বিচিত্র নেশা থেকে মুক্তি চায় রহিম
মানুষের হরেক রকমের নেশা থাকে। নেশার ঘোরে নিজের অজান্তে সে অনেক কিছুই করে থাকে। আবার অনেক সময় নেশার গ্রাস থেকে মুক্তি পেতে চাইলেও সঠিক পথ না পেয়ে মুক্তি হয় না তার। সে রকমই একজন বিশ্বনাথের আবদুর রহিম (২৬)। তাঁর নেশা মদ, গাঁজা কিংবা হেরোইনের নয়। কেরোসিনের গন্ধ শোঁকার বিচিত্র নেশা রয়েছে আবদুর রহিমের। আবদুর রহিম সিলেটের বিশ্বনাথ উপজেলার আমেরগাঁও গ্রামের মরহুম সিদ্দিক আলীর ছেলে। পেশায় তিনি একজন কৃষক। বুঝতে শেখার পর একদিন আবদুর রহিম কৌতূহলের বসে কেরোসিনের গন্ধ শোঁকেন। আর সে সময় থেকে এ গন্ধ তাঁকে বিপুলভাবে আকর্ষণ করতে থাকে। এরপর থেকে কেরোসিনের গন্ধ শুঁকা আবদুর রহিমের একটি বিচিত্র নেশা হয়ে দাঁড়ায়। তাই কেরোসিন ভর্তি পাঁচ লিটারের একটি ড্রাম এখন তাঁর নিত্যসঙ্গী। হাটে-মাঠে, কাজকর্মে, আত্মীয়স্বজনের বাড়ি বেড়াতে গেলে, এমনকি ঘুমাতে গেলেও তিনি এ ড্রামটি পাশে সযত্নে রাখেন সব সময়। কিছুক্ষণ পরপর তিনি ড্রামটির মুখ খুলে কেরোসিনের গন্ধ শোঁকেন। প্রতি ১০-১৫ মিনিট পরপর কেরোসিনের গন্ধ না শুঁকলে তিনি অজ্ঞান হয়ে পড়েন বলে তাঁর পরিবারের লোকজন ও এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে। জানা গেছে, প্রায় ১৮ বছর ধরে এভাবে কেরোসিনের গন্ধ শুঁকে শুঁকে বেঁচে আছেন আবদুুর রহিম। প্রথম প্রথম তাঁর পরিবারের লোকজন, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন তাঁকে কেরোসিনের গন্ধ না শুঁকার জন্য অনেক অনুরোধ করেছিল। এ কাজ থেকে তাঁকে ফেরাতে চেষ্টা করেছিল। কিন্তু কোনো ফল না পেয়ে তারা সবাই বাধা দেওয়া বন্ধ করে দেয়। কারণ হিসেবে তারা অনেকেই জানিয়েছে, কেরোসিনের গন্ধবিহীন অবস্থায় আবদুুর রহিম প্রায় পাগল হয়ে যান। তাঁর চলাফেরা, কাজকর্মে নেমে আসে অস্বাভাবিকতা। আর কেরোসিনের গন্ধ শুঁকতে পারলেই তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসেন। এ ব্যাপারে আবদুুর রহিম বলেন, ‘আমি একসময় অজানা এক আকর্ষণে কেরোসিনের গন্ধ শুঁকি। আর ওই সময় থেকেই সেটি আমার নেশায় পরিণত হয়। এখন আমি এই বিচিত্র নেশা থেকে মুক্তি পেতে চাই। আমি বুঝতে পারছি এর জন্য আমার উন্নতমানের চিকিৎসা প্রয়োজন। কিন্তু আমার পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে উন্নত চিকিৎসা করাতে পারছি না।’