বিচ্ছেদের পর দুজনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবাহবিচ্ছেদের পরও পোড়াতে হয় কাঠখড়। কেমন সেই মাত্রাটা? সাধারণ দৃষ্টিকোণ থেকে আমরা বলি, ছেলেদের চেয়ে মেয়েরা বেশি ভোগান্তির শিকার হন বিবাহবিচ্ছেদে। অর্থনৈতিক দিক থেকেও মেয়েরা হয়ে পড়েন বিপদগ্রস্ত। তবে ছেলেরাও কম ক্ষতিগ্রস্ত হন না। অস্ট্রেলিয়ার এক গবেষণা থেকে যে তথ্য মেলে তা হলো, বিচ্ছেদের পর মেয়েরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েন, ছেলেরা পিছিয়ে পড়েন সামাজিকভাবে। কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এক হাজার ৪০০ দম্পতির ওপর গবেষণা করে দেখিয়েছেন, ‘বিবাহবিচ্ছেদের চার বছরের মাথায় মেয়েদের আয়ের হার কমে যায় ২ শতাংশ। অন্যদিকে ছেলেদের আয়ের হার বেড়ে যায় ২০ শতাংশ। যদিও এই বিচ্ছেদ উভয়কেই আঘাত করে সমানভাবে।’ ওই গবেষণার একজন গবেষক ডেভিড দ্য ভেয়াস বলেন, ‘যদিও ছেলেদের চেয়ে মেয়েরা বেশি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েন, তবুও ছেলেরা ‘বেশি দুঃখে আছেন’ এমনটা প্রকাশ করতে পছন্দ করেন। তবে তাঁদের মানসিক অবস্থা বাস্তবিকই হয়ে পড়ে বিপর্যস্ত।’ বিবাহবিচ্ছেদের এক বছরের মধ্যে ছেলেরা একাকী জীবনযাপন করে ৪৮ শতাংশ, সেখানে মেয়েরা একা থাকে ৩৬ শতাংশ। অবশ্য সময়ের পরিক্রমায় এই হার কম। বিচ্ছেদের চার বছরের মাথায় দেখা যায়, একাকী ছেলের সংখ্যা দাঁড়ায় ২৯ শতাংশে এবং মেয়েদের হার ২৮ শতাংশে। সেই সঙ্গে তাঁরা আরও বলেন, ‘বিচ্ছেদের আগেই কিছু নেতিবাচক আচরণ দেখা যায় দুজনের সম্পর্কের মধ্যে। এই বিচ্ছেদের পরিমাণ দরিদ্র ও স্বল্পশিক্ষিত পরিবারের মধ্যে বেশি। সূত্র: মিডডে