বিসিএসের প্রশ্নে অসংগতি
বিজি প্রেসকে দুষছে পিএসসি, পরীক্ষার্থীদের স্বার্থ দেখার আশ্বাস
৩০তম বিসিএসের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষার প্রশ্নপত্রে ভুল ও অসংগতির কথা স্বীকার করলেও সরকারি কর্মকমিশন (পিএসসি) এর দায় নিতে রাজি নয়। পিএসসি প্রশ্নপত্রের ভুলের কারণ হিসেবে মুদ্রণজনিত ত্রুটির কথা বলেছে এবং এ জন্য পরোক্ষভাবে বিজি প্রেসকে দায়ী করেছে। তবে পরীক্ষার্থীদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি পিএসসি। পিএসসির একজন সদস্য গতকাল প্রথম আলোকে বলেন, মূলত ২ নম্বর সেটেই ভুল হয়েছে। এই সেটে যাঁরা পরীক্ষা দিয়েছেন, পিএসসি তাঁদের স্বার্থ সংরক্ষণ করবে। কীভাবে স্বার্থ সংরক্ষিত হবে সে ব্যাপারে এখনো কোনো স্পষ্ট বক্তব্য দেয়নি পিএসসি। ফলে পরীক্ষায় অংশ নেওয়া প্রায় দেড় লাখ প্রার্থীর উদ্বেগ এখনো কাটেনি।গত শুক্রবার অনুষ্ঠিত পরীক্ষার ২ নম্বর সেটের ইংরেজি অংশের ৬১ থেকে ৮০ পর্যন্ত ২০টি প্রশ্নের নির্দেশনা ছিল ভুল। যেমন ৭৯ নম্বর প্রশ্নে একটি শব্দের বিপরীত অর্থ চাওয়া হয়েছে। কিন্তু উত্তরে কোনো বিপরীত শব্দ ছিল না। চারটি উত্তরই ছিল সমার্থক। এ ছাড়া সাধারণ জ্ঞান ও গণিত অংশে ভুলের অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। প্রশ্নপত্রে এই ভুল ও অসংগতির অভিযোগে ৩০তম বিসিএসের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন প্রার্থীরা। এই ব্যর্থতার জন্য তাঁরা পিএসসির চেয়ারম্যানের পদত্যাগও দাবি করেছেন।কমিশন সূত্রে জানা গেছে, ৩০তম বিসিএসের প্রশ্নপত্রে অসংগতি নিয়ে গতকাল কমিশনে সভা হওয়ার কথা থাকলেও তা হয়নি। তবে কয়েকজন সদস্যকে নিয়ে বৈঠক করেন পিএসসির চেয়ারম্যান সা’দত হুসাইন। ওই বৈঠকে প্রশ্নপত্রের ভুলের জন্য মুদ্রণজনিত ত্রুটিকে দায়ী করা হয়। তবে এর জন্য যাতে প্রার্থীরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে করণীয় ঠিক করার সিদ্ধান্ত হয়। বৈঠকের পর পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন জানান, ৩০তম বিসিএসের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষার প্রশ্নপত্রের একটি সেটে মুদ্রণবিভ্রাট হয়েছে। বিসিএসের মতো পরীক্ষায় বহু কোড বা সেট প্রশ্ন হয়। প্রতি কোড বা সেটে আবার কয়েকটি সাবসেট থাকে। উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা বা বিষয়ভিত্তিক জাতীয় পর্যায়ের বিশেষজ্ঞরা বিসিএসের প্রশ্ন তৈরি ও মডারেশন করেন।পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, পরীক্ষা শুরুর আগমুহূর্ত পর্যন্ত ব্যবহূত প্রশ্ন সম্পর্কে কমিশনের জানার কোনো সুযোগ থাকে না। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে লটারির মাধ্যমে কমিশন একটি সেট নির্ধারণ করে এবং সেটি দিয়েই পরীক্ষা হয়। ৩০তম বিসিএস পরীক্ষার জন্য নির্বাচিত ওই সেট/কোডের সাবসেট-২-এর ক্ষেত্রে মুদ্রণের সময় ইংরেজি অংশের কয়েকটি প্রশ্ন উত্তরের ওপরে স্থাপিত না করে মাঝে বা নিচে চলে গেছে। প্রিলিমিনারি পরীক্ষায় এ ধরনের সমস্যা মাঝে মাঝে হয়। কমিশন এগুলো এমনভাবে নিষ্পত্তি করবে, যাতে পরীক্ষার্থীরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। ৩০তম বিসিএস পরীক্ষায় অংশ নেওয়া আবু সাইদ, লুৎফুর রহমান, মহিউদ্দিনসহ অনেকে প্রথম আলোকে বলেন, এতগুলো ভুলের দায় পিএসসি কোনোভাবেই এড়াতে পারে না। শুধু আশ্বাস নয়, কোন প্রক্রিয়ায় ভুলের সমাধান করা হবে সেটিও জানাতে হবে। পিএসসির একজন কর্মকর্তা বলেছেন, বিষয়টি অনেক জটিল। কারণ অনেকে নম্বর কাটার ভয়ে ইংরেজির একটি প্রশ্নেরও উত্তর দেননি। আবার কেউ কেউ অনেকগুলো উত্তর দিয়েছেন। কাজেই কার ব্যাপারে কী সিদ্ধান্ত হবে সেটা এখনই বলা যাচ্ছে না। জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান সা’দত হুসাইন গতকাল প্রথম আলোকে বলেন, ‘২ নম্বর সেটে যে ভুল হয়েছে, সেটি বিজি প্রেসে মুদ্রণের সময় হয়েছে। তবে এখন সেসব কথা বলে লাভ নেই। এখন পরীক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটি দেখা হবে।’কীভাবে সমাধান হবে জানতে চাইলে সা’দত হুসাইন বলেন, সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে অত্যন্ত সতর্কতার সঙ্গে কমিশন যথাযথ ব্যবস্থা নেবে। প্রার্থীরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় কমিশন সেদিকে দৃষ্টি রাখবে। একই সঙ্গে ১ ও ৩ নম্বর সেট যাঁরা পেয়েছেন তাঁদের বিষয়টিও খেয়াল রাখা হবে। পরীক্ষার্থীদের সংবাদ সম্মেলন: গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে পরীক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে বলেন, লক্ষাধিক পরীক্ষার্থী অনিশ্চতার মধ্যে আছে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ইমাউল হক সরকার, সাইদ মাহমুদ, মহিউদ্দিন, নূরে আলম সিদ্দিক, মাকসুদুজ্জামান, মোস্তাফিজুর রহমান, নজরুল ইসলাম, মাসুদ পারভেজ, আবু হানিফ প্রমুখ।পরীক্ষার্থীরা বলেন, পিএসপির চেয়ারম্যান এ দায় এড়াতে পারেন না। তিনি নিজেকে সৎ ও যোগ্য দাবি করলেও বিসিএসের মতো পরীক্ষার প্রশ্নে এত ভুল মানা যায় না। তাঁরা এ পরীক্ষা বাতিল ও ২৪ ঘণ্টার মধ্যে পিএসসির চেয়ারম্যান পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুমকি দেন।