্রতিবাদ করছি, রাজপথের কর্মসূচিও শুরু করেছি।’মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীসহ শীর্ষস্থানীয় পাঁচজন নেতা গ্রেপ্তার আছেন। বাকিরা হলেন: নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা। এর মধ্যে সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের বিষয়ে আংশিক শুনানি হয়েছে।জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, শুরুতে দলটির সিদ্ধান্ত ছিল, বিদেশ থেকে অভিজ্ঞ আইনজীবী এনে বিচার মোকাবিলা করা হবে। কিন্তু বিদেশি আইনজীবীদের মামলা পরিচালনায় অংশ নিতে বাংলাদেশ বার কাউন্সিলের অনুমতি না পাওয়ায় জামায়াত আশাহত হয়েছে। এ ছাড়া দলটি মনে করে, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর কিছু ধারা সংবিধানের মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। তাই সরকার এসব ধারা সংশোধন করবে। কিন্তু তা-ও হয়নি।বিচার হবে, সাজা হবে না!: জামায়াতের শীর্ষ ও মধ্যম সারির পাঁচজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা মনে করেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাগারে আটক তাঁদের পাঁচ নেতার বিচার বর্তমান সরকারের বাকি মেয়াদে শেষ করে ফেলা হবে, কিন্তু সাজা কার্যকর করতে পারবে না। তার আগেই দলটি এ নিয়ে একটা হট্টগোল বাধাতে সক্ষম হবে।জানতে চাইলে দলটির কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ইজ্জত উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘শাস্তি দেওয়ার মানসিকতা থেকেই তো কাল্পনিক সব অভিযোগ দাঁড় করানো হয়েছে। কিন্তু দেশের জনগণ কি এত সহজে বিচার কার্যকর করতে দেবে?’জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি এ টি এম আজহার বলেন, ‘সরকার বিষয়টি যে জায়গায় নিয়েছে, তাতে বিচার করা না-করা—দুটোই তাদের জন্য সমস্যা। বিচার না করলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের কাছে কী জবাব দেবে। আর বিচার করলে রায় কার্যকর করা সহজ হবে না।’কেন সহজ হবে না, এই প্রশ্নের জবাবে আজহার বলেন, ‘আমরা কি ঘরে বসে থাকব?’সাঈদীর বিরুদ্ধে অভিযোগ দাখিল, জামায়াতে অস্থিরতা: দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শুরু হওয়ার পর থেকে জামায়াতের নীতিনির্ধারক মহলে অস্থির ভাব দেখা দিয়েছে।দলীয় সূত্র জানায়, ট্রাইব্যুনালের দৈনন্দিন কার্যক্রমের ধারা ও মামলার গতি-প্রকৃতি দেখে আইনজীবীরা জামায়াতের নেতাদের যে ধারণা দিচ্ছেন, তাতে নীতিনির্ধারক মহল শঙ্কিত। এই অবস্থায় আর ঘরে বসে না থেকে এর বিরুদ্ধে দ্রুত মাঠে নামার সিদ্ধান্ত নেওয়া হয়।দলের কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের আইনজীবী জসিম উদ্দিন সরকার বলেন, ‘আমি এটুকু নিশ্চিত করে বলতে পারি, বর্তমান আইনে ন্যায়বিচার পাওয়ার কোনো সম্ভাবনা নেই।’ তিনি বলেন, আসামিপক্ষের শুনানি শেষে অভিযোগ গঠনের পর বলা যাবে, পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে।বিদেশি আইনজীবীদের দ্বারে: দলের একটি সূত্র জানায়, প্রাক-বিচার শুরু হওয়ার পর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক ব্রিটিশ আইনজীবীদের পরামর্শ নিতে গত মাসে যুক্তরাজ্যে গেছেন। তিনি এখনো ফেরেননি। রাজ্জাক নিজেও মানবতাবিরোধী অপরাধের মামলায় দলের পাঁচ শীর্ষ নেতার আইনজীবী প্যানেলের প্রধান।দলীয় সূত্র জানায়, এই মামলায় আইনি সহায়তা নিতে ব্রিটিশ আইনজীবী স্টিভেন কে ই কিউসি, টবি ক্যাডম্যান ও জন কেমেগের সঙ্গে জামায়াতের চুক্তি হয়। এর মধ্যে প্রথম দুজন বসনিয়া, যুগোস্লাভিয়া ও রুয়ান্ডায় আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী ছিলেন।আবদুর রাজ্জাকের যুক্তরাজ্যে যাওয়ার ব্যাপারে জানতে চাইলে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বলেন, ‘সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ন্যূনতম শ্রদ্ধাশীল হলে রোম সংবিধি অনুযায়ী বিচার করবে এবং আইনের বিধিবিধান সংশোধন করবে।’জামায়াতের কাছে ধাঁধা: যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন নিয়ে জামায়াত কিছুটা ধাঁধায় আছে বলেও সূত্রগুলো জানিয়েছে।দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের কাছে এখনো পরিষ্কার নয় যে, এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, না ‘ডমেস্টিক ট্রাইব্যুনাল’। এই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের বিচার হবে, না মানবতাবিরোধী অপরাধের বিচার হবে। বিচারকাজ আদৌ আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) রোম সংবিধি অনুযায়ী পরিচালিত হবে, না বিদ্যমান আইনেই হবে। এ টি এম আজহার প্রথম আলোকে বলেন, ‘আসলে যুদ্ধাপরাধের বিচার করা সম্ভব হবে না বলে মানবতাবিরোধী অপরাধের কথা বলছে সরকার। আবার বর্তমান আইনে আন্তর্জাতিক মানের বিচার সম্ভব নয় বলেই এখন ডমেস্টিক ট্রাইব্যুনাল ও ডমেস্টিক আইনের কথা বলা হচ্ছে।’