আজ হেফাজতে ইসলামের লংমার্চ-সমাবেশ, পাল্টা হরতাল-অবরোধ কর্মসূচি শুরু
বিচ্ছিন্ন ঢাকা, দেশজুড়ে উৎকণ্ঠা
হেফাজতে ইসলামের ঢাকা অভিমুখে লংমার্চ শুরুর এক দিন আগেই অচল হয়ে পড়েছে দেশ। গতকাল শুক্রবার সকাল থেকে দেশের বেশির ভাগ এলাকার ঢাকামুখী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঢাকা থেকেও ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। নাশকতার আশঙ্কায় চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, ময়মনসিংহসহ বিভিন্ন এলাকা থেকে ১৮টি ট্রেনের চলাচল বাতিল করা হয়েছে। গতকাল বরিশাল অঞ্চল থেকে ঢাকামুখী কোনো লঞ্চ ছাড়েনি।গত রাতে ঢাকামুখী দুটি ট্রেন রাজেন্দ্রপুর ও জয়দেবপুরে আটকে দিয়েছেন গণজাগরণ মঞ্চের সমর্থকেরা। দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত কাওড়াকান্দি থেকে মাওয়া নৌপথে ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। ফলে সারা দেশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজধানী ঢাকা।আজকের লংমার্চ, হরতাল-অবরোধ ও সমাবেশের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে দেশব্যাপী বিরাজ করছে চরম উৎকণ্ঠা। দেশে কী ঘটতে যাচ্ছে—এ নিয়ে জনমনে শঙ্কার পাশাপাশি চলছে নানা বিশ্লেষণ ও আলোচনা-সমালোচনা।আজ শনিবার সকাল ১০টায় মতিঝিলে সমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বিকেলে শাহবাগে সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ। হেফাজতের ঘোষণা ছিল, গতকাল শুক্রবার জুমার নামাজের পর অন্যান্য জেলা থেকে লংমার্চ করে ঢাকার দিকে রওনা হবে তাদের লোকজন। এ লংমার্চ ঠেকানোর জন্য গতকাল সন্ধ্যা ছয়টা থেকে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিসহ ২৩টি সংগঠন। একই সঙ্গে আজ সন্ধ্যা ছয়টা থেকে ২২ ঘণ্টা রাজপথ-রেলপথ-নৌপথ অবরোধ কর্মসূচি দিয়েছে গণজাগরণ মঞ্চ। কিন্তু হরতাল ও অবরোধ কর্মসূচি শুরুর ১২ ঘণ্টা আগে থেকেই দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। আজ শনিবারও ঢাকা সারা দেশ থেকে বিচ্ছিন্ন থাকবে।গতকাল সন্ধ্যায় শাহবাগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সংবাদ সম্মেলনে দাবি করেন, হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিরোধে ঢাকার পাঁচটি প্রবেশমুখ অবরোধ করে রেখেছেন তাঁরা। এসব স্থান হচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনাল, যাত্রাবাড়ী চৌরাস্তা, টঙ্গী চৌরাস্তা, আশুলিয়া ও কমলাপুর রেলস্টেশন।অপরদিকে হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী গতকাল ঢাকায় সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তাঁদের লংমার্চ ঠেকাতে সরকারই যানবাহন বন্ধ করে দিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি করেছে। এ জন্য তিনি সরকারের দুজন মন্ত্রী শাজাহান খান ও হাছান মাহমুদকে সরাসরি দায়ী করেছেন।