বিজয় সরণিতে পানির দাবিতে সড়ক অবরোধ (ভিডিও)
রাজধানীর বিজয় সরণিতে আজ সোমবার পানির দাবিতে সড়ক অবরোধ করেছে তেজগাঁও থানার তেজকুনীপাড়ার বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা জানায়, কলস ও হাঁড়ি নিয়ে বিক্ষুব্ধ লোকজন বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় যান চলাচল বন্ধ ছিল। তবে দেড়টার দিকে বিক্ষোভকারীদের রাস্তা থেকে তুলে দেয় পুলিশ।সড়ক অবরোধে অংশ নেওয়া তেজকুনীপাড়ার গৃহিণী লাবণী আক্তার অভিযোগ করে বলেন, ‘গত এক সপ্তাহ ধরে এলাকায় পানি নেই। গোসল করা তো দূরের কথা, রান্না করতেও টাকা দিয়ে পানি কিনতে হচ্ছে। গত কয়েক বছর ধরেই এলাকায় পানির সংকট চলছে। কিন্তু কর্তৃপক্ষ তা সমাধান করছে না।’তেজকুনীপাড়ার বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর দাবি করে বলেন, ‘স্থানীয় সাংসদ আসাদুজ্জামান খান প্রায় দেড় বছর ধরে নতুন পাম্প বসানোর আশ্বাস দিচ্ছেন। এলাকার লোকজন তাঁর সঙ্গে পাঁচ-ছয়বার দেখাও করেছেন। কিন্তু পাম্প বসানো হয়নি।’ অপর এক বিক্ষুব্ধ বাসিন্দা বলেন, ‘আজকে স্বাধীনতার ৪১ বছর পরও রাজধানীর একটি জায়গার মানুষ পানির জন্য স্বস্তিতে বসবাস করতে পারে না, এটা কীভাবে সম্ভব?’
ভিডিও : সাজিদ হোসেন