বিচ্ছিন্নতাবাদ দমনে ঢাকার সহায়তা চেয়েছে দিল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচ্ছিন্নতাবাদ দমনে বাংলাদেশের অব্যাহত সহযোগিতা চেয়েছে ভারত। দেশটি উত্তর-পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদ দমনে অনেকটা সাফল্য পেলেও এ সমস্যা এখনো রয়ে গেছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের সাম্প্রতিক সহযোগিতার প্রশংসা করে ভবিষ্যতে আরও পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে ভারত।নিকট প্রতিবেশী দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে গত শনিবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম এ প্রস্তাব দিয়েছেন। ওই বৈঠকে অংশ নেওয়া একাধিক কর্মকর্তা গতকাল রোববার প্রথম আলোর কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া সন্ত্রাস ও অপরাধমূলক তৎ পরতা রোধে বিভিন্ন কমিটির সমন্বয় বাড়ানোরও প্রস্তাব রাখে ভারত।বাংলাদেশের প্রধান উদ্বেগের বিষয়, সীমান্তে প্রাণহানি রোধে একদিকে ভারত কঠোর পদক্ষেপের কথা বলেছে, অন্যদিকে লালমনিরহাটের সীমান্তের সাম্প্রতিক ঘটনা সরাসরি প্রত্যাখ্যান করেছে।চাই আরও সহায়তা: বৈঠকে পি চিদাম্বরমকে উদ্ধৃত করে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, ভারতে বিচ্ছিন্নতাবাদ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। সরকারের সঙ্গে শান্তি আলোচনায় যোগ দেওয়াসহ সমঝোতামূলক বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর পরও কোথাও কোথাও এ সমস্যা রয়ে গেছে বলে মনে করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতবিরোধী গোষ্ঠী ও ব্যক্তিদের আশ্রয় না দেওয়ার পাশাপাশি তাদের অবস্থান সম্পর্কে তথ্য থাকলে তা জানানোর অনুরোধ জানান চিদাম্বরম।অন্য এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বিশেষ কোনো এলাকার উল্লেখ না করলেও চিদাম্বরম তিন পার্বত্য জেলার প্রতি ইঙ্গিত করেছেন। তাঁর মতে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ওই অঞ্চলে নজরদারি বাড়ানোর ওপর জোর দিয়েছেন।চতুর লোককে সাদরে আমন্ত্রণ: বৈঠকে অংশ নেওয়া একাধিক কর্মকর্তা জানান, দেড় ঘণ্টার বৈঠকে সীমান্তে প্রাণহানি বন্ধের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ব্যাপারে বাংলাদেশের পক্ষে নিরস্ত্র বাংলাদেশিদের হত্যা বন্ধের অনুরোধ জানানো হলে বিএসএফকে কোনো অবস্থায়ই গুলি না করার নির্দেশ দেওয়া হয়েছে বলে উল্লেখ করে ভারত। তবে লালমনিরহাট সীমান্তে বাংলাদেশের এক তরুণকে পাথর ছুড়ে হত্যার পর নদীতে ভাসিয়ে দেওয়ার বিষয়টি তোলা হলে ভারত সরাসরি তা প্রত্যাখ্যান করে।এ ব্যাপারে পি চিদাম্বরম বৈঠকে জানান, ভারত সরকার বিষয়টি প্রত্যাখ্যান করছে না, প্রত্যাখ্যান করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের যুক্তি হচ্ছে, লালমনিরহাটের ওই তরুণের মৃতদেহ নিয়ে গেছে বাংলাদেশের লোকজন। যদি বিএসএফের মাধ্যমে বাংলাদেশের কাছে মৃতদেহ হস্তান্তর করা হতো, তাহলে সে সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য থাকত। পাওয়া যেত ঘটনার সত্যতা। কাজেই বিএসএফের দাবি, ওই হত্যাকাণ্ড ঘটেনি। গতকালের বৈঠকে ভারত উল্টো পরামর্শ দেয়, বাংলাদেশ বরং তদন্ত করে দেখুক, এমন কোনো ঘটনা ঘটেছে কি না। তদন্তে হত্যার বিষয়টি প্রমাণিত হলেই ভারত এ ব্যাপারে খোঁজ নেবে।সীমান্তে অনুপ্রবেশের প্রসঙ্গ নিয়ে আলোচনা হলে খানিকটা রসিকতাই করেন পি চিদাম্বরম। তিনি বৈঠকে বিএসএফের মহাপরিচালকের উদ্দেশে বলেন, ‘কাঁটাতারের বেড়া কেটে আর ভারতীয় সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে যারা ভারতে অনুপ্রবেশ করে, তারা তো অন্তত বিএসএফের চেয়ে অনেক বেশি চতুর। আর এ লোকজনকে গ্রহণ করতে আমার কোনো আপত্তি নেই। আর ভারতে থেকে এ ধরনের চতুর লোকজন বাংলাদেশে ঢুকে পড়লে আশা করি, আপত্তি থাকার কথা নয়।’ঝুঁকিপ্রবণ এলাকা ঠিক করবে যৌথ দল: গতকালের বৈঠকে সই হওয়া যৌথ সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন হবে সীমান্তের ঝুঁকিপ্রবণ এলাকায়। খসড়া প্রস্তাব অনুযায়ী, মূলত ঝুঁকিপ্রবণ এলাকা বিশেষ করে, সীমান্তবর্তী নদী এবং যেখানে কাঁটাতারের বেড়া নেই, এমন এলাকায় এটি বাস্তবায়িত হবে। দুই পক্ষ ঠিক একই সময় টহল চালাবে, অপরাধমূলক তৎ পরতার বিষয়ে দুই পক্ষ একে অন্যের সঙ্গে দ্রুত তথ্য বিনিময় করবে। আর টহলের আগে একপক্ষ অন্যপক্ষের সঙ্গে আলোচনা করবে।বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশ প্রতিনিধিদলের এক সদস্য জানান, দুই দেশ যেসব এলাকার প্রস্তাব করবে, সরেজমিন তা ঘুরে দেখা হবে। এরপর আলোচনার মাধ্যমে দুই পক্ষ ঝুঁকিপ্রবণ এলাকা নির্বাচন করবে।