বিচ্ছিন্ন বিস্ফোরণ, গাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকায় বড় ধরনের কোনো সংঘাত ছাড়াই গতকাল মঙ্গলবার বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতাল পালিত হয়েছে। বিচ্ছিন্ন ঘটনাগুলোর মধ্যে ছিল ককটেল ফাটিয়ে, কিছু গাড়ি পুড়িয়ে আতঙ্ক তৈরি করা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল সাম্প্রতিক অন্য হরতালের সময়ের মতোই কঠোর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরে যানবাহন চলাচল বেড়েছে। বেড়েছে মানুষের কর্মচাঞ্চল্যও। বিপুলসংখ্যক বাস, হিউম্যান হলার, সিএনজিচালিত অটোরিকশা চললেও ব্যক্তিগত গাড়ি বের হয়নি বললেই চলে। রিকশা চলেছে স্বাভাবিকভাবেই। ঢাকার বাইরেও প্রায় একই ধাঁচে হরতাল পালিত হয়েছে। কয়েকটি জেলায় জামায়াত-শিবিরের সাম্প্রতিক তৎপরতার আদলে সড়কের পাশের গাছ কেটে অবরোধ সৃষ্টি করা হয়।বিকেলে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের কার্যালয় থেকে আটক নেতা-কর্মীদের মুক্তি না দিলে ১৮ ও ১৯ মার্চ হরতাল হবে। গতকালের হরতাল স্বতঃস্ফূর্ত হয়েছে দাবি করে তিনি বলেন, হরতালের সময় সারা দেশ থেকে বিএনপির শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।তবে পুলিশ বলছে, হরতালে পিকেটিংয়ের সময় কেবল ঢাকা মহানগর থেকে ১৫ জনকে আটক করা হয়েছে।রাজধানীতে হরতালচিত্রহরতালে বিশৃঙ্খলা এড়াতে গতকাল ভোর থেকে রাজধানীর প্রতিটি সড়কে অবস্থান নেয় বিপুলসংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্য। দূরপাল্লার কোনো বাস রাজধানী ছেড়ে যায়নি। তবে ট্রেন ও লঞ্চ চলাচল ছিল স্বাভাবিক। সরকারি অফিস-আদালত খোলা থাকলেও বেসরকারি প্রতিষ্ঠান এবং স্কুল-কলেজগুলো বন্ধ ছিল। তবে অনেক এলাকায় দোকানপাট খোলা ছিল। সচিবালয়ে ছিল কড়া নিরাপত্তা, দর্শনার্থী ছিল কম। রাজধানীর পুরোনো হাইকোর্ট ভবনে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকা থেকে ভোরে দুটি ককটেল উদ্ধার করে শাহবাগ থানার পুলিশ। থানার তদন্ত কর্মকর্তা এম এ জলিল জানান, শিশু একাডেমীর পাশে ট্রাইব্যুনাল ভবনের একটি ফটকের সামনে থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। এগুলো লাল টেপ দিয়ে মোড়ানো ছিল।নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ছিল নেতা-কর্মীশূন্য। কার্যালয়ের আশপাশে বিপুলসংখ্যক পুলিশ ও র‌্যাব মোতায়েন ছিল। দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীতে একটি ককটেল বিস্ফোরিত হয়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে কার্যালয়ে ঢুকতে গেলে পুলিশ বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মাসুদউদ্দিন আহমেদ তালুকদারকে আটক করে। পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়। মতিঝিল, পল্টন ও জাতীয় প্রেসক্লাব এলাকাতেও শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। ফকিরাপুল ও আরামবাগ মোড়ের মাঝামাঝি স্থানের সড়কে সকাল পৌনে নয়টার দিকে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায় হরতালকারীরা।ভোর সাড়ে ছয়টার দিকে রাস্তায় ইট ও ইটের বড় বড় টুকরো বিছিয়ে গাবতলীতে সড়ক অবরোধের চেষ্টা করে হরতালকারীরা। পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।মিরপুর ১ নম্বরে পদচারী সেতুর কাছে সকাল পৌনে আটটার দিকে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। হরতালকারীরা একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে। রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার শামীম হোসেন জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে রূপনগর আবাসিক এলাকায় হরতাল-সমর্থকেরা একটি পরিত্যক্ত গাড়িতে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান।সকাল পৌনে সাতটার দিকে আসাদগেট এলাকায় দুটি ককটেল ফাটায় হরতাল-সমর্থকেরা। সাড়ে সাতটার দিকে মিরপুর বাঙলা কলেজের সামনে জামায়াত-শিবিরের একটি ঝটিকা মিছিল থেকে কয়েকটি হাতবোমা ফাটানো হয়। দক্ষিণ যাত্রাবাড়ীতে সকাল পৌনে সাতটার দিকে হরতাল-সমর্থকেরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। কাছাকাছি সময়ে শনির আখড়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ শাখার ব্যানারে একটি মিছিল বের করে ছাত্রশিবির। সকাল সোয়া নয়টায় সায়েদাবাদ বাস টার্মিনালের পুলিশ ফাঁড়ির কাছে একটি দূরপাল্লার বাসে আগুন দেয় হরতালকারীরা। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঢাকা-গাইবান্ধা রুটে চলাচলকারী নাপু এন্টারপ্রাইজের বাসটির আগুন দ্রুতই নিভিয়ে ফেলা হয়।