বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে কয়েকটি কেন্দ্রে বিশৃঙ্খলা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ ভোট গ্রহণ চলে। চলছে ভোট গণনা।এ পৌরসভায় ৪০টি কেন্দ্রের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, কাজীপাড়া পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজকেন্দ্রে গোলযোগের খবর পাওয়া গেছে।সরেজমিনে ঘুরে আমাদের প্রতিনিধি জানান, কাজীপাড়া পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর পদপ্রার্থী ও সমর্থকদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে ওই কেন্দ্রে বেলা সোয়া একটা থেকে বিকেল তিনটা পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ ছিল।হোমিওপ্যাথিক মেডিকেল কলেজকেন্দ্রে কতিপয় বহিরাগত ঢুকে ব্যালট পেপার কেড়ে নিতে চায়। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় বেলা দুইটা থেকে আড়াইটা পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ থাকে।মেয়র পদে বিএনপির প্রার্থী বর্তমান মেয়র হাফিজুর রহমান মোল্লা দাবি করেন ওই বহিরাগতরা আওয়ামী লীগের প্রার্থীর সমর্থক।অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজকেন্দ্রের সামনে বিএনপির সমর্থক ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে হামলার ঘটনা ঘটে। এ সময় প্রায় ১০০টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। বিএনপির মেয়র পদপ্রার্থী হাফিজুর রহমান মোল্লার পক্ষে চশমা প্রতীকে আড়াই শ ব্যালটে সিল মারা হয়। তবে দুর্বৃত্তরা ব্যালট বাক্সে সেগুলো ফেলতে পারেনি। ওই ব্যালটগুলো জব্দ করা হয়। ওই সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রিসাইডিং কর্মকর্তা আবদুল হাকিম জানান, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা শফিউল আলমের হাত থেকে ব্যালট কেড়ে নিয়ে সিল মারে দুর্বৃত্তরা। তবে সেগুলো তারা বক্সে ফেলতে পারেনি। এ ঘটনায় জড়িত সন্দেহে বিএনপির মেয়র পদপ্রার্থীর পোলিং এজেন্ট আকরাম ও কাউন্সিলর পদপ্রার্থীর পোলিং এজেন্ট জামালকে পুলিশ আটক করা হয়েছে।এদিকে হাফিজুর রহমান মোল্লা, উত্তর পৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ পৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পাঁচটি কেন্দ্রে কারচুপি, ভোট জালিয়াতি, ব্যালটে সিল মারার অভিযোগ এনেছেন। ওইসব অভিযোগে হাফিজুরের নির্বাচনী এজেন্ট গোলাম সারোয়ার রিটার্নিং কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।অন্যদিকে আওয়ামী লীগের সমর্থিত মেয়র পদপ্রার্থী মো. হেলালউদ্দিনের প্রধান নির্বাচনী এজেন্ট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী বিএনপির প্রার্থীর অভিযোগগুলোকে কাল্পনিক ও ভিত্তিহীন দাবি করেছেন। তিনি পাল্টা দাবি করেন, সরকারি কলেজকেন্দ্রটি হাফিজুর রহমানের বাড়িসংলগ্ন। সেখানে আড়াই শ ব্যালটে হাফিজুরের চশমা প্রতীকে সিল মারা ছিল। এতেই প্রমাণিত হয় কে কী করেছে।ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে ১০ জন এবং ১২টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৬৪ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।