বিজি প্রেসের গোপন শাখা বিশৃঙ্খল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্রসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিভিন্ন দলিল ছাপা হয় সরকারি ছাপাখানা বিজি প্রেসের গোপনীয় শাখা থেকে। কিন্তু সেই গোপনীয় শাখার নিরাপত্তায় যেমন অসংখ্য ত্রুটি ছিল, তেমনি সেখানে কোনো প্রশাসনিক নিয়ন্ত্রণ বা শৃঙ্খলাও ছিল না।সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গঠিত বিজি প্রেসের তদন্ত কমিটি তাদের অনুসন্ধান ও বিজি প্রেসের গোপনীয় শাখার কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য জানতে পেরেছে। কমিটির তদন্ত প্রতিবেদনে এসব সমস্যার কথা উল্লেখ করে দ্রুত বিজি প্রেসের শৃঙ্খলা ফিরিয়ে আনার সুপারিশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে মুদ্রণ, লেখসামগ্রী, ফরম ও প্রকাশনা পরিদপ্তরের মহাপরিচালকের কাছে ওই প্রতিবেদন জমা দেওয়া হয়।প্রতিবেদনে বলা হয়, গোপনীয় শাখায় দীর্ঘদিন ধরে কোনো শৃঙ্খলা নেই। প্রশ্নপত্র ছাপানোর সময়ই একই মেশিনে গোপনীয় শাখায় ছাপা হতো নানা ধরনের গেজেট। এসব গেজেট যখন-তখন বাইরে নেওয়া হতো। ওই শাখায় কোনো কর্মকর্তা থাকতেন না। ফলে কর্মচারীদের ওপর কারও কোনো নিয়ন্ত্রণ ছিল না। নিষেধ থাকার পরও গোপনীয় শাখার ভেতরে অবাধে চলাচল করতেন কর্মীরা। কোনো তল্লাশি ছাড়াই তাঁরা যখন-তখন গোপনীয় শাখা থেকে বের হতেন, ঢুকতেন। এমনকি সিগারেট খাওয়ার মতো তুচ্ছ কারণেও কর্মচারীরা শাখা থেকে বের হতেন।তদন্ত কমিটির প্রধান ছিলেন মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক আবুল কাসেম। বিজি প্রেসের উপপরিচালক মজিবুর রহমান, অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) আতিকুল ইসলাম, জিপি প্রেসের উপপরিচালক আবু ইউসুফ এবং বাংলাদেশ স্টেশনারি অফিসের উপপরিচালক নিতাই পদ দাস কমিটির সদস্য ছিলেন। ১০ কার্যদিবসে ৪৭ জনের সাক্ষ্য নিয়ে কমিটি প্রতিবেদন দিয়েছে। কমিটির প্রধান আবুল কাসেম গতকাল প্রথম আলোকে বলেন, কমিটির সব সদস্য একমত পোষণ করে বলেছেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে কারা জড়িত, কীভাবে তাঁরা এসব অপরাধ করেছেন, কীভাবে অর্থ লেনদেন হয়েছে—এসব বিষয় চিহ্নিত করার দায়িত্ব পুলিশের। তদন্ত কমিটি শুধু বিজি প্রেসের ত্রুটিগুলো বের করার চেষ্টা করেছে, যেসব কারণে প্রশ্নপত্র ফাঁস হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে প্রশ্নপত্র ফাঁস রোধে সুনির্দিষ্ট কিছু সুপারিশ করেছে কমিটি। আবুল কাসেম বলেন, বিজি প্রেসের গোপনীয় শাখায় শৃঙ্খলার যথেষ্ট অভাব ছিল। সেখানে প্রায় দেড় শ কর্মচারী কাজ করতেন। তাঁদের যিনি নিয়ন্ত্রণ করতেন, তিনিও কর্মচারী। ফলে সেখানে কোনো শৃঙ্খলা ছিল না। গোপনীয় শাখার নিরাপত্তাজনিত অনেক ত্রুটিও ছিল। তল্লাশির কাজটি ঠিকমতো হতো না। এসবের সমাধান কী, জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, কমিটি তাদের প্রতিবেদনে বলেছে, গোপনীয় শাখায় শৃঙ্খলা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ খুবই জরুরি। এ ছাড়া যেসব সুপারিশ করা হয়েছে, সেগুলো বাস্তবায়িত হলে ভবিষ্যতে প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ থাকবে না। গোপনীয় শাখায় হ-য-ব-র-ল: তদন্ত প্রতিবেদনে বলা হয়, নীতিমালা অনুযায়ী একজন কর্মচারীর দিনের শুরুতে শাখায় প্রবেশ করার কথা। কাজ শেষে একবারে রাতে তিনি বের হবেন। কিন্তু এই নিয়ম মানা হয়েছে, এমন দিনের সংখ্যা হাতে গোনা। গোপনীয় শাখায় বাইন্ডিং, কাটিং, ছাপা, প্রুফসহ অনেকগুলো শাখা আছে। এক শাখার কর্মচারীর অন্য শাখায় যাওয়ার নিয়ম নেই। কিন্তু কর্মচারীরা অবাধে চলাচল করতেন। এ ছাড়া চিকিৎসা বা অতিমাত্রায় জরুরি কোনো প্রয়োজন না হলে এই শাখার কর্মচারীদের কোনো ছুটি নেওয়ার কথা নয়। কিন্তু অপ্রয়োজনেও গোপনীয় শাখার কর্মচারীরা এত দিন ছুটি নিয়েছেন।