বিজয়নগর ও আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আশুগঞ্জ উপজেলায় আজ শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, আজ শনিবার সকাল সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুরা সেতুর কাছে সিলেট থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কার ও বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারের যাত্রী শনি বেগম (২৫) ও চালক ইসমাইল মিয়া (২৫) ঘটনাস্থলেই নিহত হন। শনি বেগম সিলেট মহানগরের রাজনগর এলাকার ইসতিয়াজ হোসেনের স্ত্রী। আর ইসমাইল হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঘাটুরা গ্রামের শিশু মিয়ার ছেলে। দুর্ঘটনায় প্রাইভেট কারের অপর এক যাত্রী আহত হন। তাঁকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি পালিয়ে গেছে।এদিকে, আজ দুপুর দুইটার দিকে একই মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সোহাগপুরে ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক সোহেল মিয়া (২৪) ঘটনাস্থলে নিহত হন। এতে অটোরিকশার পাঁচজন যাত্রী আহত হয়। সোহেল মিয়া আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মুন্সিবাড়ির জামির উদ্দিনের ছেলে। গুরুতর আহতদের মধ্যে আছমা বেগম (২৮), মারুফা বেগম (১০) ও ইসহাক মিয়াকে (৫০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। সরাইল বিশ্বরোড মোড় সড়ক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মো. হানিফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে করে জানান, এ ব্যাপারে দুটি মামলা হয়েছে।