বিচ্ছিন্নতাবাদীদের ৪৬ ঘাঁটির তালিকা বিএসএফের
বাংলাদেশের মাটিতে এখনো ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটি রয়েছে বলে অভিযোগ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তারা নতুন ৪৬টি ঘাঁটির তালিকাও দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ডকে (বিজিবি)।সম্প্রতি ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ে শেষ হওয়া দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠকে বিএসএফ এ তালিকা দেয়। তবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির পক্ষ থেকে বৈঠকে বলা হয়েছে, সাম্প্রতিক অতীতেও ভারত এ ধরনের ঘাঁটির যে তালিকা দিয়েছিল, তার বেশির ভাগেরই সত্যতা পাওয়া যায়নি। বিজিবির একটি সূত্র জানায়, বৈঠকে বিজিবির পক্ষ থেকে ভারতে আশ্রয় নেওয়া চিহ্নিত অপরাধীদের একটি তালিকা বিএসএফকে দেওয়া হয়। এসব সন্ত্রাসীকে ধরতে ভারতের সহায়তা চায় বাংলাদেশ। এ ছাড়া সীমান্তের ওপারে অর্থাৎ ভারতীয় ভূখণ্ডে বেশ কিছু ফেনসিডিল কারখানার তালিকা দিয়ে, তা গুঁড়িয়ে দিতে বিএসএফের সহায়তা চেয়েছে বিজিবি। দুই প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর চার দিনের (১২-১৫ ডিসেম্বর) এ বৈঠক গত বৃহস্পতিবার শেষ হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ খান এবং ভারতের পক্ষে বিএসএফের মহাপরিদর্শক (আইজি) এস কে মিশ্র।বৈঠক শেষে বিএসএফের মুখপাত্র রবি গান্ধীর বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা আইএনএস জানায়, বাংলাদেশের মাটিতে উলফাসহ (ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম) ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের নতুন ৪৬টি ঘাঁটির তালিকা বিজিবিকে দেওয়া হয়েছে। ঘাঁটিগুলো গুঁড়িয়ে দিতে বাংলাদেশ ইতিবাচক সাড়া দিয়েছে বলে দাবি করেন বিএসএফের কর্মকর্তা রবি গান্ধী।জানতে চাইলে বাংলাদেশের প্রতিনিধিদলের একাধিক সদস্য গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ভারতের পক্ষ থেকে তালিকা দেওয়া হলে বিজিবির কর্মকর্তারা বৈঠকেই কিছুটা ভিন্নমত প্রকাশ করেন। তাঁরা বলেছেন, অতীতেও ভারত এ ধরনের তালিকা দিয়েছিল। তবে বাস্তবে বাংলাদেশে এ ধরনের ঘাঁটির কোনো অস্তিত্ব মেলেনি। তার পরও ভারত বিষয়টি তুলেছে বলে খোঁজ নেওয়া হবে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা এই প্রতিবেদককে বলেন, সম্প্রতি দিল্লিতে স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকের আগে অনুষ্ঠিত যুগ্ম সচিবদের বৈঠকে বাংলাদেশে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটি থাকার কথা ভারত তুলেছিল। তখনো বাংলাদেশের পক্ষ থেকে এ ধরনের ঘাঁটির অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানানো হয়েছিল। বৈঠকে অংশ নেওয়া একাধিক কর্মকর্তা বলেছেন, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের ওপর বিএসএফের গুলিবর্ষণ বন্ধের দাবি জানানো হয়েছে। বিএসএফের পক্ষ থেকে বলা হয়, সীমান্তে বাংলাদেশিদের ক্ষেত্রে সর্বোচ্চ সংযম দেখানোয় হিতে বিপরীত হচ্ছে বিএসএফের জন্য। কারণ, বিএসএফের নিবৃত্ত থাকার সুযোগ নিচ্ছে বাংলাদেশিরা। তারা চড়াও হচ্ছে বিএসএফ সদস্যদের ওপর। তখন বিজিবির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, নিরস্ত্র বাংলাদেশিরা সশস্ত্র বিএসএফ সদস্যদের ওপর চড়াও হচ্ছে এটা, কতটা যৌক্তিক ও বিশ্বাসযোগ্য? এদিকে বৈঠক শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই বিএসএফের হাতে প্রাণ দিয়েছে চারজন নিরস্ত্র বাংলাদেশি।