বিজয় দিবসে ৪৬ কারাবন্দী মুক্তি পাচ্ছেন
মাদকের মামলায় সাজাপ্রাপ্ত কয়েদিদের বাদ দিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে ৪৬ জন দণ্ডপ্রাপ্ত কারাবন্দীকে মুক্তি দেওয়া হচ্ছে।জানা গেছে, মুক্তির তালিকায় যাঁরা আছেন তাঁদের বেশির ভাগই ২২-২৩ বছর সাজা ভোগ করেছেন। যুবক অবস্থায় সাজা শুরু হয়ে তাঁদের কেউ কেউ এখন বৃদ্ধ হয়ে গেছেন, অনেকে এখন অচল ও অক্ষম। কাল বুধবার থেকেই বন্দীদের মুক্তি দেওয়া শুরু হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এ-সংক্রান্ত চিঠি আজ মঙ্গলবার সংশ্লিষ্ট সব কারাগারে পাঠানো হয়েছে।সূত্র জানায়, বিজয় দিবসে কারাবন্দীদের মুক্তি দেওয়ার জন্য সারা দেশের কারাগার থেকে নাম চাওয়া হয়। পরে বিভিন্ন জেলা কমিটি থেকে যে কারাবন্দীদের নাম পাঠানো হয়, তা যাচাই-বাছাই করে এই ৪৬ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের নয়জন, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৯ জন, রাজশাহী ও রংপুর বিভাগের ১১ জন এবং খুলনা ও বরিশাল বিভাগের সাতজন। স্বাধীনতা ও জাতীয় দিবস, বিজয় দিবস এবং দুই ঈদ উপলক্ষে বন্দী মুক্তি দেওয়ার লক্ষ্যে মুক্তিযোগ্য বন্দীদের তালিকা বিভিন্ন জেলা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই তালিকা সুপারিশের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠায়।জানা গেছে, মুক্তি দেওয়ার এ প্রথা চালু হওয়ার পর থেকে এই প্রথম মহান বিজয় দিবসে বন্দী মুক্তির সংখ্যা এত কম। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন মাদকের মামলায় সাজা পাওয়া কোনো কয়েদি সরকারের বিশেষ ক্ষমা পাবেন না। একই সঙ্গে একাধিক ধারায় দণ্ডিত বা একাধিক মামলায় বিচারাধীন, দণ্ডিত বা দণ্ডের বিরুদ্ধে আপিল চলছে, এমন কোনো কয়েদিকেও বিশেষ ক্ষমায় মুক্তি দেওয়া যাবে না।সংবিধানের অনুচ্ছেদ ৪৯-এর ক্ষমতাবলে রাষ্ট্রপতি কোনো আদালতের দেওয়া যেকোনো দণ্ড মওকুফ, স্থগিত বা কমাতে পারেন। কিন্তু বর্তমানে নারী ও শিশু নির্যাতন, দণ্ডবিধি, অ্যাসিড অপরাধ দমন আইন এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনে সাজাপ্রাপ্ত এবং তফসিলভুক্ত কোনো আইনের অপরাধ ইত্যাদির যে কোনো ধারায় দণ্ডপ্রাপ্ত কোনো কয়েদি মুক্তির জন্য সরকারের বিশেষ ক্ষমা পান না।প্রসঙ্গত, দেশের ৭৬টি কারাগারের ধারণক্ষমতা ২৩ হাজার হলেও বর্তমানে কয়েদি ও হাজতির সংখ্যা ৭৩ হাজার।