অধিদপ্তরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গোপনীয় শাখায় শৃঙ্খলা ফিরিয়ে আনা খুব জরুরি। সেখানকার সার্বিক কাজ তত্ত্বাবধানের জন্য একটি প্রথম শ্রেণীর এবং দুটি দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার পদ সৃষ্টির সুপারিশ করেছে কমিটি। এ ছাড়া অন্তর্বর্তীকালীন সময়ের জন্য একজন প্রথম শ্রেণীর এবং দুজন দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। কমিটি তাদের সুপারিশে গোপনীয় শাখার কর্মীদের চিকিৎসা বাদে অন্য কোনো কারণে ছুটি বাতিলের সুপারিশ করেছে।নিরাপত্তা ত্রুটি সমাধানে সুপারিশ: গোপনীয় শাখার জন্য একটি সুদৃঢ় নিরাপত্তাবলয় সৃষ্টির পরামর্শ দিয়েছে কমিটি। এ জন্য বিজি প্রেসে অন্তত ৩০ জন নিরাপত্তারক্ষী নিয়োগ এবং গোপনীয় শাখায় প্রতি পালায় পাঁচজন করে নিরাপত্তাকর্মী নিয়োগের কথা বলা হয়। কমিটি সাধারণ পুলিশের বদলে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) নিয়োগের প্রস্তাব করেছে।কমিটির সদস্য আবু ইউসুফ জানান, কমিটি গোপনীয় শাখার গেটে একটি পেপার ডিটেকটিং মেশিনও স্থাপনের কথা বলেছে, যাতে কেউ কোনো কাগজ নিয়ে বের হলেই ধরা পড়ে। এ ছাড়া গোপনীয় শাখার ব্যবহারিক ও মুদ্রিত মালামাল বাইরে না এনে সেখানেই সংরক্ষণের সুপারিশ করা হয়েছে। সিসিটিভির আওতা বাড়ানোর পরামর্শ: পোশাক বদলের জায়গা ও প্রধান ফটকসহ গোপনীয় শাখার বেশ কিছু জায়গা সিসিটিভির আওতার বাইরে। আবুল কাসেম বলেন, কে কোন পোশাক পরছে, তা দেখা খুব জরুরি। এ কারণেই কমিটি গোপনীয় শাখার প্রতিটি অংশকে সিসিটিভির আওতায় আনার সুপারিশ করেছে। এই কার্যক্রম তত্ত্বাবধানের জন্য একজন আলাদা কর্মকর্তা নিয়োগেরও সুপারিশ করা হয়েছে।পোশাক বদলানোর পরামর্শ: মাধ্যমিকের প্রশ্নপত্র প্যান্টের মধ্যে দিয়েই বের হয়েছে বলে ধারণা করছে কমিটি। এ কারণে গোপনীয় শাখার কর্মীদের বর্তমান পোশাক বদলানোর সুপারিশ করেছে কমিটি। কমিটি মনে করছে, বর্তমানে কলারওয়ালা যে শার্ট আছে, তাতে করে প্রশ্নপত্র বের করা সম্ভব। তাই এখন থেকে কলারবিহীন জামার কথা বলা হয়েছে।তদন্ত কমিটির সদস্য আবু ইউসুফ বলেন, জামা ও প্যান্টের কোনো অংশে আধা সেন্টিমিটারের বেশি ভাঁজ থাকতে পারবে না। কারণ ভাঁজ থাকলেই তাতে করে কিছু লুকিয়ে নেওয়ার সুযোগ থাকে। এ ছাড়া প্যান্টের কোমরেও ভাঁজের বদলে চিকন ইলাস্টিক ব্যবহারের কথা বলা হয়েছে।স্বয়ংসম্পূর্ণ করতে হবে: গোপনীয় শাখার জন্য যন্ত্রপাতি আনা হতো বিভিন্ন শাখা থেকে। এসব যন্ত্রপাতির অধিকাংশই অনেক পুরোনো। এগুলো প্রায়ই নষ্ট হতো। এগুলো ঠিক করার জন্য লোক আনতে হতো বাইরে থেকে। এ জন্য কমিটি গোপনীয় শাখাকে একটি স্বয়ংসম্পূর্ণ শাখা হিসেবে প্রতিষ্ঠার সুপারিশ করেছে। পুলিশি যাচাই: পুলিশের গোপন প্রতিবেদন ছাড়া কোনো ব্যক্তিকে গোপনীয় শাখায় নিয়োগের নিয়ম নেই। কিন্তু বছরের পর বছর ধরে যাচাই না করেই গোপনীয় শাখায় নিয়োগ হয়েছে।তদন্ত কমিটির প্রধান আবুল কাসেম বলেন, কমিটি গোপনীয় শাখায় কাজ করার জন্য ৩০০ কর্মচারীর একটি প্যানেল তৈরির সুপারিশ করেছে। এদের চরিত্র ও আচরণ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা দিয়ে নিয়মিত যাচাই করতে হবে। এদের মধ্য থেকেই প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে লোক নিয়োগ করতে হবে।