বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্রয় দিয়েছিলেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ‘বিএনপির নেত্রী ভারত সফরের সময় ওই দেশের প্রধানমন্ত্রীর কাছে প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমতায় এলে তিনি বাংলাদেশে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্রয় দেবেন না। এর মধ্য দিয়ে তিনি স্বীকার করে নিলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের এ দেশে প্রশ্রয় দেওয়া হয়েছে।’আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ উচ্চবিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীপু মনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, ‘তাঁর (খালেদা) মাধ্যমে বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্রয় দিয়ে তখন সীমান্তে শুধু অস্থিতিশীল পরিবেশ নয়; তখন দুই দেশের মধ্যে শুধু নিরাপত্তাহীনতা তৈরি করা, সেটি নয়; আমাদের মাটি আমাদের প্রতিবেশীর ওপর ধ্বংসাত্মক কাজে ব্যবহার করতে দেওয়া, তা নয়; বরং দেশের ভেতরে এই অঞ্চলে এবং বিশ্বে সন্ত্রাসের পক্ষে তাঁর (খালেদার) সরকারের অবস্থান ছিল, তা তিনি (খালেদা) প্রকারান্তরে স্বীকার করেছেন।’ দীপু মনি বলেন, ‘আমরা আনন্দিত, তিনি (খালেদা) তাঁর ভুল স্বীকার করেছেন। তাঁর সরকার যে ভুলনীতি অনুসরণ করেছিল, তা তিনি স্বীকার করেছেন।’সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান আজ সারা বিশ্বে প্রশংসিত বলে দীপু মনি দাবি করেন।খালেদা জিয়ার উদ্দেশে দীপু মনি বলেন, ‘বিরোধীদলীয় নেত্রী শুধু প্রতিশ্রুতিই নয়, তিনি এর আগে যতবার ক্ষমতায় ছিলেন, সব সময় সন্ত্রাস ও জঙ্গিদের প্রশ্রয় দিয়েছেন। আজ সে কথা তিনি ভারতের কাছে স্বীকারও করেছেন।’দীপু মনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শুধু সন্ত্রাস নয়, সব ভ্রান্তনীতি থেকে তিনি (খালেদা) সরে আসবেন। দীপু মনি বলেন, ‘খালেদা জিয়ার ভ্রান্তনীতি অনুসরণের কারণে জাতি হিসেবে বিশ্বে বাংলাদেশবাসী নিগৃহীত হয়েছে, নেতিবাচক পরিচয়ে পরিচিত হয়েছে ও সম্মানহানি হয়েছে।’ তিনি বলেন, ‘সে জন্য সারা বিশ্বের কাছে তাঁদের ক্ষমা চাওয়া উচিত। শুধু সেই সময়ের অপকর্ম স্বীকার করে নিলেই তো হবে না।’