বিজিএমইএ ভবন অপসারণের দাবি
বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) হাতিরঝিলের বেগুনবাড়ি খালের ওপর জলাধার ভরাট করে, আইনের তোয়াক্কা না করে অবৈধ ভবন নির্মাণ করেছে। এটি অপসারণে হাইকোর্ট নির্দেশ দিলেও তা মানা হয়নি। ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতিরঝিল প্রকল্পের উদ্বোধনের আগেই এ অবৈধ ভবন অপসারণ করতে হবে।আজ শুক্রবার সকালে বিজিএমইএ ভবন অপসারণের দাবিতে ভবনের সামনে ইনিশিয়েটিভ ফর পিস (আইএফপি) আয়োজিত এক মানববন্ধন ও নাগরিক সমাবেশে বক্তারা এসব দাবি জানান।মানববন্ধনে প্রধান বক্তা নদী গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ও কলাম লেখক ম. ইনামুল হক বলেন, আইন বলছে, বিজিএমইএ ভবন অবৈধ। এটি দেশের একটি কলঙ্ক হিসেবে দাঁড়িয়ে আছে। এ ভবন উচ্ছেদে ঢাকা সিটি করপোরেশন বা রাজউক কোনো প্রতিষ্ঠানই কাজ করেনি। এই ভবন নির্মাণ করা হয়েছে প্রতারণা করে। প্রতারণার এখানেই শেষ নয়; এই ভবনের বিভিন্ন তলা বিক্রি করে দিয়ে তাঁরা আবারও প্রতারণা করেছেন। সরকারের শেষ সময়ে প্রধানমন্ত্রী এই ভবন উচ্ছেদ ও অপসারণের কাজ করে কিছু ভালো কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন ম. ইনামুল হক।আইএফপির চেয়ারম্যান মুহাম্মদ শফিকুর রহমান বলেন, এই ভবন অনিয়ম, দুর্নীতি ও দখলদারির প্রতীক। এটি অপসারণ করে খালকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে।বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) উপদেষ্টা আবদুল হাই মজুমদার বলেন, বিদেশিরা যখন জানবে বিজিএমইএ ভবন অবৈধ, তখন এ দেশের পোশাকশিল্পের প্রতি চরম নেতিবাচক ধারণা তৈরি হবে। তাই এই শিল্পের স্বার্থেই তাদের এ ভবন ছেড়ে যাওয়া উচিত।মানববন্ধনে বিজেএমইএ ভবনের পাশাপাশি হাতিরঝিল প্রকল্পের ওপর অবৈধ স্থাপনা, মসজিদও অপসারণের দাবি জানানো হয়।মানববন্ধনে আইএফপির মহাসচিব ইফমা হোসাইন, গ্রিন ক্লাব অব বাংলাদেশের সাধারণ সম্পাদক আশিষ কুমার, সেবার নির্বাহী মো. নুরুদ্দিন, গ্রিন মাইন্ড সোসাইটির সভাপতি আমির হাসান প্রমুখ বক্তব্য দেন।