বিজি প্রেসে লুকিয়ে রাখা ২৮ লাখ টাকা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি মাধ্যমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে বিজি প্রেসের আরেকজন কর্মচারী গতকাল গ্রেপ্তার হয়েছেন। তাঁর নাম আবদুল জলিল। তিনি অফসেট শাখার ফরমা প্রুফ প্রেসম্যান। এ সময় বিজি প্রেসের ভেতর তাঁর ব্যক্তিগত ট্রাংক ও আলমারি থেকে ২৮ লাখ টাকা উদ্ধার করে পুলিশ।পুলিশ জানিয়েছে, রংপুরে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যাঁরা রিমান্ডে আছেন, তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী জলিলকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রংপুরে নিয়ে যাওয়া হবে। জিজ্ঞাসাবাদে জানা যায়, বিজি প্রেসের কর্মচারীরাই প্রশ্নপত্র ফাঁস করেছেন। প্যান্টের বেল্টের নিচের অংশের সেলাই খুলে সেখানে প্রশ্ন লুকিয়ে বের করে আনা হতো।জিজ্ঞাসাবাদ সূত্র জানায়, শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও বিক্রির কাজের জন্য আবদুল জলিল ২৮ লাখ টাকা ভাগ পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর বাড়ি গাইবান্ধা সদরের আনালেরছড়া এলাকায়। দীর্ঘদিন ধরে তিনি বিজি প্রেসে চাকরি করছেন। তাঁর একটি সঞ্চয়ী ব্যাংক হিসাব বিশ্লেষণ করে দেখা গেছে, প্রায়ই তাঁর হিসাবে এক-দুই লাখ টাকা লেনদেন হয়েছে।কীভাবে এত টাকা পেলেন, জানতে চাইলে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় আবদুল জলিল প্রথম আলোকে বলেন, এ টি এম মোস্তফার স্ত্রী লাবণী বেগম তাঁকে জিপি প্রেসের সহকারী পরিচালক মোহাম্মদ আলীর কাছে নিয়ে গিয়েছিলেন। মোহাম্মদ আলী তাঁকে এই টাকাগুলো রাখতে বলেন। ৭ জুলাই তিনি এই টাকা এনে বিজি প্রেসে রাখেন।মোস্তফা বিজি প্রেসের কম্পোজিটর। তাঁর স্ত্রী লাবণী বিজি প্রেসের বাইন্ডার। এঁরা দুজনই গ্রেপ্তার হয়েছেন। মোস্তফা রংপুরে পুলিশের রিমান্ডে আছেন।বিজি প্রেসের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, প্রশ্নপত্র ফাঁসের এ ঘটনার মূল হোতা জিপি প্রেসের (সরকারি প্রিন্টিং প্রেস) সহকারী পরিচালক মোহাম্মদ আলী। কিন্তু এত নিরাপত্তা এড়িয়ে আবদুল জলিল কীভাবে ২৮ লাখ টাকা নিয়ে বিজি প্রেসে ঢুকলেন, সে প্রশ্নের জবাব মেলেনি। এ ঘটনায় বিজি প্রেসের পলাতক আরেক কর্মচারী শহীদুল ইসলাম ফকিরকে গ্রেপ্তার করা গেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে বলে মনে করছে পুলিশ।বিজি প্রেসের উপপরিচালক মজিবুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, এতগুলো টাকা নিয়ে কীভাবে জলিল বিজি প্রেসে ঢুকলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অন্য কোনো কর্মচারী জড়িত কি না, তাও খোঁজা হচ্ছে।মহানগর পুলিশের তেজগাঁও অঞ্চলের উপকমিশনার চৌধুরী মঞ্জুরুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল বিজি প্রেসে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার মিজানুর রহমান। পুলিশ সেখানে জলিলকে গ্রেপ্তার করে। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী বিজি প্রেসের ভেতর থেকে ২৮ লাখ টাকা উদ্ধার করা হয়। ৫০০ টাকার ৫৬টি বান্ডিলে টাকাগুলো একটি ট্রাংকে ছিল।চৌধুরী মঞ্জুরুল কবির বলেন, এত টাকা নিয়ে ওই কর্মচারী বিজি প্রেসের ভেতর ঢুকলেন কীভাবে, সেটি একটি বড় প্রশ্ন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। বিজি প্রেস থেকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সঙ্গে একটি বড় চক্র জড়িত বলে জানা গেছে। রংপুরের পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে। তাঁরা সহযোগিতা করছেন। পুরো চক্রটির সন্ধান পাওয়া যাবে বলে আশা করেন তিনি।রংপুরের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর প্রথম আলোকে বলেন, জিপি প্রেসের সহকারী পরিচালক খন্দকার মোহাম্মদ আলী পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে বিজি প্রেসের আরও দুই কর্মকর্তা জড়িত বলে মোহাম্মদ আলী জানিয়েছেন। তদন্তের স্বার্থে এখনই তাঁদের নাম প্রকাশ করা হচ্ছে না। জিজ্ঞাসাবাদে তিনি আরও জানান, ২০০৩ সাল থেকে সরকারি বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে তিনি জড়িত। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ, শুল্ক বিভাগের বিভিন্ন পদে চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি।বিজি প্রেস থেকে কীভাবে প্রশ্নপত্র ফাঁস হলো, জানতে চাইলে রংপুরের পুলিশ সুপার বলেন, বিজি প্রেসের কর্মচারীরা প্যান্টের বেল্টের নিচের অংশের সেলাই খুলে সেখানে প্রশ্নপত্র লুকিয়ে তা বের করতেন। এমন একটি প্যান্ট বিজি প্রেসের কর্মচারী শহীদুলের বাড়ি থেকে উদ্ধার করা হয়।পিএসসির কর্মকর্তা যে কারণে গ্রেপ্তার: মাধ্যমিকের প্রশ্নপত্র তৈরির কাজের সঙ্গে সরকারি কর্মকমিশনের (পিএসসি) কোনো যোগাযোগ নেই। কাজেই এ ঘটনার সঙ্গে পিএসসির প্রশাসনিক কর্মকর্তা এম এ রউফের গ্রেপ্তারের বিষয়টি নিয়ে পিএসসির কর্মকর্তাদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের উপকমিশনার চৌধুরী মঞ্জুরুল কবির প্রথম আলোকে বলেন, শুধু মাধ্যমিকের প্রশ্ন নয়, আরও অনেক প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত আছে একটি চক্র। সেই চক্রের সন্ধান করতে গিয়েই পিএসসির কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।রংপুরের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর জানান, এম এ রউফ পিএসসির আওতাধীন নিয়োগ পরীক্ষাগুলোর অনেক প্রশ্নপত্র ফাঁস করেছেন বলে জানা গেছে। রংপুরে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যাঁদের রিমান্ডে নেওয়া হয়েছে, তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী পিএসসির কর্মকর্তা এবং জিপি প্রেসের সহকারী পরিচালক মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রংপুরের বিচারিক আদালতে তাঁদের হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড চায়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।