বিজি প্রেসের অভিযুক্ত তিন কর্মচারী থানাহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্ত বিজি প্রেসের অবরুদ্ধ তিন কর্মচারী বর্তমানে থানাহাজতে। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ বেলা একটার দিকে বিজি প্রেসের প্রধান কার্যালয়ে অবরুদ্ধ অবস্থা থেকে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।অভিযুক্ত এই তিন কর্মচারী হলেন বিজি প্রেসের কম্পোজিটর শহিদুল ইসলাম ফকির, এ টি এম মোস্তফা ও তাঁর স্ত্রী বিজি প্রেসের বাইন্ডার লাবণী বেগম।আজ মঙ্গলবার সকালে তেজগাঁওয়ের বিজি প্রেসের প্রধান কার্যালয়ে তাঁরা বেতন তুলতে গেলে কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের অবরুদ্ধ করে রাখেন। এ নিয়ে সকাল থেকে সেখানে উত্তেজনা বিরাজ করে। ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা এই তিনজনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিভিন্ন স্লোগান দেন।বিজি প্রেসের কর্মকর্তা-কর্মচারীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে শহীদুল, মোস্তফা ও লাবণী বকেয়া বেতন তোলার জন্য বিজি প্রেসে যান। কিন্তু কর্মকর্তা-কর্মচারীরা তাদের দেখেই ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় অনেকেই তাদের ওপর হামলার চেষ্টা করে। পুরো বিজি প্রেসে সৃষ্টি হয় উত্তেজনা। খবর দেওয়া হয় পুলিশে। একপর্যায়ে র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হন।ঘটনাস্থলে উপস্থিত একজন কম্পোজিটর প্রথম আলোকে বলেন, ‘আমরা অনেক কর্মচারী ওই তিনজনকে ঘিরে ধরি। আমরা তাদের বলি, বিজি প্রেসের সব কর্মকর্তা-কর্মচারীর মানসম্মান নষ্ট করেছ তোমরা। তোমাদের কারণেই এখানকার কর্মকর্তা-কর্মচারীরা কোথাও নিজেদের পরিচয় দিতে পারে না। আবার তোমরা কেন এখানে এসেছ? এ সময় ক্ষুব্ধ কর্মচারীরা তাদের দিকে তেড়ে যায়। কিন্তু পুলিশ ওই তিনজনকে আটক করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নিয়ে যায়।’বিজি প্রেসের উপপরিচালক মো. জাকির হোসেন প্রথম আলোকে জানান, ওই তিনজনই এখনো সাময়িকভাবে বরখাস্ত। তবে বরখারস্তকালীনও তাঁরা অর্ধেক বেতন পান। সেই টাকা তুলতে এসে ওই তিনজন সবার রোষানলে পড়েন। পরে পুলিশ এসে তাঁদের নিয়ে যায়।২০১০ সালের ৮ জুলাই রংপুরের গঙ্গাচড়া উপজেলার খলেয়া ইউনিয়নে অবস্থিত বিনোদন-কেন্দ্র ভিন্নজগত্ থেকে মাধ্যমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রসহ ১৬৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনা তদন্ত করতে গিয়ে পুলিশ বিজি প্রেসের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর জড়িত থাকার প্রমাণ পায়। এর পর পুলিশ মোস্তফা ও লাবণীকে গ্রেপ্তার করে। তবে শহীদুল দীর্ঘদিন পলাতক ছিলেন।