বিজিএমইএ ক্ষমা চেয়েছে, গণমাধ্যমকেও দুষেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় নিজেদের দায় স্বীকার করে এ জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতারা। তবে সংগঠনটির সাধারণ সদস্যরা ক্ষুব্ধ গণমাধ্যমের ওপর। তাঁরা মনে করছেন, বিষয়টি নিয়ে গণমাধ্যম বাড়িয়ে বলছে। এতে পোশাকমালিকেরা সমাজে হেয় হচ্ছেন। বিজিএমইএ গতকাল বৃহস্পতিবার তৈরি পোশাকশিল্পের উদ্ভূত পরিস্থিতি বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করলে এসব কথা বলা হয়। বিকেলে রাজধানীতে বিজিএমইএ ভবনের নিজস্ব মিলনায়তনে প্রায় আড়াই ঘণ্টা ধরে এই সভা চলে। এতে সভাপতিত্ব করেন বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন। সভায় সংগঠনটির সহসভাপতি ফারুক হাসান বলেন, ‘এই ঘটনায় মারা যাওয়া ৫৩ জন শ্রমিকের পরিচয় আমরা উদ্ধার করতে পারিনি। তাই তাঁদের বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। এই দায় আমাদের। আমরা এসব শ্রমিকের পরিচয় নিশ্চিত করতে পারিনি। এ জন্য জাতির কাছে ক্ষমাপ্রার্থী।’ সংগঠনটির দ্বিতীয় সহসভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা যাঁরা শিল্প মালিক তাঁরা কারখানা করার সময় অনেক কিছুই দেখি না। কিন্তু এটা সবার মনে রাখা উচিত, কারও জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারও নেই।’ বিজিএমইএর নেতারা ঘটনার দায় স্বীকার করে ক্ষমা চাইলেও সাধারণ সদস্যদের অনেকে এই ঘটনার পরবর্তী গণমাধ্যমের ভূমিকার তীব্র বিষোদ্গার করেন। পাশাপাশি সভার পরামর্শক্রমে বেশ কিছু সিদ্ধান্তও গ্রহণ করেছে বিজিএমইএ। এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে, সারা দেশের তৈরি পোশাক কারখানার নিরাপত্তাব্যবস্থা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়গুলো খতিয়ে দেখতে একটি উচ্চক্ষমতার টাস্কফোর্স গঠন, অচিরেই সার্ভিস বুক চালু এবং নিরাপত্তা নিশ্চিত করতে শ্রমিকের আঙুলের ছাপ সংরক্ষণ। এ ছাড়া তৈরি পোশাকশিল্পের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয় এই সভায়। এসব সুপারিশ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেন সংগঠনের নেতারা। সভায় বিজিএমইএর পরিচালক সাদাত হোসেন চৌধুরী বলেন, ‘ঘটনার পর বিভিন্নভাবে আমাদের হেয় প্রতিপন্ন করা হচ্ছে। দেশের মিডিয়াগুলোতেও আমাদের চরমভাবে হেয় করা হচ্ছে। টেলিভিশন টকশোতে কেউ কেউ আমাদের খুনি বলে আখ্যায়িত করছেন। এতে করে আমরা সামাজিকভাবে এবং পরিবারের কাছেও হেয় হতে হচ্ছে।’বিজিএমইএর সদস্য ও ফ্যালকন গার্মেন্টসের পরিচালক মাহতাবউদ্দিন আহমেদ বলেন, ‘ঘটনার পর গণমাধ্যমগুলো অনেক কিছু বাড়িয়ে করেছে। জাতিকে উত্তপ্ত করার চেষ্টা করেছে।’ আরেক সদস্য রেজাউল আলম বলেন, ‘টকশোগুলোতে আমাদের আসামির কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। গণমাধ্যম আমাদের বিপক্ষে চলে যাচ্ছে।’ সদস্যদের এমন বক্তব্যের সময় সভার সভাপতি সদস্যদের প্রতি অনুরোধ করেন, ‘কারও সমালোচনা নয়, আত্মোপলব্ধির কথা বলেন। নিজেদের সমস্যার কথা বলেন।’পরে সভাপতি সফিউল ইসলাম বলেন, ‘আমরা আমাদের ভুলগুলো শোধরাতে চাই। এর মাধ্যমে এই শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনতে চাই। ভালো কাজ করে আমাদের মন্দকে বিতাড়িত করতে হবে। গত তিন বছরে এ খাতের প্রায় ১৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। কিন্তু আমরা তো সেই অনুপাতে মধ্যম সারির ব্যবস্থাপনার (মিড লেভেল ম্যানেজমেন্ট) উন্নতি ঘটাতে পারিনি।’ শান্তিপূর্ণভাবে পুরো পরিস্থিতি মোকাবিলার জন্য বিজিএমইএর সভাপতি দেশের সব পোশাকশ্রমিকের প্রতি আহ্বান এবং কারও উসকানিতে কান না দেওয়ারও অনুরোধ জানান। বিজিএমইএর সদস্য সেলিম খান বলেন, ‘কোনোভাবেই আমরা এই মৃত্যুর দায় এড়াতে পারব না। আমরা নিজেরা যদি একটু সচেতন হই, তাহলে এই শিল্পের বিদ্যমান অনেক সমস্যাই থাকবে না।’ বিজিএমইএর পরিচালক আতিকুল ইসলাম বলেন, ‘আমরা এখন মহা বিপদে আছি। একই সঙ্গে ভীতও। সময় এসেছে ক্রেতার ভয়ে কারখানার পরিবেশ বা নিরাপত্তাব্যবস্থা উন্নতির জন্য কাজ না করে নিজেদের বিবেকের ভয়ে কাজ করার।’ সংগঠনটির পরিচালক এস এম মান্নান গণমাধ্যমকে উদ্দেশ করে বলেন, এমন কিছু আপনারা করবেন না, যাতে দেশ ক্ষতিগ্রস্ত হয়। এই শিল্পের সঙ্গে জড়িত তিন হাজার মালিক কোনো ব্যাপার নয়। এই শিল্পের সঙ্গে দেশের অর্থনীতি জড়িত। সভা শেষে বিজিএমইএর সভাপতি এই শিল্পের সমস্যা চিহ্নিতকরণে টাস্কফোর্স গঠনের কথা জানিয়ে বলেন, টাস্কফোর্সের প্রতিবেদনের ভিত্তিতে কারখানাগুলোকে সমস্যা সমাধানে সময় বেঁধে দেওয়া হবে। ওই সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে কারখানা বন্ধের ব্যবস্থা নেওয়া হবে। তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের ঘটনার পর আসন্ন বাটেক্সপো মেলা উপলক্ষে আয়োজিত বাটেক্সপো নাইট বাতিলের দাবি জানান উপস্থিত অনেক সদস্য। জরুরি এই সাধারণ সভায় উপস্থিত বেশ কয়েকজন পোশাকশিল্প মালিক তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে নিহত ৩৪টি পরিবারের দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন। বিজিএমইএ জানিয়েছে, গত দুই দিনে প্রায় ৭০টি পরিবারের দায়িত্ব গ্রহণের নিশ্চয়তা তাঁরা বিভিন্ন মালিকের কাছ থেকে পেয়েছেন।