বিজিএমইএ ভবন অপসারণের দাবিতে পরিবেশবাদীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাতিরঝিলে অবস্থিত বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর ভবনটি অপসারণের দাবিতে আজ শুক্রবার মানববন্ধন করেছেন পরিবেশবাদীরা। বিজিএমইএ ভবনের সামনে তাঁদের কর্মসূচিটি পালিত হয়।বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আবদুল মতিনের সভাপতিত্ব মানববন্ধনে বক্তরা বলেন, হাতিরঝিল-বেগুনবাড়ী সমন্বিত উন্নয়ন প্রকল্পে বিজিএমইএ ভবনটি ‘বেআইনি দখলদারিত্বের নির্লজ্জ প্রতীক’ হিসেবে দাঁড়িয়ে আছে। তাঁরা অবিলম্বে সেটি অপসারণের দাবি জানান।বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বিশদ উন্নয়ন পরিকল্পনা (ড্যাপ) বাস্তবায়নের কথা বলেছেন। ড্যাপ বাস্তবায়ন করতে হলে বিজিএমইএ ভবনসহ রাজউকের অনুমোদনহীন সব স্থাপনা অপসারণ করতে হবে।বক্তরা বলেন, হাতিরঝিল-বেগুনবাড়ীর আধুনিক, সুবিন্যস্ত বিনোদন-বান্ধব প্রকল্প নিয়ে রাজধানীবাসীর মধ্যে স্বপ্ন তৈরি হয়েছে। সেই স্বপ্ন পূরণে বিজিএমইএ ভবন বড় বাধা। এভাবে জনগণের স্বপ্ন ভাঙতে পারে না। বিজিএমইএ ভবনটি থাকলে প্রকল্পে লেকের পানি প্রবাহ বাধাগ্রস্ত হবে। আর বেশি বৃষ্টি হলে লেকের পানি উপচে রাস্তা ডুুবিয়ে দেবে। এতে প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হবে। ভবনটি রাখলে সরকারের যে অতিরিক্ত ১০০ কোটি টাকা ব্যয় হবে, ভবনটি অপসারণ করে সেই ব্যয়ভার থেকে দরিদ্র জাতিকে মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়। তাঁরা রাজধানীর ৪৩টি খাল দখলমুক্ত করারও দাবি জানান।মানববন্ধন কর্মসূচিতে নগরায়ণ ও সুশাসন কর্মসূচি কমিটির সদস্যসচিব ইকবাল হাবিব, বাপার যুগ্ম সম্পাদক জাকির হোসেন, সেবার নির্বাহী পরিচালক মোহাম্মদ নূর উদ্দিন, গ্রিন ভয়েজের সমন্বয়ক আলমগীর কবির, সিটিজেন রাইটস মুভমেন্টের মহাসচিব তুষার রেহমান প্রমুখ বক্তব্য দেন।