বিজয় সরণি মোড়ে চালু হচ্ছে মৃত্যুঘড়ি
ধূমপানবিরোধী সচেতনতার অংশ হিসেবে রাজধানীর বিজয় সরণির মোড়সংলগ্ন বঙ্গবন্ধু নভোথিয়েটারের বিপরীতে খোলা জায়গায় স্থাপন করা হচ্ছে ব্যতিক্রমী ‘মৃত্যুঘড়ি’। ধূমপানবিরোধী সংগঠন প্রগতির জন্য জ্ঞানের (প্রজ্ঞা) উদ্যোগে স্থাপিত হচ্ছে এই ঘড়িটি। খবর বাসসের।আগামীকাল সকাল সাড়ে নয়টার দিকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ঘড়িটির উদ্বোধন করবেন। এতে ধূমপান ও তামাক সেবনজনিত কারণে বাংলাদেশে মানুষের দৈনিক মৃত্যুহারের সংখ্যা প্রদর্শিত হবে।প্রজ্ঞার চেয়ারম্যান সাইদ বদরুল করিম জানান, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ২০০৪ সালের এক পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে প্রাপ্তবয়স্ক চার কোটির বেশি মানুষ তামাক সেবন করে। ফলে প্রতিবছর ত্রিশোর্ধ্ব বয়সী ৫৭ লাখ মানুষ তামাক সেবনজনিত নানা রোগে আক্রান্ত হয়ে মারা যায়। অকাল পঙ্গুত্ববরণ করে প্রায় তিন লাখ ৮২ হাজার লোক। সেই হিসাবে প্রতিদিন ঝরে পড়ে ১৫৬টি প্রাণ। তিনি বলেন, দেশে বিদ্যমান তামাক ব্যবহার নিয়ন্ত্রণ আইনটি আরও শক্তিশালী করতে এই ঘড়ি চালু হচ্ছে। এ ছাড়া মন্ত্রিসভায় অনুমোদিত সংশ্লিষ্ট আইনের খসড়ার বাস্তবায়ন নিশ্চিত করার পাশাপাশি ধূমপানের প্রত্যক্ষ ক্ষতি সম্পর্কে জনগণকে সচেতন করতেও এমনটি করা হচ্ছে।সাইদ বলেন, মৃত্যুঘড়িটি একটি বিলবোর্ডের মধ্যে থাকবে। প্রতি ৯ দশমিক ১৩ সেকেন্ড পর একটি করে সংখ্যা পরিবর্তিত হবে। এর মাধ্যমে দিনে ১৫৬ জনের মৃত্যুর বিষয়টি বোঝানো হবে।