তবে পরিবহন মালিক-শ্রমিক সমিতিগুলো বলছে, নাশকতা ও ভাঙচুরের আশঙ্কায় তারা গতকাল সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখেছে। অন্য হরতালগুলোতে মালিক সমিতিগুলো ঢাকায় যানবাহন চালানোর ঘোষণা দিয়ে থাকে। কিন্তু আজকের হরতালে ঢাকায়ও বাস চলবে না বলে জানিয়েছেন পরিবহন মালিকেরা। এর আগে গত বছরের ১২ মার্চ প্রধান বিরোধী দল বিএনপির ‘চলো চলো, ঢাকা চলো’ কর্মসূচির দিনও এভাবে গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। তখন এ জন্য সরকারকে দায়ী করে বিএনপি।গতকাল সরেজমিন ঘুরে দেখা যায়, সকাল থেকেই রাজধানী ঢাকার গাবতলী, মহাখালী ও কমলাপুরের বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। রাজধানীর বাইরে থেকে দূরপাল্লার বাসও আসেনি। মাওয়া থেকে কিছু ফেরি ওপারে গেলেও কাওড়াকান্দি থেকে মাওয়ায় (ঢাকার দিকে) কোনো ফেরি আসেনি। দুপুর থেকে বন্ধ হয়ে যায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি ও লঞ্চ চলাচল। এসব কারণে সাধারণ মানুষকে ঢাকায় প্রবেশ ও বের হতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয়েছে। মূলত হেফাজতের লোকজনের আসা ঠেকাতে এত উদ্যোগ নেওয়া হলেও কয়েক দিন ধরে নানা উপায়ে তাদের অনেকে ঢাকায় এসেছে বলে জানা গেছে।প্রথম আলোর বরিশাল, ভোলা ও পটুয়াখালীর প্রতিনিধিরা জানান, গতকাল সন্ধ্যায় এই তিন জেলা থেকে ঢাকাগামী কোনো লঞ্চ ছাড়েনি। এই তিন জেলাসহ দক্ষিণাঞ্চল থেকে প্রতিদিন ৪০ থেকে ৫০টি লঞ্চ ঢাকার পথে চলাচল করে। লঞ্চ না ছাড়ায় রাতে বরিশাল লঞ্চ টার্মিনালে জড়ো হওয়া হেফাজতে ইসলামের কয়েক হাজার সমর্থক বিক্ষোভ মিছিল করেন। কৌশলী পদক্ষেপ: পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, সরকার-সমর্থক মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে গত বৃহস্পতিবার রাতেই বাস না চালানোর জন্য টার্মিনালগুলোতে নির্দেশনা দেওয়া হয়। বাস চালালে নাশকতা হতে পারে বলে সতর্ক করা হয় তাদের।জানা যায়, হেফাজতে ইসলামের সঙ্গে সমঝোতার চেষ্টা ব্যর্থ হওয়ার পরই লংমার্চে অংশগ্রহণকারীদের ঢাকায় আসা ‘কঠিন’ করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়। এ উপলক্ষে পরিবহন মালিক ও শ্রমিক সমিতিগুলোর নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন সরকারের একাধিক মন্ত্রী। রেলের কর্মকর্তারাও দফায় দফায় বৈঠক করেন করণীয় ঠিক করতে। পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলোর নেতারা জানান, পরিবহন খাতে যখন যে দল ক্ষমতায় থাকে, সেই দলের সমর্থকেরাই নেতৃত্ব দেন। সে ক্ষেত্রে তাঁদের সিদ্ধান্তই চূড়ান্ত। বর্তমানে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃত্বে রয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। সারা দেশের বাসমালিকদের সংগঠনের নেতৃত্বে সরকার-সমর্থক খোন্দকার এনায়েত উল্যাহ। আর গাবতলীকেন্দ্রিক বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রয়েছেন সরকার-সমর্থক আলী কবির চান। ট্রাক মালিক সমিতিগুলোও সরকার-সমর্থকদের নেতৃত্বে।জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব এনায়েত উল্যাহ বলেন, নাশকতার ভয়ে তাঁরা বাস চালাননি। তিনি বলেন, ‘বাস চলাচলে কেউ কাউকে বাধা দিচ্ছে না। মালিকদের আমরা বলেছি, নিরাপদ মনে করলে বাস ভাড়া দিতে পারেন। কিন্তু অনেক স্থানে হেফাজতের লোকজন জোর করে বাস নেওয়ার চেষ্টা করেছে।’ট্রেন চলাচল: নাশকতার আশঙ্কায় গতকাল রাতে ১৪টি ট্রেনের ঢাকামুখী যাত্রা বাতিল করা হয়েছে। এসব ট্রেনের মধ্যে চারটি আবার ফিরতি যাত্রায় চলে যাওয়ার কথা ছিল। সব মিলিয়ে ১৮টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এসব ট্রেন চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, জামালপুর, কিশোরগঞ্জ, রাজশাহী, দিনাজপুর, রংপুর ও নীলফামারী থেকে আসার কথা ছিল। আজ সকালে বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় যেসব ট্রেন আসার কথা, সেগুলোও দেরি করে ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।তবে ঢাকা থেকে গতকাল রাতে চট্টগ্রামমুখী তূর্ণা নিশীথাসহ কয়েকটি ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে।রেলের মহাপরিচালক আবু তাহের প্রথম আলোকে বলেন, নাশকতার আশঙ্কায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। গাজীপুরে দুটি ট্রেন আটকে দেওয়া হয়েছে। কারা আটকে দিয়েছে জানতে চাইলে তিনি বলেন, হরতাল-সমর্থকেরা আটকে দিয়েছেন। রেলের পূর্বাঞ্চলের যেসব ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে সেগুলো হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকামুখী তূর্ণা নিশীথা ও চট্টগ্রাম মেইল, নোয়াখালী থেকে নোয়াখালী এক্সপ্রেস, বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে যমুনা এক্সপ্রেস, জামালপুর থেকে দেওয়ানগঞ্জ কমিউটার, মোহনগঞ্জের মহুয়া এক্সপ্রেস, সিলেট থেকে উপবন ও সুরমা এক্সপ্রেস, আখাউড়া থেকে তিতাস কমিউটার ও দেওয়ানগঞ্জ থেকে ভাওয়াল এক্সপ্রেস।পশ্চিমাঞ্চল থেকে যেসব ট্রেনের যাত্রা বাতিল হয়েছে সেগুলো হচ্ছে রংপুর থেকে রংপুর এক্সপ্রেস, দিনাজপুর থেকে একতা, নীলফামারী থেকে নীলসাগর ও রাজশাহী থেকে ধূমকেতু। চিত্রা এক্সপ্রেস জয়দেবপুরে ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস রাজেন্দ্রপুরে আটকে দেওয়া হয়েছে।গতকাল দিনে কয়েকটি ট্রেন চালু থাকলেও অধিকাংশই নির্ধারিত সময়ের চার থেকে ১০ ঘণ্টা পরে গন্তব্যে পৌঁছেছে। আসনের অতিরিক্ত টিকিট বিক্রি করা বন্ধ রাখার কারণে অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। রেলস্টেশনগুলোতে নিরাপত্তা তল্লাশিও জোরদার করা হয়েছে। খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন প্রভাতী গতকাল সকাল ছয়টায় ঢাকার কমলাপুরে পৌঁছার কথা। সেটি পৌঁছায় ১০ ঘণ্টা পর বিকেল চারটায়। ওই ট্রেনের যাত্রী মাহবুবা খানম বলেন, ট্রেনটি নিরাপত্তা তল্লাশির নামে পথে দীর্ঘ সময় থামিয়ে রাখা হয়।মহানগর গোধূলী ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল বিকেল চারটা ৪০ মিনিটে। কিন্তু ঢাকায় এসে পৌঁছায় সন্ধ্যা সাতটায়। এই ট্রেনটি চট্টগ্রাম থেকে সকালে ছাড়লেও আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরবসহ বিভিন্ন স্থানে দীর্ঘক্ষণ থামিয়ে রাখা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় আসনবিহীন টিকিট বিক্রি না করায় হেফাজতে ইসলামের সমর্থকেরা টিকিট কাউন্টার ভাঙচুর করেন।